খুঁজুন
                               
, ,
           

মুসলিম ঐক্যের আহ্বান ইরানের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
মুসলিম ঐক্যের আহ্বান ইরানের প্রেসিডেন্টের

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বের মুসলিম দেশগুলোর নেতা ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

এ উপলক্ষে দেওয়া এক বার্তায় মহানবী (সা.)-কে মানবিক পূর্ণতার সর্বোচ্চ আদর্শ এবং সমগ্র মানবতার পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেন তিনি।

পেজেশকিয়ান বলেন, মহানবী (সা.) সমগ্র মানবতার জন্য শান্তি ও নিরাপত্তার বার্তা নিয়ে এসেছিলেন। তার ধর্ম শান্তির ওপর প্রতিষ্ঠিত এবং তিনি সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে আবির্ভূত হয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, মহানবী (সা.)-এর মহৎ চরিত্র নৈতিকতা ও সৎ গুণাবলির সর্বোত্তম প্রতিফলন। ক্রমেই জটিল হয়ে ওঠা বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় তার জীবন ও আদর্শ মানবতার জন্য পথনির্দেশনা দিতে পারে।

তিনি মুসলিমদের প্রতি মহানবী (সা.)-এর জীবন ও শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে ইসলামী উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি আরও জোরদার করার আহ্বান জানান।

একই সঙ্গে মহানবী (সা.)-এর প্রচারিত মূল্যবোধ অনুসরণ করে বিশ্বজুড়ে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে নিরাপত্তা, ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার আহ্বান জানান পেজেশকিয়ান।

ইরানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, বিশ্বের মুসলমানদের অভিন্ন বিশ্বাস, দৃঢ়তা ও সংকল্প মুসলিম উম্মাহর সদস্যদের মধ্যে আরও বেশি ঐক্য ও সংহতি গড়ে তুলবে। পাশাপাশি বিশ্বজুড়ে ইসলামের অগ্রগতি ও বিকাশেও তা ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

কালের আলো/এসএ

বিজ্ঞানে ফেল করেছিলেন অমিতাভ, পরে পেশা হিসেবে বেছে নেন অভিনয়

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ
বিজ্ঞানে ফেল করেছিলেন অমিতাভ, পরে পেশা হিসেবে বেছে নেন অভিনয়

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন অভিনয় জগতে পা রাখার আগে ‘ইন্ডিয়ান ফরেন সার্ভিস’ (আইএফএস) বা পররাষ্ট্র সেবায় যোগ দেওয়ার কথা ভেবেছিলেন। এমনকি সিভিল সার্ভিস পরীক্ষায় বসার পরিকল্পনাও ছিল তার। তবে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে গিয়ে একপর্যায়ে পরীক্ষায় ফেলও করেছিলেন এই কিংবদন্তি অভিনেতা।

সম্প্রতি জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) ১৮-এর মঞ্চে নিজের ছাত্রজীবন ও পড়াশোনার সংগ্রামের স্মৃতিচারণ করতে গিয়ে এসব তথ্য জানান অমিতাভ।

কেবিসির মঞ্চে প্রতিযোগী প্রগতি কল্পেকরের সঙ্গে কথোপকথনের সময় বিষয়টি সামনে আসে। প্রগতি জানান, শো থেকে পাওয়া পুরস্কারের অর্থ তিনি উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া এবং ভবিষ্যতে আইএফএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন পূরণে ব্যবহার করতে চান।

প্রতিযোগীর এই স্বপ্নের কথা শুনে নিজের ছাত্রজীবনের কথা স্মরণ করেন অমিতাভ। তিনি জানান, পরিবারে স্নাতক ডিগ্রিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হতো। সে কারণে তিনি বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন।

তবে ক্লাস শুরু হওয়ার পরই বুঝতে পারেন, বিষয়টি তার জন্য বেশ কঠিন। স্মৃতিচারণ করে অমিতাভ বলেন, স্কুলে ১০ বছর ধরে যা পড়েছিলেন, বিজ্ঞানের প্রথম লেকচারেই যেন তার অনেকটাই শেষ হয়ে গিয়েছিল। তখনই তিনি বুঝতে পারেন, বিজ্ঞান নিয়ে পড়ার সিদ্ধান্তটি তার জন্য ভুল ছিল।

অমিতাভ জানান, বিজ্ঞান বিভাগের একটি পরীক্ষায় তিনি ফেলও করেছিলেন। পরে খুব সামান্য নম্বরে পরীক্ষায় পাস করেন। বিষয়টি নিয়ে অনুষ্ঠানে রসিকতাও করেন তিনি।

সিভিল সার্ভিসে যোগ দেওয়ার প্রাথমিক ইচ্ছা এবং বিজ্ঞান বিভাগে পড়াশোনার সংগ্রাম পেরিয়ে শেষ পর্যন্ত অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন অমিতাভ বচ্চন। দীর্ঘ অভিনয়জীবনে তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন।

কালের আলো/এসএ

প্রতারণার অভিযোগ ‘ভিত্তিহীন’, মামলা খারিজ চান সেলেনা গোমেজ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
প্রতারণার অভিযোগ ‘ভিত্তিহীন’, মামলা খারিজ চান সেলেনা গোমেজ

মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান ‘ওয়ান্ডারমাইন্ড’ ঘিরে আইনি জটিলতায় মুখ খুলেছেন হলিউড তারকা সেলেনা গোমেজ। প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের করা প্রতারণার অভিযোগ অস্বীকার করে মামলাটি খারিজের আবেদন করেছেন তার আইনজীবীরা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে মা ম্যান্ডি টিফির সঙ্গে মিলে ‘ওয়ান্ডারমাইন্ড’ প্রতিষ্ঠা করেন সেলেনা গোমেজ। প্রতিষ্ঠানটির সাবেক ব্যবসায়িক অংশীদার ড্যানিয়েলা পিয়ারসনও এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন।

মামলায় কয়েকজন বিনিয়োগকারী অভিযোগ করেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, সম্পদ ও অবকাঠামো নিয়ে তাদের বছরের পর বছর ভুল তথ্য ও মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এসব আশ্বাসের ভিত্তিতে তারা প্রতিষ্ঠানটিতে প্রায় ১২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেন।

বিনিয়োগকারীদের মামলায় প্রতারণা, চুক্তি লঙ্ঘন এবং সিকিউরিটিজ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। মামলায় সেলেনা গোমেজ, তার মা ম্যান্ডি টিফি এবং সাবেক ব্যবসায়িক অংশীদার ড্যানিয়েলা পিয়ারসনকে আসামি করা হয়েছে।

তবে অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করেছেন সেলেনার আইনজীবী ম্যাথিউ এস. রোজেনগার্ট। তিনি বলেন, সেলেনা কোনো ধরনের প্রতারণা বা অসদাচরণ করেছেন—এমন ধারণা অযৌক্তিক।

তিনি আরও জানান, মামলাটি খারিজের আবেদনের পাশাপাশি সেলেনাকে অন্যায়ভাবে মামলায় জড়ানোর অভিযোগে অন্যান্য আইনি প্রতিকারের বিষয়ও বিবেচনা করা হচ্ছে।

বিনিয়োগকারীদের অভিযোগ, ‘ওয়ান্ডারমাইন্ড’কে মানসিক সুস্থতা নিয়ে কাজ করা একটি উচ্চাভিলাষী প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপন করা হয়েছিল। প্রতিষ্ঠানটির পরিকল্পনায় ছিল একটি মোবাইল অ্যাপ, বিজ্ঞাপনভিত্তিক চুক্তি এবং তারকাদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের কনটেন্ট। সেলেনা গোমেজ প্রতিষ্ঠানটির বিপণন কার্যক্রমে সরাসরি যুক্ত থাকবেন বলেও বিনিয়োগকারীদের জানানো হয়েছিল বলে মামলায় দাবি করা হয়েছে।

তবে তাদের অভিযোগ, এসব পরিকল্পনার অনেকগুলোই শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। পাশাপাশি প্রতিষ্ঠানটির অব্যবস্থাপনা ও গুরুতর আর্থিক সংকটের বিষয়েও বিনিয়োগকারীদের সঠিক তথ্য দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে।

মামলায় আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সম্পর্কে বিনিয়োগকারীরা পরে ‘ফোর্বস’ ও ‘দ্য কাট’-এ প্রকাশিত দুটি প্রতিবেদনের মাধ্যমে জানতে পারেন।

অন্যদিকে, সেলেনা গোমেজের আইনজীবীদের দাবি, মামলায় এমন কোনো নির্দিষ্ট মিথ্যা বক্তব্যের উল্লেখ নেই, যা সেলেনা ব্যক্তিগতভাবে বিনিয়োগকারীদের কাছে দিয়েছেন। আদালতে দেওয়া আবেদনে আরও বলা হয়েছে, তিনি ‘ওয়ান্ডারমাইন্ড’-এর পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন না।

আইনি নথি অনুযায়ী, প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব নেওয়ার বিষয়ে সেলেনা কখনো সম্মতি দেননি। এমনকি ‘ওয়ান্ডারমাইন্ড’-এ তার সংখ্যালঘু মালিকানাও ছিল না। তাকে মূলত পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং ‘চিফ সোশ্যাল ইমপ্যাক্ট অফিসার’ পদে দায়িত্ব দেওয়া হয়েছিল।

সেলেনার আইনজীবীদের আবেদনে বলা হয়েছে, তার বিরুদ্ধে করা অভিযোগগুলো অস্পষ্ট, সাধারণ ও পরস্পরবিরোধী। তাই আইনগতভাবে তাকে এই মামলা থেকে বাদ দেওয়া উচিত।

আইনি নথি অনুযায়ী, ম্যান্ডি টিফি ও ড্যানিয়েলা পিয়ারসনই প্রতিষ্ঠানটির যৌথ প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে ‘ওয়ান্ডারমাইন্ড’ পরিচালনা করতেন।

কালের আলো/এসএ

শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাসনুভা তিশা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাসনুভা তিশা

শুটিং শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে নিজের ফেসবুক লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান তিনি।

তাসনুভা তিশা জানান, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরছিলেন তিনি। ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছে তাদের বহনকারী গাড়িটির সঙ্গে একটি পিকআপের সংঘর্ষ হয়।

লাইভে তিশা বলেন, ‘শ্রীমঙ্গল থেকে শুটিং শেষ করে আমরা ঢাকা ফিরছিলাম। ভৈরব ব্রিজ ক্রস করার পর টোল প্লাজার কাছে একটি পিকআপ আমাদের গাড়িকে ধাক্কা দিয়ে চলে যায়।’

পরে মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নিয়ে সেটি আটকানো হয় বলে জানান অভিনেত্রী।

দুর্ঘটনায় গাড়িটির ক্ষতি হলেও তাসনুভা তিশা ও তার সঙ্গে থাকা অন্যদের কেউ হতাহত হননি। দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘খুবই বাজে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি।’

এদিকে, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে বলেও জানান তিশা।

কালের আলো/এসএ