খুঁজুন
                               
, ,
           

গুম প্রতিরোধ বিল সংসদে পাঠানোর সিদ্ধান্ত, ২ সদস্যের ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
গুম প্রতিরোধ বিল সংসদে পাঠানোর সিদ্ধান্ত, ২ সদস্যের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ বৈঠক হয়।

বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বিলটি সংসদে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই বিল প্রণয়ন ও উত্থাপনের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানায় কমিটি।

বৈঠকে কমিটির দুই সদস্য মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন ওয়াকআউট করেন। এ বিষয়ে কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, কমিটির সদস্যদের কোনো সংশোধনী বা মতামত থাকলে তা সভায় উপস্থাপন, পরামর্শ দেওয়া এবং প্রয়োজন হলে বিরোধিতা করার সুযোগ রয়েছে। এটিই তাঁদের দায়িত্ব। তবে সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।

বৈঠকে বলা হয়, গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি। একই সময়ে মব তৈরির চেষ্টা চললেও কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেনি বলেও বৈঠকে জানানো হয়।

মিরাজ শেখের অপহরণের দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলেও বৈঠকে আলোচনা হয়। এ ধরনের দোষারোপের রাজনীতি বা ব্লেম গেম পরিহার করা উচিত বলে মত দেন সদস্যরা।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন অংশ নেন।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরগুলোর মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির সংশ্লিষ্টতার সূত্র

আদালত প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির সংশ্লিষ্টতার সূত্র

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র পাওয়ার দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।

রোববার (৩০ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর।

আমিনুল ইসলাম বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা করছে না। মামলাটির তদন্ত অন্য একটি সংস্থা করছে। তবে কোনো মামলার তদন্ত করতে গিয়ে অন্য কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্য বা সূত্র সামনে আসতে পারে। এ মামলার ক্ষেত্রেও তেমন একটি সূত্র পাওয়া গেছে।

তিনি বলেন, পাওয়া তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তির ওপর নজরদারিও রয়েছে। আরও তদন্তের পর নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে তা সাগর-রুনি হত্যা মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া হবে।

তবে ওই ব্যক্তির সঙ্গে হত্যাকাণ্ডের সম্পর্কের ধরন বা কী তথ্যের ভিত্তিতে এমন যোগসূত্র পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

চিফ প্রসিকিউটর আরও বলেন, সাগর-রুনি হত্যা একটি সাধারণ ফৌজদারি মামলা। তাই এর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে না; সংশ্লিষ্ট দায়রা আদালতেই মামলাটির বিচার হবে।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের শিকার হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলাটির তদন্ত এখনো শেষ হয়নি।

কালের আলো/এএইচ/এমএসআইপি

দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত এক নোটিশে রোববার (৩০ আগস্ট) তাকে আগামী ১৪ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য গ্রহণ করা প্রয়োজন বলে জানিয়েছে দুদক।

এ বিষয়ে অনুসন্ধান ও প্রতিবেদন দাখিলের জন্য মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপ-পরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

নির্ধারিত সময়ে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে নিজের বক্তব্য দেওয়ার জন্য জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে অনুরোধ করা হয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধের পর থেকে নানা কারণে যেসব প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়েছেন, তাদের তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. নাজমুল হুদার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। এসব আবেদন যাচাই-বাছাই করে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হচ্ছেন, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্তির পাশাপাশি যারা মুক্তিযোদ্ধা না হয়েও বিভিন্ন অনিয়মের মাধ্যমে তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন, তাদের বিষয়েও যাচাই-বাছাই করা হচ্ছে।

যাচাই-বাছাইয়ে যারা অমুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হচ্ছেন, তাদের নাম মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে যাচাই-বাছাইয়ের মাধ্যমে অনেকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ