বিএনপি ক্ষমতাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে: নজরুল ইসলাম
বিএনপি সংকট ও দুঃসময়ে সবসময় জনগণের পাশে থেকেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করেছে। একই সঙ্গে দেশের অর্থনীতি সংকটে পড়লে তা পুনরুদ্ধারেও দলটি দায়িত্ব পালন করেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ১৯৭৫ সালে একদলীয় শাসন প্রতিষ্ঠার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। ১৯৮২ সালে সামরিক শাসন জারির পরও বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেনি বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। এর ধারাবাহিকতায় ১৯৯১ সালের নির্বাচনে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় এবং দলটি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু করে।
বিএনপির এই নেতা আরও বলেন, এক-এগারোর সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। এরপর দীর্ঘ সময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেছে। এ সময় দলের নেতাকর্মীরা গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, গত ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ আবারও বিএনপির প্রতি আস্থা রেখে দলটিকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। বর্তমানে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে।
তিনি বলেন, ‘এটা ক্ষমতা নয়, এটা দায়িত্ব। বিএনপি কখনোই ক্ষমতাকে ক্ষমতা মনে করে না, ক্ষমতাকে দায়িত্ব মনে করে।’
দেশের অর্থনীতি পুনরুদ্ধারের প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন সময়ে অর্থনীতি বিপন্ন ও বিপর্যস্ত হলে তা জনগণের কল্যাণে পুনরায় উন্নত করার দায়িত্ব বিএনপিকে পালন করতে হয়েছে। বর্তমান সরকারও অর্থনীতির সংকট কাটিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি।
দেশের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, উন্নয়নকাজ ব্যাহত হলে সাধারণ, শ্রমজীবী ও কর্মজীবী মানুষ কষ্টে পড়বেন। বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের কোনো কথা বা কাজে যেন পতিত স্বৈরাচার বা ফ্যাসিবাদের সুবিধা না হয়।
সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় পরিবারের প্রধান নারী সদস্যকে মাসে আড়াই হাজার টাকা দেওয়া হচ্ছে। কৃষকদের ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক দিতে ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে।
এসব উদ্যোগের বিরোধিতা না করে আরও ভালো পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
তিনি বলেন, বিএনপির দুঃসময়ে দায়িত্ব নেওয়া এবং দায়িত্ব নিয়ে সফল হওয়ার দৃষ্টান্ত রয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের কল্যাণে দলটি ভবিষ্যতেও কাজ করে যাবে।
কালের আলো/এমএসআইপি



আপনার মতামত লিখুন
[gs-fb-comments]