১০১ রান করেও সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশ
লিগ পর্বে ছয় ম্যাচের পাঁচটিতেই দাপুটে জয়। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবেই সেমিফাইনালে নেমেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট। কিন্তু নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১০১ রানে গুটিয়ে যায় দল।
তবে ছোট লক্ষ্য রক্ষা করতে গিয়ে বোলারদের দুর্দান্ত লড়াইয়ে ম্যাচ জমে ওঠে। শেষ ওভারে জয়ের জন্য ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির প্রয়োজন ছিল মাত্র ১ রান, বাংলাদেশের প্রয়োজন ছিল ২ উইকেট। শেষ পর্যন্ত দুই বল হাতে রেখে ১ উইকেটে জয় পায় ভিক্টোরিয়া, বিদায় নেয় বাংলাদেশ এইচপি।
১০২ রানের লক্ষ্য তাড়ায় ভিক্টোরিয়া শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল। একপর্যায়ে ৪ উইকেটে তাদের সংগ্রহ ছিল ৭৫ রান। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে বাংলাদেশের বোলাররা। মাত্র ২৪ রানের মধ্যে চার উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে এইচপি।
শেষ ওভারে উত্তেজনা চরমে ওঠে। প্রথম বলেই রানআউটে টড মার্ফি ফিরলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা তৈরি হয়। পরের দুই বলে কোনো রান না হওয়ায় ম্যাচ সুপার ওভারে যাওয়ার সম্ভাবনাও দেখা দেয়।
তবে চতুর্থ বলে সেই সম্ভাবনা শেষ করে দেন লিয়াম ব্ল্যাকফোর্ড। পয়েন্ট অঞ্চলের ওপর দিয়ে বাউন্ডারি মেরে দুই বল হাতে রেখেই ভিক্টোরিয়ার জয় নিশ্চিত করেন বাঁহাতি এই ব্যাটার।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। জিসান আলম ও আরিফুল ইসলামের ব্যাটে পাওয়ার প্লের ছয় ওভারে ১ উইকেটে ৫৬ রান তোলে এইচপি। জিসান ২০ বলে ৩০ এবং আরিফুল ১০ বলে ১৯ রান করেন।
তবে পাওয়ার প্লে শেষ হওয়ার পরই দ্রুত ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। সাব্বির রহমান করেন ৫ রান। মিডল অর্ডারের অন্য ব্যাটাররাও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইন ১০ ও আবু হায়দার রনি ১২ রান করায় কোনোভাবে ১০০ পার করে বাংলাদেশ।
ভিক্টোরিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন উইল সাদারল্যান্ড। তিনি একাই নেন ৪ উইকেট।
ছোট পুঁজি নিয়েও অবশ্য লড়াই চালিয়ে যান বাংলাদেশের বোলাররা। সবচেয়ে উজ্জ্বল ছিলেন স্পিনার মোহাম্মদ রুবেল। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। পুরো টুর্নামেন্টে ২৩ উইকেট নিয়ে শেষ করেন আসর।
এ ছাড়া শামীম হোসেন ১৮ রানে ২ উইকেট এবং আবু হায়দার রনি ১৬ রানে ১ উইকেট নিয়ে ভিক্টোরিয়াকে চাপে ফেলেছিলেন। শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতার খেসারত দিয়ে মাত্র ১ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশ এইচপিকে।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array