খুঁজুন
                               
, ,
           

বেনজীরকে দেশে ফেরাতে সংসদে ৪ দাবি ব্যারিস্টার আরমানের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ
বেনজীরকে দেশে ফেরাতে সংসদে ৪ দাবি ব্যারিস্টার আরমানের

বিদেশে পলাতক মহাবিতর্কিত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চার দফা দাবি জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান)।

একইসঙ্গে বেনজীরের বিদেশে যাওয়া এবং তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় কোনো ব্যর্থতা বা আইনি ত্রুটি ছিল কি না, তা সংসদকে জানানোর দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এসব দাবি উত্থাপন করেন জামায়াতের এই সংসদ সদস্য।

প্রস্তাব উত্থাপনের আগে দেওয়া বক্তব্যে আরমান বলেন, গুমের ভুক্তভোগী পরিবার, শহীদ পরিবার এবং দীর্ঘদিনের নির্যাতনের শিকার ব্যক্তিদের পক্ষ থেকে এ বিষয়ে সংসদে আলোচনা করার সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞ।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রসঙ্গ তুলে ব্যারিস্টার আরমান বলেন, ‘বেনজীর র‍্যাবের মহাপরিচালক এবং পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফ্যাসিবাদকে শক্তিশালী করার ক্ষেত্রে যারা ‘মাস্টারমাইন্ড’ হিসেবে কাজ করেছেন, তিনি তাদের অন্যতম।’

তবে বক্তব্য দেওয়ার আগে স্পিকার ব্যারিস্টার আরমানকে বক্তব্য না দিয়ে শুধু নোটিশটি পড়ার নির্দেশ দেন। পরে মীর আহমদ তার প্রস্তাবের মূল বিষয়গুলো সংসদে তুলে ধরেন।

প্রস্তাবে বলা হয়, মানবতাবিরোধী অপরাধ, গুম, অর্থপাচার ও দুর্নীতির বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাইয়ে গ্রেফতার হওয়ার পর গত ১৪ জুন কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী শিগগির তাকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মীর আহমদের দাবি, ওই প্রতিশ্রুতির পরও বেনজীর জামিনে মুক্তি পেয়ে পরে সেন্ট লুসিয়ায় যাওয়ার ঘটনা দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় গুরুতর ব্যর্থতার পরিচয় দেয়।

এ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চার দফা দাবি জানান তিনি। দাবিগুলোর মধ্যে রয়েছে- নির্ধারিত ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন অনুরোধ পাঠানোসহ বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে নেওয়া সব পদক্ষেপের পূর্ণাঙ্গ বিবরণ সংসদে দাখিল করা।

এছাড়া পাঠানো নথিপত্রে কোনো আইনি বা পদ্ধতিগত ত্রুটি ছিল কি না এবং থাকলে ওই ত্রুটির জন্য দায়ী কে, তা চিহ্নিত করে সংসদকে জানাতে বলেন তিনি।

সরকারি চাকরিতে থাকা অবস্থায় বেনজীর আহমেদ কীভাবে একাধিক দেশের পাসপোর্ট অর্জন করেছেন, সে বিষয়ে কোনো তদন্ত চলছে কি না এবং তদন্ত চললে তার অগ্রগতিও সংসদকে অবহিত করার দাবি জানান মীর আহমদ।

চতুর্থ দাবিতে তিনি বলেন, বেনজীর আহমেদকে সেন্ট লুসিয়া থেকে দেশে ফিরিয়ে আনা এবং দেশে-বিদেশে থাকা তার অবৈধ সম্পদ জব্দের কোনো পরিকল্পনা আছে কি না, থাকলে তা বাস্তবায়নে নেওয়া পদক্ষেপ সম্পর্কে সংসদকে অবিলম্বে বিস্তারিত জানাতে হবে।

মীর আহমদ আরও বলেন, জাতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের আদালত বেনজীরকে জামিন দেন। ৩০ জুলাই তিনি মুক্তি পান এবং ১৭ আগস্ট দুবাই ছেড়ে সেন্ট লুসিয়ায় যান।

ব্যারিস্টার আরমান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০টি তদন্ত মামলা এবং তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

জুলাই বিপ্লবের শহীদ পরিবার, গুমের শিকার পরিবার এবং ন্যায়বিচার প্রত্যাশী জনগণের স্বার্থে বিষয়টি জনগুরুত্বপূর্ণ উল্লেখ করে সংসদে এ বিষয়ে আলোচনার আবেদন জানান ঢাকা-১৪ আসনের এই সংসদ সদস্য।

কালের আলো/আরডি/এমডিএইচ

দেশের প্রয়োজনে এগিয়ে আসতে হবে, লেখাপড়া ছেড়ে নয়: মঈন খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
দেশের প্রয়োজনে এগিয়ে আসতে হবে, লেখাপড়া ছেড়ে নয়: মঈন খান

দেশের প্রয়োজনে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তবে দেশ ও সমাজের জন্য কাজ করতে গিয়ে শিক্ষার্থীদের লেখাপড়া ও ক্লাস থেকে দূরে সরে যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলা একাডেমি মেলা প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত জিয়া স্মৃতি বইমেলা ২০২৬-এর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, দেশের যেকোনো সংকটে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। জুলাই ২০২৪-এর আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সে সময় শিক্ষার্থীরা দেশকে নতুন দিকদর্শন দিয়েছিল এবং অন্যায়-অত্যাচার ও স্বৈরশাসনের বিরুদ্ধে ভূমিকা রেখেছিল।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়। ক্লাস বাদ দিয়ে অন্য কোনো কাজে যুক্ত হওয়া উচিত নয় বলেও তিনি উল্লেখ করেন।
বই ও পাঠাগারের গুরুত্ব তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবনে বই অমূল্য সম্পদ। নতুন প্রজন্ম মোবাইল ফোন, ই-বুক কিংবা লাইব্রেরির মাধ্যমে পড়াশোনা করলেও পড়ার অভ্যাস ধরে রাখতে হবে। শিক্ষা ছাড়া কোনো জাতি বিশ্বের বুকে গৌরব অর্জন করতে পারে না।
নতুন প্রযুক্তি প্রসঙ্গে তিনি বলেন, মোবাইল ফোনের সবকিছু খারাপ নয়; এর মাধ্যমে অনেক ভালো ও প্রয়োজনীয় বিষয়ও জানা সম্ভব। নতুন প্রজন্মকে সঠিকভাবে পরিচালিত করতে পারলে প্রযুক্তিকে ভয় পাওয়ার কারণ নেই। তবে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালনার দায়িত্ব নেতৃত্বস্থানীয়দের নিতে হবে।
অনুষ্ঠানে জিয়া স্মৃতি পাঠাগারের আহ্বায়ক সৈয়দা ফাতেমা সালামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

হাটহাজারী (চট্টগ্রাম প্রতিবেদক)
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

আইএসপিআর জানায়, গুরুতর আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

সিরাজগঞ্জে বজ্রপাতের ঘটনায় জ্বালানিমন্ত্রীর বাসায় অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বজ্রপাতের ঘটনায় জ্বালানিমন্ত্রীর বাসায় অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জে বজ্রপাতের ঘটনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় মন্ত্রীর বাসার গেটের পাশে থাকা গ্যাসের রাইজারে এ আগুন লাগে।

স্থানীয়রা জানান, দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় হঠাৎ মন্ত্রীর বাসার সামনে গ্যাসের রাইজার এলাকায় আগুনের শিখা দেখা যায়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর সোয়া ১টার দিকে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, বাড়ির গেটম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতের কারণে গ্যাসের রাইজারে আগুন ধরে যায়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কালের আলো/এএইচ/এমএসআইপি