খুঁজুন
                               
, ,
           

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ 

আমদানি-রফতানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির দশম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্য চালান খালাসের সময় ও ব্যয় কমাতে সরকার দপ্তরগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্য প্রক্রিয়া সহজ করার কাজ করছে। এসব উদ্যোগের সুফল ব্যবসায়ীদের কাছে পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষের কার্যকর সমন্বয় প্রয়োজন।

সভায় উপস্থাপিত কার্যপত্র অনুযায়ী, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বাণিজ্য সহজীকরণ চুক্তির আওতায় বাংলাদেশের ৫৪টি পদক্ষেপের মধ্যে ৪৭টি বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে ক্যাটাগরি-এ’র ২১টি ও ক্যাটাগরি-বি’র ১৮টি বাধ্যবাধকতা বাস্তবায়ন করে ডব্লিউটিওকে জানানো হয়েছে।

ক্যাটাগরি-সি’র ১৫টি পদক্ষেপের মধ্যে আটটি সম্পন্ন হয়েছে; বাকি সাতটি ২০৩০ সালের জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে অবশিষ্ট কার্যক্রম দ্রুত শেষ করার ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।

বাণিজ্যসংক্রান্ত সনদ, লাইসেন্স ও পারমিটের আবেদন এবং সেবা একই প্ল্যাটফর্মে আনতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন করেছে। এতে এখন পর্যন্ত ১৯টি সংস্থা যুক্ত হয়েছে; আরও ১৮টি দফতরকে যুক্ত করার উদ্যোগ চলছে। এ কার্যক্রম পরিচালনায় পৃথক বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো কমিশনারেট গঠনের কাজও চলমান।

এনবিআরের সদস্য ড. আল আমিন প্রামাণিক সভায় জানান, স্বয়ংক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনা সফটওয়্যার বা এআরএমএসের কার্যক্রম আগামী অক্টোবরের মধ্যে বাস্তবায়ন সম্ভব হবে বলে তারা আশা করছেন। ঝুঁকি বিশ্লেষণভিত্তিক এ ব্যবস্থা চালু হলে পণ্য খালাস দ্রুত করার সুযোগ তৈরি হবে। অথোরাইজড ইকোনমিক অপারেটর সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতেও এনবিআর উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান।

কাস্টমস সেবায় এরই মধ্যে পণ্য বন্দরে পৌঁছানোর আগে খালাস প্রক্রিয়া শুরু এবং অনলাইন অটো-ম্যানিফেস্ট রেজিস্ট্রেশনের ব্যবস্থা চালু হয়েছে। ব্যবসায়ীদের শুল্ক ও বাণিজ্যসংক্রান্ত তথ্য দিতে চালু করা হয়েছে ন্যাশনাল ইনকোয়ারি পয়েন্ট।

সভায় পচনশীল কৃষিপণ্য রপ্তানির অবকাঠামো নিয়েও আলোচনা হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে কোল্ড স্টোরেজ আধুনিকায়নের কাজ চলছে। বেনাপোলে নতুন কোল্ড স্টোরেজ নির্মাণের দরপত্র মূল্যায়ন শেষ হয়েছে। মোংলায় ১৮ একর জমিতে কোল্ড স্টোরেজ ও প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের চুক্তি হয়েছে। চট্টগ্রামের দেওয়ানহাটে রফতানিমুখী কৃষিপণ্যের জন্য প্যাকিং হাউস ও কোল্ড চেইন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান বলেন, বাণিজ্য সহজীকরণ চুক্তির সব কার্যক্রম এককভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতায় অবশিষ্ট কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ করার চেষ্টা চলছে।

ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী একই ধরনের পণ্যের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত কমাতে অভিন্ন কার্যপদ্ধতি ও ডিজিটাল ব্যবস্থার ওপর জোর দেন। এছাড়া খাদ্যপণ্যের মান পরীক্ষা ও পরীক্ষাগার সুবিধা উন্নয়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় নিয়েও সভায় আলোচনা হয়।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়, এনবিআর, বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীন।

কালের আলো/আরডি/এমডিএইচ

মিডল্যান্ড ব্যাংকে প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ
মিডল্যান্ড ব্যাংকে প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ

মিডল্যান্ড ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উভয় পদেই কতজন নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রবেশনারি অফিসার

এই পদে আবেদন করতে স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে।

নিয়োগপ্রাপ্তদের এক বছরের প্রবেশনকাল থাকবে। এ সময়ে আকর্ষণীয় মাসিক পারিশ্রমিক দেওয়া হবে। সফলভাবে প্রবেশনকাল শেষ করতে পারলে ব্যাংকের নীতিমালা অনুযায়ী নিয়মিত ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার

এ পদে আবেদনের জন্য স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ২.৭৫ এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

বয়সসীমা

প্রার্থীকে সর্বোচ্চ ৩২ বছর বয়সী হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রবেশনারি অফিসার পদের বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য এখানে দেখুন

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য এখানে দেখুন

আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬।

কালের আলো/এসএ

শিল্পকলার ডিজির অতিরিক্ত দায়িত্ব পেলেন হারুন-অর-রশীদ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
শিল্পকলার ডিজির অতিরিক্ত দায়িত্ব পেলেন হারুন-অর-রশীদ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাঃ হারুন-অর-রশীদ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মোহাঃ হারুন-অর-রশীদ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। নিয়মিত মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।

দায়িত্ব পালনকালে একাডেমির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় আর্থিক ব্যয়, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধসহ প্রশাসনিক কার্যক্রম বিধি অনুযায়ী সম্পন্ন করবেন তিনি।

এদিকে, দায়িত্ব পাওয়ার দিনই মোহাঃ হারুন-অর-রশীদ বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন বলে জানা গেছে।

এর আগে ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন)কে এক বছরের জন্য চুক্তিভিত্তিক মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছিল সরকার। তার নিয়োগের মেয়াদ পূর্ণ হওয়ায় পদটি শূন্য হয়। এরপর নিয়মিত মহাপরিচালক যোগদানের আগ পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো মোহাঃ হারুন-অর-রশীদকে।

কালের আলো/এমএসআইপি 

সরকারিভাবে ব্রুনেইয়ে চাকরি, ২৭৯ পদে নিয়োগ দেবে বোয়েসেল

চাকরি ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
সরকারিভাবে ব্রুনেইয়ে চাকরি, ২৭৯ পদে নিয়োগ দেবে বোয়েসেল

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে ব্রুনেইয়ে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। বিভিন্ন কোম্পানিতে মোট ২৭৯ জন কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।

কোন কোম্পানিতে কত পদ

সিওয়াই কনস্ট্রাকশন: নির্মাণশ্রমিক ১ জন। মাসিক বেতন ৬০০ ব্রুনেই ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭ হাজার ৮৬৬ টাকা।

লেম্যান এন্টারপ্রাইজ: এসি টেকনিশিয়ান ১ জন। মাসিক বেতন ৬০০ ব্রুনেই ডলার।

হেলিফ অ্যাকুয়াকালচার এসডিএন বিএইচডি: খামারশ্রমিক ১ জন। দৈনিক মজুরি ২০ ব্রুনেই ডলার, প্রায় ১ হাজার ৯২৯ টাকা।

সেরিকাট নর আওয়ান এসডিএন বিএইচডি: বিভিন্ন পদে সবচেয়ে বেশি কর্মী নেওয়া হবে। এর মধ্যে নির্মাণশ্রমিক ১৮০, নির্মাণশ্রমিক ৫, প্লাম্বার ৫, রাজমিস্ত্রি ২, ফোরম্যান ৩, ড্রাফটম্যান ৫, ওয়েল্ডার ৫, ইলেকট্রিশিয়ান ৫, কাঠমিস্ত্রি ৫, ক্লাস-৩ ড্রাইভার ৩, ট্রাক ড্রাইভার ৩, ভারী যানবাহনচালক ৩, সুপারভাইজার ১, অপারেটর ১ এবং টেকনিশিয়ান ১ জন।

এই প্রতিষ্ঠানে অধিকাংশ পদের দৈনিক মজুরি ২০ ব্রুনেই ডলার। অপারেটর ও টেকনিশিয়ান পদে দৈনিক মজুরি ২১ ব্রুনেই ডলার।

সেজানেস কন্ট্রাক্টর এসডিএন বিএইচডি: নির্মাণকর্মী ২০, শ্রমিক ৪ এবং গ্রাস কাটার ৫ জন। দৈনিক মজুরি ২০ ব্রুনেই ডলার।

বিএমএম এসডিএন বিএইচডি: সাধারণ শ্রমিক ৩ জন। দৈনিক মজুরি ২০ ব্রুনেই ডলার।

এবিডি এসডিএন বিএইচডি: ইলেকট্রিশিয়ান ৩ এবং ফোরম্যান ২ জন। দৈনিক মজুরি ২২ ব্রুনেই ডলার, যা প্রায় ২ হাজার ১২২ টাকা।

আলওয়ালি এসডিএন বিএইচডি: শ্রমিক ৫ জন। মাসিক বেতন ৬০০ ব্রুনেই ডলার।

এমডি রাফি কনস্ট্রাকশন: ভারী যানবাহনচালক ৪ জন। দৈনিক মজুরি ২০ ব্রুনেই ডলার।

আবেদন ফি ও সার্ভিস চার্জ

আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা।

নিয়োগকর্তার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত এবং স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ, ভ্যাট রেজিস্ট্রেশন ফি ও আনুষঙ্গিক ব্যয় দিতে হবে।

দক্ষ কর্মীদের জন্য এ বাবদ ৫৬ হাজার ৩৫০ টাকা এবং আধা দক্ষ/অদক্ষ কর্মীদের জন্য ৪৪ হাজার ৮৫০ টাকা নির্ধারিত হয়েছে।

এ অর্থ ‘বোয়েসেল, ঢাকা’ নামে সোনালী ব্যাংকের মগবাজার শাখায় পে-অর্ডারের মাধ্যমে জমা দিয়ে মূল কপি বোয়েসেলে দিতে হবে।

যেসব সুবিধা থাকছে

নিয়োগকর্তা কর্মীদের থাকা ও খাওয়ার খরচ বহন করবে। বিমানভাড়াও নিয়োগকর্তার পক্ষ থেকে দেওয়া হবে।

এ ছাড়া মেডিক্যাল, বিমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা ব্রুনেইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

চাকরির মেয়াদ ও কর্মঘণ্টা

প্রাথমিকভাবে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে। চুক্তির মেয়াদ নবায়নযোগ্য।

প্রতিদিন ৮ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারিত থাকবে।

আবেদনের শেষ সময়

আবেদনের শেষ তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।

বিস্তারিত যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য শর্ত জানতে বোয়েসেলের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

কালের আলো/এসএ