খুঁজুন
                               
, ,
           

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়তে হবে: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়তে হবে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং খালেদা জিয়া ছিলেন উন্নয়নের রূপকার। জিয়ার স্বপ্ন ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শেষ করে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত জিয়া স্মৃতি বইমেলার ষষ্ঠ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, জিয়াউর রহমান ছিলেন ক্ষণজন্মা পুরুষ। তার দেশ পরিচালনার সময়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি ও ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছিল। সার্কের স্বপ্নদ্রষ্টাও ছিলেন প্রেসিডেন্ট জিয়া। সার্কের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন তিনি।

জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন এবং সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিলেন উল্লেখ করে এ্যানি চৌধুরী বলেন, পরবর্তীতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের লক্ষ্য নিয়েই তিনি কাজ করেছিলেন।

রাজনীতিতে শিষ্টাচারবহির্ভূত ও অশালীন বক্তব্য কাম্য নয় বলেও মন্তব্য করেন পানিসম্পদ মন্ত্রী। বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, মাত্র ছয় মাসের মাথায় লংমার্চের মতো কর্মসূচি আয়োজন কিসের ইঙ্গিত, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, আগামী ডিসেম্বরে ফ্যাসিস্ট সরকারপ্রধানের দেশে আসার সম্ভাবনা এবং সরকারবিরোধী আন্দোলনের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম। এতে বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনসহ অনেকে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ব্যালন ডি’অর ২০২৬: তারিখ ও ভেন্যু ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
ব্যালন ডি’অর ২০২৬: তারিখ ও ভেন্যু ঘোষণা

ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ২০২৬ প্রদানের তারিখ ও ভেন্যু ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফুটবল ইতিহাসের ৭০তম ব্যালন ডি’অর ট্রফি তুলে দেওয়া হবে বছরের সেরা ফুটবলারের হাতে।

সাধারণত ফ্রান্সের প্যারিসে আয়োজিত হয় ব্যালন ডি’অরের অনুষ্ঠান। তবে এবার ঐতিহ্য ভেঙে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের লন্ডনে।

ফুটবল ইতিহাসের প্রথম ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথিউসকে বিশেষ সম্মান জানাতেই এবার লন্ডনকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রকাশ করা হচ্ছে এবারের পুরস্কারের জন্য মনোনীত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা। স্থানীয় সময় রাত ৮টায় লন্ডনের একটি ঐতিহ্যবাহী মিলনায়তনে মূল অনুষ্ঠান শুরু হবে।

আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত একটি প্যানেল খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স, দলীয় সাফল্য ও ফেয়ার প্লের মতো বিষয় বিবেচনায় নিয়ে ভোটের মাধ্যমে বিজয়ী নির্বাচন করবেন।

ব্যালন ডি’অরের ৭০তম বার্ষিকী উপলক্ষে এবারের আয়োজনে নারী ও পুরুষ বিভাগের বর্ষসেরা খেলোয়াড়ের পাশাপাশি মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড়, গোলরক্ষক, কোচ ও ক্লাবকেও পুরস্কৃত করা হবে।

ফলে ২৬ অক্টোবর লন্ডনে ফুটবল বিশ্বের তারকাদের মিলনমেলায় কার হাতে উঠবে ২০২৬ সালের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিগত পুরস্কার—সেদিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের।

কালের আলো/এসএ

‘জামায়াতের দ্বিমুখী আচরণ কেন?’ প্রশ্ন চরমোনাই পীরের

কুষ্টিয়া প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
‘জামায়াতের দ্বিমুখী আচরণ কেন?’ প্রশ্ন চরমোনাই পীরের

কুষ্টিয়ায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীকে আর ইসলামী দল বলা যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর রেজাউল করীম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদরাসায় কর্মী সমাবেশ শেষে তিনি এ মন্তব্য করেন।
রেজাউল করীম বলেন, জামায়াতে ইসলামী তাদের দলের লোগো থেকে ‘আকিমুদ্দীন’ শব্দটি সরিয়ে দিয়েছে। ফলে সেখানে ‘ইসলাম’ শব্দটিও আর নেই। এ কারণে জামায়াতকে ইসলামী দল বলা যায় না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সর্বশেষ নির্বাচনের ইশতেহারে জামায়াত ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার কথা বলেনি। এমনকি দলটির আমিরও জানিয়েছিলেন, তারা শরিয়াভিত্তিক নয়, প্রচলিত আইন অনুযায়ী দেশ পরিচালনা করবেন। এসব বিষয় বিবেচনায় জামায়াতকে ইসলামী দল বলা যায় না বলে দাবি করেন চরমোনাই পীর।
জামায়াতের বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে লংমার্চ করার পর দলটির আমির সংসদে বলেছেন, বিদ্যুৎ সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয়। তাহলে বিপুল জ্বালানি ব্যয় করে লংমার্চ করার প্রয়োজন হলো কেন—এমন প্রশ্নও তোলেন তিনি।
এ সময় বিএনপিরও সমালোচনা করেন রেজাউল করীম। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তাদের দাবি অনুযায়ী, সংসদে ইতোমধ্যে শরিয়াবিরোধী আইন অনুমোদন করা হয়েছে।
চরমোনাই পীর হুঁশিয়ারি দিয়ে বলেন, শরিয়াবিরোধী আইন থেকে ফিরে না এলে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবাদ কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ‘মাফিয়া গ্যাং’: ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ‘মাফিয়া গ্যাং’: ডা. জাহেদ

আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, ‘মাফিয়া গ্যাং’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে দলটিকে বাংলাদেশের রাজনীতিতে আবারও সুযোগ দেওয়া উচিত কি না, তা নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. জাহেদ।
তিনি বলেন, আওয়ামী লীগকে তিনি রাজনৈতিক দল মনে করেন না। দলটির অতীত কর্মকাণ্ড এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মাটিতে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া উচিত কি না, তা পুনর্বিবেচনা করা প্রয়োজন।
বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট দেশে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া সরকার শুরু করেছে। বিষয়টি কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে দেশের লোডশেডিং পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি জানান, ২০২৬ সালের জুন-জুলাইয়ে গড় লোডশেডিং ২০২৩ সালের একই সময়ের তুলনায় কম ছিল। তবে ঢাকাতেও কিছুটা লোডশেডিং হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।
সারের মজুত পরিস্থিতি তুলে ধরে ডা. জাহেদ বলেন, বর্তমানে দেশে ১২ দশমিক ২৯৪ লাখ মেট্রিক টন সার মজুত রয়েছে। গত বছর একই সময়ে মজুত ছিল সাড়ে ১১ লাখ মেট্রিক টন। তার দাবি, সারের মজুতে কোনো সংকট নেই; মূলত বিতরণে কিছু সমস্যা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের কাজও যথাযথভাবে পরিচালিত হচ্ছে।
গ্যাস সংকট প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, চাইলেও বাংলাদেশ একসঙ্গে অনেক বেশি এলএনজি আমদানি করতে পারে না। দেশে থাকা ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউগুলোর সক্ষমতার সীমাবদ্ধতার কারণে আমদানি বাড়ানোর সুযোগ সীমিত।
তিনি জানান, সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে চীনের কাছে নতুন একটি এফএসআরইউর অর্ডার দেওয়া হয়েছে। এটি প্রায় দেড় বছরের মধ্যে দেশে আসবে। এ ক্ষেত্রে খরচের চেয়ে জরুরি প্রয়োজনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ডা. জাহেদ আরও বলেন, আগের অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ পরিস্থিতির কথা বিবেচনা করে স্থলভাগের গ্যাস ও এফএসআরইউ নিয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত ছিল।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি