খুঁজুন
                               
, ,
           

কিমের গোপন ছেলে আছে কি না, খুঁজছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ
কিমের গোপন ছেলে আছে কি না, খুঁজছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা

উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের গোপন কোনো ছেলে আছে কি না, তা খতিয়ে দেখছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস)। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

২০১১ সালে বাবা কিম জং ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়ার ক্ষমতায় আসেন কিম জং–উন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের সাম্প্রতিক মূল্যায়ন অনুযায়ী, কিমের পর দেশটির নেতৃত্বে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তাঁর মেয়ে কিম জু এ–র।

কিম জু এ–র বয়স বর্তমানে প্রায় ১৩ বছর বলে ধারণা করা হয়। তবে তাঁর কোনো বড় ভাই রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে এনআইএস। সংস্থাটি জানিয়েছে, কিমের কোনো ছেলে সন্তান থাকলেও সে উত্তরাধিকারী হওয়ার অবস্থানে রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

কিম জং–উনের আরও একটি ছোট সন্তান রয়েছে বলেও জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা। তবে সেই সন্তান ছেলে নাকি মেয়ে, তা নিশ্চিত করতে পারেনি তারা।

এর আগে ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক আইনপ্রণেতা জানিয়েছিলেন, সংসদীয় কমিটিকে দেওয়া ব্রিফিংয়ে এনআইএস কিম জং–উনের একজন বড় ছেলের থাকার সম্ভাবনার কথা জানিয়েছিল। তবে পরবর্তী সময়ে গোয়েন্দা সংস্থাটি জানায়, কিমের ছেলে থাকার খবর তারা এখনো যাচাই করছে।

কিমের কোনো ছেলে সন্তান আছে কি না, তা উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেশটির রাজনীতিতে পুরুষতান্ত্রিকতার প্রভাব রয়েছে এবং ১৯৪৮ সালে উত্তর কোরিয়া প্রতিষ্ঠার পর থেকে কিম পরিবারের তিনজন পুরুষ সদস্যই দেশটির সর্বোচ্চ নেতা হয়েছেন।

এ কারণে কিম জু এ ভবিষ্যতে উত্তর কোরিয়ার নেতৃত্ব নেবেন কি না, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে। তাঁদের কেউ কেউ মনে করেন, দেশটির শীর্ষ কর্মকর্তারা একজন নারী নেতাকে সহজে মেনে নাও নিতে পারেন।

তবে কিম জু এ শেষ পর্যন্ত ক্ষমতায় এলেও কিম পরিবারের শাসন দীর্ঘস্থায়ী হবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, তিনি ভবিষ্যতে বিয়ে করলে তাঁর সন্তান উত্তরসূরি হলে নেতৃত্ব কিম পরিবারের বাইরেও চলে যেতে পারে।

তবে এখন পর্যন্ত কিম জং–উনের উত্তরাধিকার প্রশ্নে সবচেয়ে দৃশ্যমান অবস্থানে রয়েছেন তাঁর মেয়ে কিম জু এ। উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে তাঁর ভূমিকা ও ভবিষ্যৎ অবস্থান নিয়ে তাই দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের নজরও বাড়ছে।

সূত্র:দ্য ইনডিপেনডেন্ট

কালের আলো/এসএ

শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:০১ অপরাহ্ণ
শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে সরকার ও সেনাবাহিনী সব সময় থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শহীদদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

পরিবারের দায়িত্ব নেবে সরকার

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে দুই সেনাসদস্য প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, শোকের এই সময়ে সরকার ও সেনাবাহিনী শহীদ পরিবারের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি পরিবারগুলোর দেখভালের দায়িত্বও সরকার পালন করবে।

বাড়ি নির্মাণ ও চাকরির উদ্যোগ

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ দুই সেনাসদস্যের স্থায়ী ঠিকানায় তাদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। পাশাপাশি তাদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে শহীদ আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশুকন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার উপস্থিত ছিলেন।

অন্যদিকে শহীদ মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশুকন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক ও সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত শহীদ হন।

কালের আলো/এমএসআইপি 

আশায় চাকরি, ডিপ্লোমা পাসে আবেদন

চাকরি ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ
আশায় চাকরি, ডিপ্লোমা পাসে আবেদন

ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান আশা ‘হেলথ সেন্টার ইনচার্জ/মেডিকেল অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটি এ পদে মোট ৩ জন নিয়োগ দেবে। পদটি ফুলটাইম এবং নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

পদের নাম ও যোগ্যতা

পদ: হেলথ সেন্টার ইনচার্জ/মেডিকেল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৩টি
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (মেডিকেল ফ্যাকাল্টি)
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
বেতন: ৩৩ হাজার টাকা
প্রার্থী: নারী ও পুরুষ উভয়েই
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনের সময়সীমা

আশার এ নিয়োগে আবেদন শুরু হয়েছে ১৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া দেখতে আশার নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

কালের আলো/এসএ

সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি, জিয়ারত করবেন দুই মাজার

সিলেট সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি, জিয়ারত করবেন দুই মাজার

৩৬০ আউলিয়ার স্মৃতিবিজড়িত পুণ্যভূমি সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৮ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে সকাল ১১টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি। পরে সকাল ১১টা ৫০ মিনিটে সার্কিট হাউসে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মধ্যাহ্নবিরতির পর বিকেল ৩টা ৩০ মিনিটে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সামনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি।

সিলেট সফর শেষে মঙ্গলবার রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

কালের আলো/এমএসআইপি