নতুন তিন মুখে ফিরছে হ্যারি পটারের জাদুর দুনিয়া
বিশ্বজুড়ে জনপ্রিয় ফ্যান্টাসি উপন্যাস সিরিজ ‘হ্যারি পটার’ এবার নতুন রূপে ফিরছে ছোট পর্দায়। জে কে রাউলিংয়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত নতুন টিভি সিরিজের প্রথম ঝলক প্রকাশের পরই বদলে গেছে দর্শকদের প্রতিক্রিয়া। হ্যারি পটার, রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের নতুন তিন মুখকে ঘিরে এখন ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন উচ্ছ্বাস।
গত মার্চে সিরিজটির প্রথম লুক ও ঝলক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। শৈশবের প্রিয় জাদুর দুনিয়ায় ফিরে যাওয়ার আনন্দ যেমন ছিল, তেমনি পুরোনো তিন চরিত্রে ড্যানিয়েল র্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট ও এমা ওয়াটসনকে মিস করার কথাও জানিয়েছিলেন অনেক দর্শক।
নতুন শিশুশিল্পীদের মধ্যে আগের সেই ‘ম্যাজিক’ নেই—এমন মন্তব্যও করেছিলেন কেউ কেউ। ফলে নতুন সিরিজটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে কি না, তা নিয়ে শুরু হয়েছিল নানা আলোচনা।
তবে নতুন প্রচার-ঝলক প্রকাশের পর অনেকটাই পাল্টে গেছে সেই চিত্র। হগওয়ার্টসের পরিচিত পরিবেশ, জাদুর আবহ এবং নতুন হ্যারি, রন ও হারমায়োনির উপস্থিতি দর্শকদের মধ্যে ফিরিয়ে এনেছে পুরোনো আবেগ।
বিশেষ করে নতুন হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রের উপস্থাপন আলাদা করে নজর কেড়েছে। নতুন তিন অভিনয়শিল্পীর অভিনয়ের ঝলক দেখে অনেক অনুরাগীই এখন মনে করছেন, পুরোনো তারকাদের জায়গা নতুন প্রজন্মের এই শিল্পীরা যথাযথভাবেই পূরণ করতে পারবেন।
নতুন সিরিজটিতে মূল উপন্যাসের গল্পকে আরও বিস্তৃতভাবে তুলে ধরা হবে। সিনেমাগুলোর তুলনায় বইয়ের অধ্যায়গুলোকে বিস্তারিতভাবে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ফলে হ্যারি পটারের জাদুর দুনিয়ার এমন অনেক গল্প ও চরিত্রও দর্শকদের সামনে আসতে পারে, যা সিনেমায় তুলনামূলকভাবে সংক্ষিপ্তভাবে দেখানো হয়েছিল।
সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ডিসেম্বরে ছোট পর্দায় নতুন করে উন্মোচিত হবে হগওয়ার্টসের সেই পরিচিত জগৎ। পুরোনো স্মৃতির সঙ্গে নতুন প্রজন্মের তিন মুখ—এই দুইয়ের মেলবন্ধনই এখন ‘হ্যারি পটার’ ভক্তদের সবচেয়ে বড় আগ্রহের বিষয়।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array