খুঁজুন
                               
, ,
           

রাষ্ট্রপতিকে চীন সফরের আমন্ত্রণ, ৫০ কোটি ডলার বিনিয়োগের বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
রাষ্ট্রপতিকে চীন সফরের আমন্ত্রণ, ৫০ কোটি ডলার বিনিয়োগের বার্তা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রীয় সফরে চীন যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে বাংলাদেশে চীনা কোম্পানিগুলোর বড় বিনিয়োগ ও প্রায় এক লাখ কর্মসংস্থানের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে এ আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সাক্ষাতে রাষ্ট্রদূত জানান, চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) প্রায় ৩০টি চীনা কোম্পানি প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের স্থানীয় জনগণের জন্য আনুমানিক এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

বৈঠকে রাষ্ট্রদূত সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের বিভিন্ন অগ্রগতি সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, সফরের অংশ হিসেবে সিইআইজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন, মোংলা বন্দর আধুনিকায়নে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর এবং মোংলা এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) প্রতিষ্ঠায় সম্ভাব্য সহযোগিতার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত ও সুদৃঢ় করবে।

সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এর মধ্যে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কৌশলগত সংলাপ দ্রুত শুরু এবং প্রতিমন্ত্রী পর্যায়ের ‘২+২’ কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ চালুর উদ্যোগ উল্লেখযোগ্য।

এ ছাড়া বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল, আম ও পেয়ারা রপ্তানি, সৌরশক্তি, বৈদ্যুতিক যানবাহন সংযোজন কারখানা স্থাপন, চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডোর এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকের শেষ পর্যায়ে বাংলাদেশ ও চীনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও কূটনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।

কালের আলো/আরডি/এমডিএইচ

সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির সংশ্লিষ্টতার সূত্র

আদালত প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির সংশ্লিষ্টতার সূত্র

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র পাওয়ার দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।

রোববার (৩০ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর।

আমিনুল ইসলাম বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা করছে না। মামলাটির তদন্ত অন্য একটি সংস্থা করছে। তবে কোনো মামলার তদন্ত করতে গিয়ে অন্য কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্য বা সূত্র সামনে আসতে পারে। এ মামলার ক্ষেত্রেও তেমন একটি সূত্র পাওয়া গেছে।

তিনি বলেন, পাওয়া তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তির ওপর নজরদারিও রয়েছে। আরও তদন্তের পর নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে তা সাগর-রুনি হত্যা মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া হবে।

তবে ওই ব্যক্তির সঙ্গে হত্যাকাণ্ডের সম্পর্কের ধরন বা কী তথ্যের ভিত্তিতে এমন যোগসূত্র পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

চিফ প্রসিকিউটর আরও বলেন, সাগর-রুনি হত্যা একটি সাধারণ ফৌজদারি মামলা। তাই এর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে না; সংশ্লিষ্ট দায়রা আদালতেই মামলাটির বিচার হবে।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের শিকার হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলাটির তদন্ত এখনো শেষ হয়নি।

কালের আলো/এএইচ/এমএসআইপি

দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত এক নোটিশে রোববার (৩০ আগস্ট) তাকে আগামী ১৪ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য গ্রহণ করা প্রয়োজন বলে জানিয়েছে দুদক।

এ বিষয়ে অনুসন্ধান ও প্রতিবেদন দাখিলের জন্য মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপ-পরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

নির্ধারিত সময়ে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে নিজের বক্তব্য দেওয়ার জন্য জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে অনুরোধ করা হয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধের পর থেকে নানা কারণে যেসব প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়েছেন, তাদের তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. নাজমুল হুদার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। এসব আবেদন যাচাই-বাছাই করে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হচ্ছেন, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্তির পাশাপাশি যারা মুক্তিযোদ্ধা না হয়েও বিভিন্ন অনিয়মের মাধ্যমে তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন, তাদের বিষয়েও যাচাই-বাছাই করা হচ্ছে।

যাচাই-বাছাইয়ে যারা অমুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হচ্ছেন, তাদের নাম মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে যাচাই-বাছাইয়ের মাধ্যমে অনেকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ