ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ দিন বুধবার (২১ অক্টোবর)। বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিদায় জানানোর আগে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার পাশাপাশি সিঁদুর খেলায় মেতে উঠেছেন ভক্তরা। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপে এই আয়োজনে অংশ নিয়েছেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন।
সিঁদুর খেলায় শাওন
বিজয়া দশমীতে দেবী দুর্গার বিদায়ের আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপে সিঁদুর খেলার আয়োজন করা হয়। সেখানে বন্ধুদের সঙ্গে উৎসবে যোগ দেন মেহের আফরোজ শাওন। এ সময় ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। আয়োজনের একপর্যায়ে শাওন ও অন্যরা একে অপরের কপালে সিঁদুর ও আবিরের রং লাগিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন। দেবী দুর্গার বিদায়ের ক্ষণে আনন্দঘন পরিবেশের পাশাপাশি উপস্থিত ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে বিষাদের সুরও।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে উৎসব
বুধবার (২১ অক্টোবর) সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দেবীকে সিঁদুর দিয়ে বরণ, সিঁদুর খেলা এবং অন্যান্য ধর্মীয় আয়োজন শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। শুক্রবার (১৬ অক্টোবর) দেবীর পূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল এবারের শারদীয় দুর্গাপূজা। ছয় দিনের এই উৎসবের শেষ দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভক্তরা নানা আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন।
ঢাকেশ্বরী মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা
বিজয়া দশমী উপলক্ষে বুধবার (২১ অক্টোবর) বেলা ৩টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা ঢাকেশ্বরী মন্দিরে আনা হবে। পরে ঢাকার ১১টি ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গার বিদায়কে ঘিরে একদিকে যেমন উৎসবের সমাপ্তি, অন্যদিকে আগামী বছর আবারও দেবীর আগমনের প্রত্যাশায় থাকবেন ভক্তরা।
কালের আলো/এসএআর/এসএ



আপনার মতামত লিখুন
[gs-fb-comments]