খুঁজুন
                               
, ,
           

এরদোয়ান-অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক, রোহিঙ্গা ইস্যুতেও জোর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
এরদোয়ান-অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক, রোহিঙ্গা ইস্যুতেও জোর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে ব্যস্ত কূটনৈতিক কর্মসূচি পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফ এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমের সঙ্গে পৃথক বৈঠক করেছেন তিনি। পাশাপাশি জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের তুর্কি হাউসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও বহুমাত্রিক করার বিষয়ে আলোচনা হয়। অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এর আগে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারত্বের নতুন ক্ষেত্র সম্প্রসারণের সম্ভাবনাও আলোচনায় আসে।

ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফের সঙ্গেও পৃথক বৈঠক করেন তারেক রহমান। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয় উঠে আসে। হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্কের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা

জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।

এ সময় সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারেক রহমান। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও সম্মানজনকভাবে ফেরার উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন তিনি।

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত বিশ্বনেতাদের সম্মানে স্বাগত প্রাতরাশে সস্ত্রীক অংশ নেন প্রধানমন্ত্রী। পরে ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্কের উদ্বোধনী পর্বেও যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রথম দিনের কর্মসূচিতে দ্বিপক্ষীয়, বহুপক্ষীয়, আঞ্চলিক ও উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

কালের আলো/এমএসআইপি 

এশিয়া কাপ–বিশ্বকাপের আগে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
এশিয়া কাপ–বিশ্বকাপের আগে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

এশিয়া কাপ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে অনুষ্ঠেয় এই সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে।

আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজটি। এতে অংশ নেওয়া তিন দল লিগ পর্বে একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

সিরিজে অংশ নিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা আগামী ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে পৌঁছাবে। একই দিন থেকে ১ অক্টোবর পর্যন্ত ইকবাল স্টেডিয়ামে তিন দলের অনুশীলন অনুষ্ঠিত হবে।

২ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের সিরিজ অভিযান শুরু হবে ২ অক্টোবর। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

এরপর ৫ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এক দিন বিরতির পর ৬ অক্টোবর আবার পাকিস্তানের মুখোমুখি হবে তারা।

লিগ পর্বের পরের ম্যাচগুলোতেও ব্যস্ত সূচি থাকছে বাংলাদেশের। ৮ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর ১১ অক্টোবর পাকিস্তানের সঙ্গে এবং ১৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।

সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়।

লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১৬ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে। ফলে লিগ পর্বের ছয় ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্সের ওপরই অনেকটা নির্ভর করবে ফাইনালে ওঠার সমীকরণ।

এশিয়া কাপ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে এই ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য নিজেদের প্রস্তুতি যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলে নিজেদের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করার সুযোগও পাবেন দলের খেলোয়াড়েরা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড

অরিত্রি নির্জনা মণ্ডল, মাইমুনা নাহের, অচেনা জান্নাত ইমান্তা, সাদিয়া ইসলাম (অধিনায়ক), সাদিয়া আক্তার, বিবি আয়েশা, শিরিনা খাতুন, ফানিহা ইয়াসমিন, নিশিতা আক্তার নিশি (সহ-অধিনায়ক),তিথি দাস অপর্ণা, আফরিন মিম, ফারজানা ইয়াসমিম মেধা, অদ্রিতা নওশিন, শ্রাবণী শীল, জান্নাতুল ফেরদৌসি।

কালের আলো/এসএ

জামায়াত দল হিসেবে অকৃতজ্ঞ: প্রতিমন্ত্রী শাহে আলম

চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
জামায়াত দল হিসেবে অকৃতজ্ঞ: প্রতিমন্ত্রী শাহে আলম

জামায়াতকে দল হিসাবে ‘অকৃতজ্ঞ’ বলে আখ্যা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় ৫১০টি পরিবারকে গৃহ নির্মাণে ৩০ হাজার টাকা করে দেওয়া হয়।

শাহে আলম বলেন, খালেদা জিয়া ২০০১ সালে জামায়াতের ২ নেতাকে মন্ত্রীত্ব দিয়েছিলেন,  যাতে তাদের রাজাকরের তকমা দূর হয়। জামায়াত এখন সব ভুলে গেছে।  এ সরকার জনগণের সরকার, দুই তৃতীয়াংশ ভোটে নির্বাচিত। অথচ ছয় মাস না যেতে তারা এখন লংমার্চ করে সরকার পতনের হুমকি দেয়।

এনসিপি ও জামায়াতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

এ বিষয়ে তিনি বলেন,  এনসিপি  ও জামায়াতর সাথে আওয়ামী লীগের সম্পর্ক পুরনো। ভারতে পলাতক নেতাদের সাথে তাদের যোগাযোগ থাকতে পারে। তাদের পুরনো সম্পর্ক আবার জোড়া লাগতে পারে। এখন তারা দেশে যে আন্দোলন করছে, এটা আওয়ামী লীগকে সহায়তা করার শামিল।

১১ দলীয় জোটের নেতারা সংসদে এক কথা বললেও বাইরে আরেক কথা বলেন। তারা নানারকম অভিনয় করছেন। এনসিপির নেতাদের বয়স কম, অথচ  সম্মান দিয়ে, রাজনৈতিক ভাষায় কথা বলেন না। তারেক রহমানকে নিয়ে বিশ্রী ভাষায় কথা বলেন। বিএনপিকে কারো হুমকিতে পরোয়া করেনা।

আগামী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হবে। সেজন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে। এবার স্থানীয় নির্বাচনে,  উপজেলা নির্বাচনে বিএনপি একক প্রার্থী সমর্থন দেবে, যে বিরোধিতা করবে, বিদ্রোহী হবে- তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।

তিনি বলেন, যারা গত নির্বাচনে বিএনপির সাথে বেঈমানি করেছে,  দলে আর তাদের ঠাঁই হবে না। দলের জন্য যারা দুঃসময়ে কাজ করেছেন তারা ঠিকাদারিসহ বৈধ সবকিছু পাবেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

বাস্তবতার নিরিখেই স্থানীয় নির্বাচনের সময় পরিবর্তন: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
বাস্তবতার নিরিখেই স্থানীয় নির্বাচনের সময় পরিবর্তন: ইসি আনোয়ারুল

বাস্তবতার নিরিখেই স্থানীয় সরকার নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘আশা করছি আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।’

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বর বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার চিন্তা করছে নির্বাচন কমিশন। বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে ভোট হবে না। পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে আশা করি।’

এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে চিঠি চালাচালি করতে হয় এমন কোনো নজির নেই। সরকারের সঙ্গে নির্বাচন উপযোগীর তালিকা চাওয়া হয়েছে।

আনোয়ারুল ইসলাম আরো বলেন, পাবলিক পরীক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যুক্ত থাকেন, তাই এই সময়টাতে নির্বাচন করা কঠিন। বাস্তবতার নিরিখে নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ