খুঁজুন
                               
, ,
           

বাংলাদেশে বিমানের সংখ্যা ২০০ ছাড়ানোর প্রত্যাশা বিমানমন্ত্রীর

ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
বাংলাদেশে বিমানের সংখ্যা ২০০ ছাড়ানোর প্রত্যাশা বিমানমন্ত্রীর

বাংলাদেশে বিমানের সংখ্যা ২০০টির বেশি হোক বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। দেশের নতুন প্রজন্মের বিকাশ ও ভবিষ্যতের চাহিদা বিবেচনায় এ লক্ষ্য অর্জনের কথা জানিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর আকুয়ায় একটি রিসোর্টে সিটি করপোরেশন আয়োজিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৩৫টি বিমান থাকার প্রসঙ্গ উল্লেখ করে তিনি চান, ভবিষ্যতে দেশের বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা ২০০ ছাড়িয়ে যাক। নতুন প্রজন্মের উন্নয়ন ও বিকাশের সঙ্গে তাল মিলিয়ে বিমান খাতকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী জানান, ৩৫টি বিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বিমান দেশে আসতে সময় লাগবে এবং ২০৩১ সাল থেকে সরবরাহ শুরু হয়ে ২০৩৬ সাল পর্যন্ত চলতে পারে। ভবিষ্যতে বর্তমান বিমানগুলোর অনেকগুলো অচল হয়ে পড়তে পারে বিবেচনায় নিয়েই দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণের বিষয়ে মন্ত্রী বলেন, এ অঞ্চলে বিমানবন্দর স্থাপনের দাবি উঠেছে। ত্রিশালের মতো স্থানে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের সম্ভাবনা নিয়ে সমীক্ষা চালানো হচ্ছে। বড় বিমানবন্দর নির্মাণে সময় প্রয়োজন বলেও জানান তিনি।

ময়মনসিংহ অঞ্চলের পর্যটনশিল্পের বিকাশ প্রসঙ্গে তিনি বলেন, নেত্রকোনার বিরিশিরিতে জাতীয় পর্যায়ে একটি পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ময়মনসিংহে শিশুপার্ক নির্মাণ এবং বিভাগের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

এ ছাড়া ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনার কথা তুলে ধরেন বিমানমন্ত্রী।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্যরা, সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ কৃতী শিক্ষার্থী অংশ নেন। পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

কালের আলো/এসকে/এমএসআইপি 

চকবাজারে ভয়াবহ আগুন, সাড়ে ৫ ঘণ্টা ধরে নিয়ন্ত্রণের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
চকবাজারে ভয়াবহ আগুন, সাড়ে ৫ ঘণ্টা ধরে নিয়ন্ত্রণের চেষ্টা

রাজধানীর চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজায় লাগা আগুন প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগে। এর দুই মিনিট পর, বিকেল ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর পৌঁছায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বিকেল ৫টা ২২ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছান।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান বাংলানিউজকে জানান, বিকেল ৫টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ১০টি ইউনিট কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

সচিবালয়ে এমপিদের প্রবেশে নতুন বিধিনিষেধ, সঙ্গে থাকতে পারবেন দুজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ
সচিবালয়ে এমপিদের প্রবেশে নতুন বিধিনিষেধ, সঙ্গে থাকতে পারবেন দুজন

সচিবালয়ের নিরাপত্তা জোরদার ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণে সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমপিদের সঙ্গে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও সচিবালয়ে প্রবেশের অনুমতি থাকছে না।

গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট কয়েকজন সচিবের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্তের কার্যবিবরণী অনুযায়ী, সংসদ সদস্যরা ব্যক্তিগত গাড়ি নিয়ে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে শুধু তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালককে সঙ্গে নিতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও অনুমোদন যথাযথভাবে যাচাই করে প্রবেশের ব্যবস্থা করতে হবে।

সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

জাতীয় দিবস পালনে নতুন পরিপত্র, তালিকায় ৯২ দিবস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
জাতীয় দিবস পালনে নতুন পরিপত্র, তালিকায় ৯২ দিবস

দেশে সরকারিভাবে মোট ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (১১ অক্টোবর) জারি করা এ পরিপত্রে দিবসগুলোর শ্রেণিবিন্যাস, উদ্‌যাপনের ব্যয় ও কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন পরিপত্র অনুযায়ী, দিবসগুলো আগের মতোই ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিন শ্রেণিতে বিভক্ত থাকবে। এর মধ্যে ‘ক’ শ্রেণিতে ১৮টি, ‘খ’ শ্রেণিতে ৩৯টি এবং ‘গ’ শ্রেণিতে ৩৫টি দিবস অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন সিদ্ধান্তে ‘ক’ শ্রেণিতে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যুক্ত করা হয়েছে। পাশাপাশি ‘খ’ শ্রেণিতে ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া জাতীয় চা দিবস পালনের তারিখ ৪ জুন থেকে পরিবর্তন করে ২১ মে নির্ধারণ করা হয়েছে।

পরিপত্রে দিবস পালনের ব্যয়সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ‘খ’ শ্রেণির দিবস উদ্‌যাপনে সরকারি খাত থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ব্যয় করা যাবে। ‘গ’ শ্রেণির দিবস পালনে উন্নয়ন খাত থেকে বিশেষ বরাদ্দ দেওয়া হবে না। তবে ‘ক’ শ্রেণির দিবস পালনে নির্দিষ্ট কোনো ব্যয়সীমা উল্লেখ করা হয়নি।

দিবস উদ্‌যাপনে অতিরিক্ত সাজসজ্জা ও বড় আয়োজন যথাসম্ভব পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব উপলক্ষে সেমিনার, সিম্পোজিয়াম এবং বেতার ও টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা যাবে। তবে কর্মদিবসে সমাবেশ বা শোভাযাত্রা আয়োজন এড়িয়ে চলতে বলা হয়েছে। একই সঙ্গে জেলা পর্যায়ের সরকারি কর্মচারীদের ঢাকায় আনার ক্ষেত্রেও সংযত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া শিক্ষা সপ্তাহ, প্রাথমিক শিক্ষা সপ্তাহ, বিজ্ঞান সপ্তাহ, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ, বিশ্ব শিশু সপ্তাহ, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, সশস্ত্র বাহিনী দিবস, পুলিশ সপ্তাহ, বিজিবি সপ্তাহ, আনসার সপ্তাহ, মৎস্যপক্ষ, বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় ক্রীড়া সপ্তাহ পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা নিয়ে কর্মসূচি বাস্তবায়ন করতে বলা হয়েছে।

নতুন পরিপত্র জারির মাধ্যমে গত ১১ মার্চ জারি করা আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে। ফলে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের ক্ষেত্রে এখন থেকে নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি