মাছওয়ালির বেশে কৌশানী, ‘ঝিমলি’কে দেখে চেনাই দায়
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির আলোচিত সিনেমা ‘বহুরূপী’র প্রায় দুই বছর পর আবারও জনপ্রিয় চরিত্র ‘ঝিমলি’ হয়ে পর্দায় ফিরছেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। তবে এবার শুধু সিনেমার পর্দায় নয়, মুক্তির আগেই ভিন্ন রূপে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী।
কৌশানীকে দেখা যাবে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায়। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। এরই মধ্যে সিনেমাটির প্রচারে প্রকাশ করা হয়েছে একটি মজার ভিডিও, যেখানে পুরোপুরি মেছুনির বেশে ধরা দিয়েছেন কৌশানী।
মেছুনির সাজে ‘ঝিমলি’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ছ্যাঁচড়াপুর ১ নম্বর প্ল্যাটফর্মের ঝিমলি যখন মাছওয়ালি।’ এরপরই নেটপাড়ায় শুরু হয়েছে কৌশানীর নতুন লুক নিয়ে আলোচনা।
ভিডিওতে দেখা যায়, মাথার চুল শক্ত করে খোঁপা করা, পরনে সাধারণ শাড়ি, মুখে শ্যামলা মেকআপ—একেবারে ডি-গ্ল্যাম অবতারে অভিনেত্রী। হাতে বড় বড় মাছ নিয়ে বাজারের মেছুনির মতো ক্রেতাদের ডাকছেন তিনি।
কৌশানীর এই রূপ দেখে প্রথমে তাকে চেনাই কঠিন। পর্দার গ্ল্যামারাস অভিনেত্রীকে এমন সাধারণ ও মজার চরিত্রে দেখে বেশ কৌতূহলী হয়েছেন দর্শকরা।
মাছ কাটতে গিয়ে নাজেহাল অভিনেত্রী
শুধু মাছ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকাই নয়, ভিডিওতে কৌশানীকে মাছ কাটার চেষ্টাও করতে দেখা গেছে। বটির কাছে বড় মাছ নিয়ে ঘষতে গিয়ে বেশ বেগ পেতে হয় তাকে। একপর্যায়ে রীতিমতো নাজেহাল হয়ে মজার ছলে নিজের অসহায়ত্বের কথা জানান অভিনেত্রী।
কৌশানীকে বলতে শোনা যায়, ‘ম্যায় লুট গয়ি, ম্যায় বরবাদ হো গয়ি! দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’
‘দুশো দুশো, সিলভার দুশো!’
ভিডিওতে কৌশানীর অভিনয়ের আরেকটি মজার দিকও ধরা পড়েছে। অ্যাকশনের শব্দ কানে আসতেই বাজারের হকারদের মতো গলা ছেড়ে মাছ বিক্রির হাঁক দিতে শুরু করেন তিনি।
হাতে বড় মাছ তুলে তার হাঁক—‘দুশো দুশো, সিলভার দুশো! বড় মাছ, টাটকা মাছ! বাড়িতে সবাই খুশি হবে, নিয়ে যান, নিয়ে যান।’
শুটিং শেষ করার তাগিদেও রসিকতা করতে দেখা যায় তাকে। সময়মতো কাজ শেষ করার অনুরোধ জানিয়ে মজার সুরে বলেন, ‘এরকম করছি, এর মধ্যেই কিনে নিন, পায়ে পড়ছি।’
‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’কে ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমা মুক্তির আগে কৌশানীর এই অভিনব প্রচার সেই আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে।
কালের আলো/জেএন

আপনার মতামত লিখুন
Array