পুরোনো কম্পিউটারেই মিলবে আধুনিক প্রযুক্তির সুবিধা, জিওর নতুন ক্লাউড পিসি সেবা
পুরোনো কম্পিউটার বদলানোর প্রয়োজন ছাড়াই আধুনিক অ্যাপ ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবা ব্যবহারের সুযোগ দিতে ভারতের বাজারে ক্লাউডভিত্তিক পিসি সেবা চালু করেছে রিলায়েন্স জিও। ‘জিওপিসি’ নামের এই সেবা এখন ভারতের সব ইন্টারনেট ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে।
২০২৫ সালে চালু হওয়া জিওপিসি এত দিন শুধু জিওর নিজস্ব ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ ছিল। এখন গ্রাহকের ব্রডব্যান্ড বা টেলিকম অপারেটর যাই হোক না কেন, আলাদা সাবস্ক্রিপশনের মাধ্যমে এই সেবা ব্যবহার করা যাবে।
জিওপিসিতে কম্পিউটারের নিজস্ব হার্ডওয়্যারের ওপর নির্ভর না করে জিওর ক্লাউড অবকাঠামো থেকে একটি ভার্চ্যুয়াল কম্পিউটার ব্যবহারকারীর ডিভাইসে স্ট্রিম করা হয়। এতে সর্বোচ্চ ৮টি ভার্চ্যুয়াল সিপিইউ, ১৬ গিগাবাইট র্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা পাওয়া যাবে।
জিওর দাবি, প্রায় আট বছর পুরোনো কম্পিউটারেও এই সেবার মাধ্যমে আধুনিক অ্যাপ্লিকেশন, এমনকি এআইভিত্তিক সেবাও চালানো সম্ভব হবে। দুই মাসের সাবস্ক্রিপশনের দাম শুরু ১ হাজার ভারতীয় রুপি থেকে। আর কনফিগারেশন অনুযায়ী বার্ষিক প্যাকেজের দাম ৪ হাজার থেকে ৫ হাজার রুপি।
ভারতে এ ধরনের সেবার বড় বাজার রয়েছে বলে মনে করা হচ্ছে। আইডিসির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ৬ কোটি ৫০ লাখের বেশি পিসি ব্যবহৃত হয়েছে। ২০২৬ সালের শেষে এই সংখ্যা প্রায় ৬ কোটি ৯০ লাখে পৌঁছাতে পারে।
তবে ক্লাউড পিসি ব্যবহারের জন্য নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন। ফলে দুর্বল বা অনিয়মিত ইন্টারনেট সুবিধার এলাকায় এর কার্যকারিতা সীমিত হতে পারে। এ ছাড়া জিওপিসিতে আধুনিক এআই পিসিতে থাকা বিশেষায়িত অন-ডিভাইস এআই প্রসেসর সুবিধা রয়েছে কি না, তা কোম্পানি জানায়নি।
বিশ্লেষকদের মতে, জিওর এই উদ্যোগের মূল লক্ষ্য নতুন কম্পিউটার কেনার পরিবর্তে পুরোনো ডিভাইসের ব্যবহারযোগ্যতা বাড়ানো। অর্থাৎ হার্ডওয়্যার আপগ্রেডের বদলে ক্লাউড থেকে কম্পিউটিং ক্ষমতা ব্যবহারের সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array