খুঁজুন
                               
, ,
           

জাপানকে উড়িয়ে সেমিফাইনালে ভারত, বাংলাদেশের প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৫ অপরাহ্ণ
জাপানকে উড়িয়ে সেমিফাইনালে ভারত, বাংলাদেশের প্রতিপক্ষ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটের সেমিফাইনালের লড়াই নিশ্চিত হয়েছে। কোয়ার্টার ফাইনালে জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চারে উঠেছে ভারত। ফলে আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।

জাপানের করোগি স্পোর্টস পার্কে টসে জিতে জাপানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। স্বাগতিক দলের মেয়েরা নির্ধারিত ইনিংসে তুলতে পারে মাত্র ৫৭ রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটাররা শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন। মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।এই জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারতের মেয়েরা। অন্য সেমিফাইনালে একই দিন পাকিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশের ম্যাচ

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল চীন। তবে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি মাঠে গড়াতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হলে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে, আর চীন রয়েছে ৩৬ নম্বরে।

এক সপ্তাহের ব্যবধানে আবার ভারত-বাংলাদেশ

ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের লড়াই অবশ্য নতুন নয়। মাত্র এক সপ্তাহ আগে এশিয়া কাপের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৪০ রানে।আগে ব্যাট করে ভারত ১৪৯ রান সংগ্রহ করেছিল। জবাবে বাংলাদেশ ৭ উইকেটে ১০৯ রান করতে সক্ষম হয়।এবার এশিয়ান গেমসের সেমিফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। ফলে আগের ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ভিন্ন ফলের লক্ষ্য থাকবে নিগার সুলতানাদের সামনে।২০ সেপ্টেম্বরের ম্যাচে ভারতকে হারাতে পারলে এশিয়ান গেমসের ফাইনালে ওঠার পাশাপাশি আগের হারেরও জবাব দেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ।

কালের আলো/এসএ

রংপুর মেডিকেলে সিন্ডিকেট বন্ধে পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে: রাশেদ খান

রংপুর প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
রংপুর মেডিকেলে সিন্ডিকেট বন্ধে পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আর কোনো সিন্ডিকেট ও দৌরাত্ম্য থাকবে না। এসব বন্ধে প্রশাসনের সহযোগিতায় হাসপাতালে পুলিশের ক্যাম্প স্থাপন করা হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে তার কথা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ সদস্যদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে পারলে আগামীকাল থেকেই প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে কমিশনার তাকে জানিয়েছেন।

তিনি বলেন, হাসপাতাল ক্যাম্পাসের সীমানার আশপাশে মাদকের ব্যবহার ও সিন্ডিকেট বন্ধে পুলিশ কাজ করবে। আরও সহযোগিতার প্রয়োজন হলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। এরপরও কেউ হাসপাতালকে জিম্মি করে বা সিন্ডিকেট তৈরি করে রোগী ও স্বজনদের হয়রানি করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রাশেদ খান বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়েছে। এ দুটি খাতে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে। বর্তমান স্বাস্থ্যমন্ত্রীও বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবায় মানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে। আগামী দুই বছরের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এমন একটি পর্যায়ে পৌঁছাবে, যাতে রংপুর বিভাগের মানুষকে চিকিৎসার জন্য ঢাকায় যেতে না হয়। এই অঞ্চলের মানুষ আধুনিক চিকিৎসাসেবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই পাবেন।

এ সময় রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং তিনি যেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন, সেই স্থান পরিদর্শনের কথা রয়েছে। একই সঙ্গে বিকেলে জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তার মতবিনিময় করার কথা রয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

বেগম জিয়ার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার কর্মসূচি হাতে নিয়েছি: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ
বেগম জিয়ার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার কর্মসূচি হাতে নিয়েছি: এ্যানি

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নতুন কর্মসূচি হাতে নিয়েছি। দল-মতনির্বিশেষে সবাই এসব কাজকে অগ্রাধিকার দিলে অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙা করা সম্ভব হবে। স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা কাজগুলো অব্যাহত রেখেছি।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্ত করার পর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে পুকুরে অবমুক্ত করার জন্য সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে মাছের পোনা বিতরণ করা হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে বৃক্ষরোপণ অভিযান রয়েছে। সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিও অব্যাহত রয়েছে। এ ছাড়া ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এসব খাল পুনঃখনন করা হবে। মাছের পোনা অবমুক্তকরণও এই কর্মসূচির আওতায় রয়েছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় দূরদর্শী চিন্তা থেকে স্বনির্ভর বাংলাদেশ গঠনে খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলেন। সেটি ছিল একটি আন্দোলন ও বিপ্লব।

এ্যানি আরও বলেন, ‘আমরা গ্রামীণ অবকাঠামোকে অগ্রাধিকার দিচ্ছি। সামাজিকভাবে নৈতিক দায়িত্ববোধ থেকে কর্মসূচিগুলো পালন করছি। পাশাপাশি সবকিছুর সঙ্গে পরিবেশের সম্পর্ক রয়েছে। রহমতখালী খাল লক্ষ্মীপুরের প্রাণ। ইতোমধ্যে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ অব্যাহত রয়েছে। প্রচুর কচুরিপানা ছিল, সেগুলো পরিষ্কার করা হয়েছে। এখন পানির প্রবাহও যথেষ্ট রয়েছে। আজ খালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সবাই মিলে এই সামাজিক উদ্যোগকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।’

এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী প্রমুখ।

কালের আলো/আরডি/এমডিএইচ

মেসির মাথা খুলেছে মায়ামিতে, বাড়ছে হেডে গোল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
মেসির মাথা খুলেছে মায়ামিতে, বাড়ছে হেডে গোল

শিরোনামটি পড়ে অদ্ভুত লাগতেই পারে—লিওনেল মেসির আবার মাথা খোলার কী আছে! আসলে মেসির মাথা বরাবরই ছিল, তবে গোল করার ক্ষেত্রে ক্যারিয়ারের বড় একটা সময় সেটির ব্যবহার ছিল তুলনামূলক কম। কিন্তু ইন্টার মায়ামিতে এসে সেই চিত্রে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে।

প্রায় দুই দশকের পেশাদার ক্যারিয়ারে বার্সেলোনার মূল দলে ১৭ বছর খেলেছেন মেসি। এরপর পিএসজিতে কাটিয়েছেন দুই মৌসুম। সর্বশেষ চার মৌসুম ধরে খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও দুই দশকের বেশি সময় ধরে খেলছেন তিনি।

দীর্ঘ এই ক্যারিয়ারের পরিসংখ্যান বলছে, মায়ামিতে এসেই হেডে গোল করার হার বেড়েছে মেসির।

বার্সায় ৬৭২ গোলে হেড মাত্র ২৪

বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসি করেছেন ৬৭২ গোল। এর মধ্যে হেড থেকে এসেছে মাত্র ২৪টি। অর্থাৎ বার্সার হয়ে তাঁর প্রতি ১০০ গোলের মধ্যে হেডে ছিল প্রায় ৩ দশমিক ৫৭টি।

বিপরীতে বাঁ পায়ের ব্যবহার ছিল তাঁর গোলের প্রধান অস্ত্র। বার্সেলোনার হয়ে করা ৬৭২ গোলের ৫৫৭টিই এসেছে বাঁ পায়ে, যা মোট গোলের প্রায় ৮২ দশমিক ৮৯ শতাংশ।

পিএসজিতেও চিত্রটা খুব একটা বদলায়নি। প্যারিসের ক্লাবটির হয়ে দুই মৌসুমে ৩২ গোলের ২৮টিই করেছেন বাঁ পায়ে। হেডে গোল ছিল শূন্য।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও ১২৫ গোল করেছেন মেসি। এর মধ্যে ১১১টি বাঁ পায়ে, আর হেডে মাত্র দুটি।

মায়ামিতে বদলে গেল চিত্র

ইন্টার মায়ামির হয়ে বৃহস্পতিবার ক্রুজ আজুলের বিপক্ষে করা গোলটি ছিল মেসির শততম গোল। আর এই শতকের মধ্যে হেড থেকে এসেছে ছয়টি গোল। অর্থাৎ মায়ামির হয়ে মেসির মোট গোলের ৬ শতাংশ এসেছে মাথা দিয়ে।

বার্সেলোনা বা পিএসজির তুলনায় সংখ্যাটি খুব বড় না হলেও মেসির দীর্ঘ ক্যারিয়ারের প্রেক্ষাপটে পরিবর্তনটি চোখে পড়ার মতো।

বার্সেলোনায় হেডে গোল কম কেন?

মেসির হেডে গোলের সংখ্যা বুঝতে হলে তাঁর খেলার ধরনও বিবেচনায় নিতে হয়। বার্সেলোনার সোনালি সময়ে দলের আক্রমণ গড়ে উঠত ছোট পাস, বলের নিয়ন্ত্রণ এবং ধারাবাহিক বিল্ডআপের ওপর।

জাভি, আন্দ্রেস ইনিয়েস্তা ও সার্জিও বুসকেতসদের সঙ্গে দ্রুত পাস আদান-প্রদানের মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণ ভাঙাই ছিল বার্সার অন্যতম প্রধান অস্ত্র। সেই ব্যবস্থায় বল বেশির ভাগ সময় মাটিতেই থাকত।

মেসিও অনেক সময় নিচে নেমে বল নিতেন, ড্রিবল করে রক্ষণ ভাঙতেন কিংবা সতীর্থদের গোলের সুযোগ তৈরি করে দিতেন। ফলে ক্রস থেকে বক্সে উঠে মাথা দিয়ে গোল করার পরিস্থিতি তাঁর খেলায় তুলনামূলক কম তৈরি হতো।

মায়ামিতে ভূমিকা বদলেছে

ইন্টার মায়ামিতে এসে মেসির ভূমিকায় কিছুটা পরিবর্তন এসেছে। তিনি এখনো দলের প্রধান সৃষ্টিশীল খেলোয়াড়, তবে আগের মতো প্রতিটি আক্রমণের শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে যুক্ত থাকেন না।

কখনো মাঝমাঠে নেমে আক্রমণ তৈরি করছেন, কখনো ডান দিকের হাফ স্পেসে অবস্থান নিচ্ছেন, আবার কখনো প্রতিপক্ষের বক্সের কাছাকাছি গিয়ে শেষ পাস কিংবা ফিনিশিংয়ের অপেক্ষায় থাকছেন।

এমএলএসের ট্যাকটিক্যাল বিশ্লেষণেও মেসির এই স্বাধীন ভূমিকার বিষয়টি উঠে এসেছে। ডান দিকের হাফ স্পেসে তাঁকে তুলনামূলক স্বাধীনভাবে খেলানো হলে তিনি ভেতরে ঢুকতে কিংবা বাইরে গিয়ে জায়গা তৈরি করতে পারেন। এতে প্রতিপক্ষের বক্সে বিভিন্ন অবস্থান থেকে পৌঁছানোর সুযোগও বাড়ে।

বয়সের সঙ্গে বদলেছে মেসির খেলাও

বার্সেলোনার মেসি আর ইন্টার মায়ামির মেসি একই খেলোয়াড় হলেও তাঁদের বয়স ও শারীরিক চাহিদা এক নয়। ক্যারিয়ারের শেষ দিকে এসে আগের মতো প্রতিটি আক্রমণে দীর্ঘ সময় দৌড়ানো কিংবা বল পায়ে নিয়ে পুরো মাঠ পাড়ি দেওয়ার পরিবর্তে নিজের অবস্থান, সময়জ্ঞান ও শক্তির ব্যবহার আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সতীর্থদের ধরনও এখানে ভূমিকা রাখে। বার্সেলোনায় মেসির সঙ্গে জাভি, ইনিয়েস্তা ও বুসকেতসের মতো খেলোয়াড়দের বোঝাপড়া ছিল। মায়ামিতে লুইস সুয়ারেজ, রদ্রিগো দি পল ও জর্দি আলবার মতো পরিচিত মুখ থাকলেও দলের খেলার কাঠামো বার্সেলোনার তিকিতাকা যুগের মতো নয়।

মায়ামির আক্রমণে দ্রুত বল এগিয়ে নেওয়া, উইং ব্যবহার কিংবা দূর থেকে শট নেওয়ার মতো বৈচিত্র্য রয়েছে। ফলে মেসির সামনে এখন শুধু বল পায়ে নিয়ে আক্রমণ তৈরির সুযোগই নয়, বক্সে গিয়ে শেষ মুহূর্তে আক্রমণ শেষ করার সুযোগও তৈরি হচ্ছে।

আর সেই পরিবর্তনেরই একটি মজার প্রতিফলন দেখা যাচ্ছে তাঁর হেডে করা গোলের পরিসংখ্যানে। দীর্ঘ ক্যারিয়ারে বাঁ পা ছিল তাঁর সবচেয়ে বড় অস্ত্র; মায়ামিতে এসে মাথাটাও যেন একটু বেশি কাজে লাগছে।

কালের আলো/এসএ