খুঁজুন
                               
, ,
           

জাতীয় ফুটবল দলের ম্যানেজার বদল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
জাতীয় ফুটবল দলের ম্যানেজার বদল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার পদ নিয়ে চলা সাম্প্রতিক বিতর্কের অবসান ঘটিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দীর্ঘদিনের ম্যানেজার আমের খানের জায়গায় নতুন টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আমিরুল ইসলামকে (বাবু)।

রোববার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাফুফে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ‘ফিফা আসিয়ান কাপ ২০২৬’ সামনে রেখে জাতীয় দলের ব্যবস্থাপনায় এই পরিবর্তন আনা হয়েছে।

বাফুফের বিজ্ঞপ্তি অনুযায়ী, আসন্ন আসরে বাংলাদেশ দলের টিম লিডারের দায়িত্ব পালন করবেন কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেন। আর টিম ম্যানেজারের মূল প্রশাসনিক দায়িত্ব সামলাবেন আমিরুল ইসলাম বাবু।

অন্যদিকে, ন্যাশনাল টিমস কমিটির সদস্য আমের খানকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়নি। তাকে দলের টিম কো-অর্ডিনেটর হিসেবে রাখা হয়েছে।

গত প্রায় দেড় বছর ধরে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন আমের খান। তবে তিনি বাফুফের নির্বাচিত নির্বাহী কমিটির সদস্য না হওয়ায় ফেডারেশনের ভেতরে এ পদ নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল। কয়েকজন নির্বাচিত সদস্যের দাবি ছিল, গুরুত্বপূর্ণ এই দায়িত্ব তাদের মধ্য থেকেই কাউকে দেওয়া উচিত।

সম্প্রতি আমিরুল ইসলাম বাবু প্রকাশ্যে ম্যানেজার হওয়ার আগ্রহ প্রকাশ করলে বিষয়টি আরও আলোচনায় আসে। শেষ পর্যন্ত বাফুফের সিদ্ধান্তে নির্বাচিত সদস্যদের দাবিই প্রাধান্য পেল।

এর আগে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আমিরুল ইসলাম। পরে দীর্ঘ সময় নারী ফুটবল দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিনি। নারী দলের সঙ্গে কাজ করার পর আবারও পুরুষ জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে ফিরলেন বাবু।

কালের আলো/এসএ

বেপরোয়া গতিতে পদ্মা সেতুর ঢালে উল্টে গেল বাস, আহত ৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
বেপরোয়া গতিতে পদ্মা সেতুর ঢালে উল্টে গেল বাস, আহত ৮

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস উল্টে আটজন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের বাসটি পদ্মা সেতুর ঢালে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহতদের মধ্যে রয়েছেন মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০) ও লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা (৭), শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩)।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বাসটির বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ ও বাসটির গতিবেগসহ বিস্তারিত বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে।

দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে উল্টে পড়ে থাকায় ওই এলাকায় কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কালের আলো/এসকে/এমএসআইপি

অবশেষে আমানত ফেরত পাচ্ছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
অবশেষে আমানত ফেরত পাচ্ছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি হিসাবের গ্রাহকদের আমানতের মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। প্রাথমিকভাবে গ্রাহকেরা তাদের হিসাবের জমা মূল অর্থ এককালীন উত্তোলন বা নগদায়ন করতে পারবেন। তবে এ অর্থের বিপরীতে কোনো মুনাফা দেওয়া হবে না।

এ জন্য আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যাংকের শাখা ও উপশাখায় আবেদন গ্রহণ করা হবে। ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে জারি করা বিশেষ নির্দেশনায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট বিভাগ, জোন ও শাখা ব্যবস্থাপকদের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি হিসাবে স্বাভাবিক লেনদেন পুনরায় চালুর কথা রয়েছে। তবে নগদ অর্থের চাহিদা, বাংলাদেশ ব্যাংক থেকে নগদ সরবরাহ নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাশ ব্যবস্থাপনার প্রস্তুতির কারণে আমানতের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম ৭ সেপ্টেম্বর থেকে পূর্ণমাত্রায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংকের আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং বিভিন্ন মেয়াদি আমানত—যেমন এমটিডিআর ও ডিপিএস—থেকে গ্রাহকেরা মূল টাকা উত্তোলন করতে পারবেন। যারা হিসাব বন্ধ না করে চালু রাখবেন, তারা চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পেতে থাকবেন।

গ্রাহকদের আস্থা পুনর্গঠনের লক্ষ্যে ১ সেপ্টেম্বরকে বিশেষ দিবস হিসেবে পালনের উদ্যোগ নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এদিন শাখা-উপশাখাগুলো সাজানো, গ্রাহকদের ফুল বা উপহার দিয়ে অভ্যর্থনা এবং জ্যেষ্ঠ নাগরিক, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে দীর্ঘদিন আমানত ফেরত দিতে না পারা এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। পাঁচ ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে বলে জানানো হয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

আইপিইউ মহাসচিবের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
আইপিইউ মহাসচিবের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

জাতীয় সংসদকে আরও কার্যকর এবং জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনা ও সংলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করার বিষয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বাংলাদেশে সফররত আইপিইউ মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে বিরোধী দলের ভূমিকা এবং সংসদে সরকারি ও বিরোধী দলের সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন ডা. শফিকুর রহমান।

বৈঠকে গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে নিয়মিত আলাপ-আলোচনা ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বাড়ানো এবং তরুণ সংসদ সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

আইপিইউ মহাসচিব আন্দা ফিলিপ বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় সংস্থাটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে।

এ সময় আইপিইউ মহাসচিবের সঙ্গে সংস্থাটির প্রোগ্রাম অফিসার রবার্তো রদ্রিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ এ্যাংগোরো উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিরোধীদলীয় নেতার সঙ্গে জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ