খুঁজুন
                               
, ,
           

আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির সংসদ সদস্য

কালের আলো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির সংসদ সদস্য

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা ৩২ ঘণ্টার ভয়াবহ যানজট, অ্যাম্বুলেন্সে আটকে রোগীর মৃত্যু এবং সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে না পেরে প্রবাসীদের ফ্লাইট মিসের ঘটনায় প্রশাসনের সমন্বয়হীনতা ও জবাবদিহিতার অভাবকে দায়ী করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।

রোববার (৩০ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, প্রশাসনের একটি প্রভাবশালী অংশ সরকারকে ব্যর্থ প্রমাণের জন্য মরিয়া হয়ে উঠেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন তিনি।

শাহাদাত হোসেন সেলিম লিখেছেন, গত শুক্রবার রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর পর্যন্ত প্রায় ৩২ ঘণ্টা তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে সড়ক। এতে সাধারণ যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।

তিনি বলেন, দীর্ঘ যানজটে অ্যাম্বুলেন্স আটকা পড়ে রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়া সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে না পেরে অনেক প্রবাসী তাঁদের নির্ধারিত ফ্লাইটও মিস করেছেন।

এ পরিস্থিতিতে জাতীয় সংসদের হুইপ এবং সম্প্রতি কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়ন সমন্বয়কের দায়িত্ব পাওয়া এ বি এম আশরাফ উদ্দিন নিজান জরুরি উদ্যোগ নেন বলে পোস্টে উল্লেখ করেন শাহাদাত হোসেন সেলিম।

তিনি জানান, যানজট, রোগীর মৃত্যু, প্রবাসীদের ফ্লাইট মিস এবং যাত্রীদের চরম দুর্ভোগের কারণ অনুসন্ধানে কুমিল্লা ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), হাইওয়ে পুলিশ সুপার এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীদের নিয়ে একটি জুম মিটিং আহ্বান করা হয়।

শাহাদাত হোসেন সেলিম দাবি করেন, বৈঠকে হুইপের পাশে বসে পুরো আলোচনা তিনি পর্যবেক্ষণ করেছেন। তার ভাষায়, এত বড় জনদুর্ভোগের পরও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা বা দায়বদ্ধতা দেখা যায়নি।

এমনকি সেতু সংস্কারকাজের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে আগাম কোনো তথ্য ছিল না বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, হাইওয়ে পুলিশের এসপি কিংবা কুমিল্লার ডিসির কাছেও এ বিষয়ে আগাম তথ্য ছিল না।

এ ঘটনাকে প্রশাসনের ‘চরম সমন্বয়হীনতা ও জবাবদিহিতাহীনতা’ হিসেবে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই সংসদ সদস্য।

শাহাদাত হোসেন সেলিমের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি দেখে হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন। সেতু সংস্কারের আগে আগাম গণবিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষকে জানানো উচিত ছিল বলেও তিনি মন্তব্য করেন।

সংস্কারকাজের তথ্য সংবাদপত্র, টেলিভিশনের স্ক্রল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকে প্রচার করা হলে যাত্রীরা বিকল্প পথ ব্যবহার করতে পারতেন এবং এমন ভয়াবহ পরিস্থিতি এড়ানো সম্ভব হতো বলে মনে করেন হুইপ।

পরে হুইপ সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর সঙ্গেও কথা বলেন বলে পোস্টে উল্লেখ করা হয়েছে। তবে সেখানেও ‘দায়িত্বশীলতার কোনো ইতিবাচক মনোভাব’ দেখতে পাননি বলে দাবি করেন শাহাদাত হোসেন সেলিম।

ফেসবুক পোস্টের শেষাংশে প্রশাসনের একটি অংশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন শাহাদাত হোসেন সেলিম।

তিনি লিখেছেন, ‘আমার স্পষ্ট মনে হচ্ছে, প্রশাসনের একটি প্রভাবশালী অংশ এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে।’

তিনি আরও বলেন, এখনই যদি এই ‘দায়িত্বজ্ঞানহীন চক্রকে’ চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।

জনদুর্ভোগ সৃষ্টি ও দায়িত্বহীনতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

কালের আলো/আরডি/এমডিএইচ

ডেঙ্গুতে মৃত্যু একশ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
ডেঙ্গুতে মৃত্যু একশ ছাড়ালো

ক্রমেই ভয়ানক হয়ে উঠছে মশাবাহিত ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় সারাদেশে রোগটিতে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২৪ জন। যা চলতি বছরে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের নতুন রেকর্ড।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৩৭ হাজার ১৭০ জন।

এর আগে সোমবার (৩১ আগস্ট) ডেঙ্গুতে একদিনে সারাদেশে চারজনের মৃত্যু হয়। এদিন রোগটিতে আক্রান্ত হন এক হাজার ৯৭ জন, যা ছিল চলতি বছরে একদিনে সর্বোচ্চ।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। বাকি তিনজনের একজন ঢাকা উত্তর সিটি, একজন চট্টগ্রামের এবং একজন ময়মনসিংহ বিভাগের।

প্রতিবেদন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে বরিশাল বিভাগের ১২১ জন, চট্টগ্রাম বিভাগের ১৩৯ জন, ঢাকা বিভাগের ২৯৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩৮ জন, খুলনা বিভাগের ২৪৬ জন, ময়মনসিংহ বিভাগের ৮৭ জন, রাজশাহী বিভাগের ১১৪ জন, রংপুর বিভাগের ৩৪ জন এবং সিলেট বিভাগের ৫ জন রোগী রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরে এই সংখ্যা মোট ৩৪ হাজার ৩৮৫ জন।

এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। অন্যদিকে ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

কালের আলো/আরডি/এমডিএইচ

সীমান্তে নজরদারিতে থাকবে ডিজিটাল প্রযুক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
সীমান্তে নজরদারিতে থাকবে ডিজিটাল প্রযুক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আধুনিক ডিজিটাল প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সীমান্তের দুর্গম ও জনবল দিয়ে নজরদারি করা কঠিন এলাকাগুলোতে থার্মাল ও নাইট মিশন সক্ষম ড্রোন ব্যবহার করা হবে। এর মাধ্যমে সীমান্তের অপর প্রান্তের গতিবিধি শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিজিবির সেক্টর সদর দফতরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশকে আধুনিকায়ন করা হচ্ছে। এতে করে চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ কমে আসবে।

তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার এবং মানব পাচার মোকাবিলায় ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তোলা হবে।

ড্রোন প্রযুক্তির বিষয়ে মন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশে ড্রোন তৈরি ও সংযোজনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা একসময় প্রতিরক্ষা শিল্পে রূপ নিতে পারে।

তিনি আরও বলেন, ড্রোন প্রযুক্তি শুধু সীমান্ত নিরাপত্তায় নয়, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় মন্ত্রী প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন এবং ড্রোনের ব্যবহারিক প্রদর্শনী উপভোগ করেন।

প্রশিক্ষণকেন্দ্রে প্রদর্শিত আধুনিক ড্রোন সম্পর্কে তিনি বলেন, বিশ্বের উন্নত ড্রোন প্রযুক্তি ধীরে ধীরে এখানে সংযোজন করা হবে এবং আগামী এক থেকে দুই বছরের মধ্যে আরও উন্নত সক্ষমতা অর্জনের পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সিলেট সফর।

কালের আলো/আরডি/এমডিএইচ

মক্কা চুক্তিতে যোগ দিতে পরিস্থিতি পর্যালোচনা করছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
মক্কা চুক্তিতে যোগ দিতে পরিস্থিতি পর্যালোচনা করছে বাংলাদেশ

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের উদ্যোগে গঠিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশ যোগ দেবে কি না, সে বিষয়ে সরকার পরিস্থিতি পর্যালোচনা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, চুক্তিতে যোগদানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, মক্কা চুক্তিতে অংশগ্রহণের বিষয়ে আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি। এতে যোগদানের আগে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত এই জোটে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থই প্রধান বিবেচ্য হবে। তবে এখনো চুক্তিতে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে গঠিত এই জোটে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা চলার মধ্যেই সরকারের পক্ষ থেকে এমন অবস্থানের কথা জানানো হলো।

এর আগে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখার কথা জানিয়েছিলেন। রোববার সাংবাদিকদের তিনি বলেছিলেন, বাংলাদেশ চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না এবং এতে অন্যান্য অংশীদারের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পৃক্ততা সীমিত হবে না।

সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে বৈঠকের পর হুমায়ুন কবির বলেছিলেন, এটি একটি অনন্য চুক্তি, যা নতুন সুযোগ সৃষ্টি করছে। উদ্যোগটির প্রতি বাংলাদেশের ইতিবাচক মনোভাব তুলে ধরে তিনি আরও বলেন, ‘মক্কা বাংলাদেশের হৃদয়ে।’

গত ৭ আগস্ট ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। এ পর্যন্ত সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক চুক্তিটির অংশীদার হয়েছে। চুক্তিতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামা ওবায়েদ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও অন্যান্য আন্তর্জাতিক বিষয়েও কথা বলেন। এছাড়া ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়ও তুলে ধরেন।

তিনি জানান, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করা এবং নতুন ও তরুণ আইনপ্রণেতাদের সক্ষমতা বৃদ্ধিতে আইপিইউ সহযোগিতা বাড়াতে আগ্রহী। সফররত আইপিইউ মহাসচিব বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও জানান তিনি।

তবে এ দিনের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়টি। সরকার চুক্তিটির সম্ভাব্য সুযোগ ও প্রভাব পর্যালোচনা করে জাতীয় স্বার্থের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

কালের আলো/আরডি/এমডিএইচ