খুঁজুন
                               
, ,
           

প্রথম লক্ষ্য দেশের ক্রিকেটের নষ্ট হয়ে যাওয়া ভাবমূর্তি ঠিক করা: তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
প্রথম লক্ষ্য দেশের ক্রিকেটের নষ্ট হয়ে যাওয়া ভাবমূর্তি ঠিক করা: তামিম

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় প্রথমবারের মতো মিরপুরের বিসিবি কার্যালয়ে পা রাখেন তিনি।

বিসিবিতে পৌঁছেই বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তামিম। এরপর অ্যাডহক কমিটির সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় প্রথম বোর্ড সভা। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম স্পষ্ট করে জানিয়ে দেন, তাঁর এবং পুরো টিমের সবচেয়ে বড় অগ্রাধিকার হলো গত এক-দেড় বছরে নষ্ট হয়ে যাওয়া বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ফিরিয়ে আনা।

তামিম বলেন, ব্যক্তিগতভাবে আমি এবং আমার টিম সবাই একসঙ্গে অনুভব করছি যে, আমাদের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ঠিক করা। গত এক-দেড় বছরে যে ক্ষতি হয়েছে, সেটা মেরামত করাই আমাদের প্রধান লক্ষ্য।

তিনি আরও যোগ করেন, ক্রিকেট সবসময় আমাদের গর্বের বিষয় ছিল। বিসিবিতে যারা চাকরি করতেন, বাইরে গিয়ে গর্ব করে বলতেন—‘আমি বিসিবিতে চাকরি করি’। এখন সেই গর্বটা ফিরিয়ে আনতে হবে।

অ্যাডহক কমিটিকে মাত্র তিন মাসের মধ্যে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। তামিম জানান, দায়িত্ব যতটা সততা ও দ্রুততার সঙ্গে পালন করা সম্ভব, তাঁরা তাই করবেন। পাশাপাশি দৈনন্দিন কাজকর্ম, বিশ্বকাপ-সংক্রান্ত ইস্যুসহ সব বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।

৩৭ বছর বয়সী তামিম এখন বিসিবির ইতিহাসে সবচেয়ে তরুণ সভাপতি। তাঁর নেতৃত্বাধীন কমিটিতে রয়েছেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু, আতাহার আলী খানসহ আরও কয়েকজন।

কালের আলো/আরডি/এমডিএইচ

দল ‘নিবন্ধিত’ সংগঠন ‘অদৃশ্য’

কালের আলো রিপোর্ট:
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
দল ‘নিবন্ধিত’ সংগঠন ‘অদৃশ্য’

মিরপুর ডিএইচএসের একটি বাড়ির ঠিকানায় গিয়ে খোঁজ করা হলো বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের কেন্দ্রীয় কার্যালয়। ইসির নথিতে ঠিকানাটি স্পষ্ট। কিন্তু বাড়ির নিরাপত্তাকর্মীর পরিবার জানাল, সেখানে কোনো রাজনৈতিক দলের অফিস নেই। থাকেন দলের সভাপতি আবুল কালাম আজাদ ও তাঁর পরিবার। দলের কার্যালয়ের বদলে ভবনটি এখন কার্যত একটি আবাসিক ঠিকানা।

  • রাজধানীতে ৮ নিবন্ধিত দলের কার্যালয়ের হদিস নেই; ৩টি তালাবদ্ধ
  • মাঠপর্যায়ে ৩৬ দলের সংগঠনের হদিস নেই
  • কেন্দ্র থেকে জেলা-উপজেলা—কার্যালয় ও কর্মীহীনতার চিত্র

মোহাম্মদপুরের লালমাটিয়ায় জাতীয় পার্টি-জেপির যে কেন্দ্রীয় কার্যালয় থাকার কথা, সেখানেও নেই কোনো দলীয় তৎপরতা। দরজার ওপাশে রাজনৈতিক কর্মী নয়, থাকছেন ব্যাচেলর ভাড়াটেরা। পুরানা পল্টনের তোপখানা রোডে বাংলাদেশ সাম্যবাদী দলের নামে দেওয়া ঠিকানাতেও মিলল না দলের কোনো চিহ্ন। ভবন মালিকের ভাষ্য, দলটি প্রায় এক বছর আগেই চলে গেছে।

আরও এক ধাপ এগিয়ে পুরানা পল্টনের ইশরাত টাওয়ার। ইসির নথিতে এখানে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয় থাকার কথা। বাস্তবে নেই অফিস, নেই দলীয় কার্যক্রমও। দলের সভাপতিই বলছেন, ‘আমাদের কেন্দ্রীয় কার্যালয়টি সেখানে নেই। দলের কার্যক্রমও নেই।’ অর্থাৎ ইসির কাগজে যে ঠিকানাগুলো এখনো রাজনৈতিক দলের পরিচয় বহন করছে, সরেজমিনে তার অনেকগুলোর অস্তিত্বই মিলছে না।

কোথাও অফিস নেই, কোথাও অফিস থাকলেও মাসের পর মাস তালাবদ্ধ। আবার কোনো দলের কার্যালয় এখন ব্যক্তিগত বাসা, কোনোটি আইনজীবীর চেম্বার কিংবা অন্য কাজে ব্যবহৃত হচ্ছে। নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের সাংগঠনিক বাস্তবতা খুঁজতে গিয়ে এমনই এক অস্বস্তিকর চিত্র উঠে এসেছে।

৬০ দলের মধ্যে ঢাকাতেই ৮টির কার্যালয় নেই
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল ৬০টি। এর মধ্যে রাজধানীতে ইসির দেওয়া ঠিকানায় গিয়ে আটটি দলের কেন্দ্রীয় কার্যালয় পাওয়া যায়নি। আরও তিনটি দলের কার্যালয় থাকলেও সেগুলো তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ এই হিসাবের বাইরে।

ইসিতে নিবন্ধিত ৪৮টি দলের কার্যালয় ঘুরে, ভবন কর্তৃপক্ষ, নিরাপত্তাকর্মী ও সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। এতে দেখা যাচ্ছে, নিবন্ধনের সময় দলগুলো যে সাংগঠনিক উপস্থিতির দাবি করেছিল, তার সঙ্গে বর্তমান বাস্তবতার অনেক ক্ষেত্রে বড় ব্যবধান তৈরি হয়েছে।

কাগজে কেন্দ্রীয় কার্যালয়, বাস্তবে অন্য ঠিকানা
বিএনএফের সভাপতি আবুল কালাম আজাদ জানিয়েছেন, তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদে তাঁদের পুরোনো কেন্দ্রীয় কার্যালয় ছিল। ২০২৪ সালের আগস্টের পর সেখানে আর যাওয়া হয়নি। বর্তমানে ডিওএইচএসের একটি ছোট জায়গা সভাপতির কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রয়োজন হলে রেস্তোরাঁ বা কারও বাসায় বৈঠক করতে হয়।

বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মিরপুরের ঠিকানায় গিয়ে কোনো কার্যালয় পাওয়া যায়নি। দলটির প্রধান আবু লায়েস মুন্না জানিয়েছেন, অফিস এখন বন্ধ এবং পল্টন এলাকায় নতুন কার্যালয় খোঁজা হচ্ছে।

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের গুলশানের ঠিকানাতেও নেই দলটির কার্যালয়। মহাসচিব শেখ রায়হান রাহবার জানিয়েছেন, মার্চের পর তাঁরা ওই অফিস ছেড়েছেন; এখনো নতুন জায়গা পাননি।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির পুরানা পল্টনের অফিসও নেই। দলের সংশ্লিষ্ট নেতার ভাষ্য, পুরোনো কার্যালয় ছেড়ে বায়তুল মোকাররমের আশপাশে নতুন অফিস নেওয়া হয়েছে। তবে সেই কার্যালয়ের সুনির্দিষ্ট ঠিকানাও তিনি জানাতে পারেননি।

কোথাও সাইনবোর্ড আছে, ভেতরে নীরবতা
তৃণমূল বিএনপির ক্ষেত্রে আবার ইসির ঠিকানায় দলীয় সাইনবোর্ড রয়েছে। তোপখানা রোডের মেহেরবা প্লাজার ১৬ তলায় কার্যালয় থাকলেও সেটি তালাবদ্ধ। ভবনের কর্মচারী জানান, নিয়মিত রাজনৈতিক কার্যক্রম সেখানে হয় না; জায়গাটি মূলত ‘দ্য চ্যানচেরি চেম্বারস’ ল ফার্মের কাজে ব্যবহৃত হচ্ছে।

ধানমণ্ডির বাংলাদেশ তরিকত ফেডারেশনের কার্যালয়ের অবস্থাও প্রায় একই। ভবনের নিরাপত্তাকর্মীর দাবি, তিন মাসে মাত্র দুদিন কয়েকজনকে সেখানে দেখা গেছে। বাকি সময় কার্যালয় বন্ধ থাকে।

ধানমণ্ডি হকার্স মার্কেটে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির কার্যালয় রয়েছে, কিন্তু সেটিও নিয়মিত খোলে না। নিরাপত্তাকর্মীর ভাষ্য, ৫ আগস্টের আগে সেখানে একজন নিয়মিত থাকতেন; এরপর বিচ্ছিন্নভাবে এক-দুজন এলেও কার্যালয় প্রায় সবসময় বন্ধ।

মোহাম্মদপুরে বিএনএমের নামে একটি কক্ষ থাকলেও সাইনবোর্ড নেই। ভবনের নিরাপত্তাকর্মী জানিয়েছেন, ৫ আগস্টের পর দলটির কার্যক্রম প্রায় বন্ধ। দলটির চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফরও বলেছেন, এখন আর দলের কার্যক্রম নেই এবং কার্যালয়ও বন্ধ থাকে।

ঢাকার বাইরে চিত্র আরও ফ্যাকাশে
রাজধানীর বাইরের বাস্তবতা আরও দুর্বল। নিবন্ধনের সময় অন্তত ২১টি জেলা এবং ১০০টি উপজেলা বা থানায় দলীয় কার্যালয়ের তথ্য দিয়েছিল বিভিন্ন দল। কিন্তু সরেজমিনে এসব কার্যালয়ের বড় একটি অংশের অস্তিত্ব বা নিয়মিত কার্যক্রমের প্রমাণ পাওয়া যাচ্ছে না।

নড়াইলে জাতীয় পার্টি, সিপিবি, আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কার্স পার্টি, জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, এনসিপি, বাসদ, এনপিপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ের সাইনবোর্ড রয়েছে। তবে বেশির ভাগ কার্যালয় বছরের পর বছর তালাবদ্ধ।

নিয়মিত কার্যক্রমের উপস্থিতি তুলনামূলকভাবে দেখা যায় বিএনপি, জামায়াত, গণঅধিকার ও এনসিপির। ঝালকাঠিতেও কয়েকটি নিবন্ধিত দলের কার্যালয় রয়েছে। তবে সব দলের সাংগঠনিক তৎপরতা সমান নয়।

নিবন্ধনের শর্ত কি শুধু কাগজেই?
রাজনৈতিক দলের নিবন্ধনের সঙ্গে সাংগঠনিক উপস্থিতির বিষয়টি সরাসরি যুক্ত। অথচ নিবন্ধনের পর সেই কাঠামো বাস্তবে কতটা টিকে আছে, তা নিয়মিত যাচাইয়ের প্রশ্ন এখন সামনে এসেছে। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার মনে করেন, কার্যালয় ও কার্যক্রমহীন দলকে এভাবে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। তাঁর মতে, শর্ত ভঙ্গের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত এবং এ ক্ষেত্রে ইসির নিজস্ব ক্ষমতা প্রয়োগের সুযোগ রয়েছে।

নামের সঙ্গে সংগঠনও কি আছে?
নিবন্ধিত ৬০টি দলের সবাই যে একই অবস্থায় রয়েছে, তা নয়। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ কয়েকটি দলের নিয়মিত রাজনৈতিক তৎপরতা দৃশ্যমান। আবার অনেক দলের কার্যক্রম সীমিত, কোনো কোনো দলের ক্ষেত্রে তা প্রায় অদৃশ্য।

তবে প্রশ্নটি থেকেই যায়—নিবন্ধনের সময় যে সাংগঠনিক কাঠামো দেখিয়ে একটি দল রাষ্ট্রীয় স্বীকৃতি পেল, কয়েক বছর পর সেই কাঠামোর অস্তিত্ব কোথায়? কেন্দ্রীয় কার্যালয় নেই, জেলা-উপজেলায় সংগঠন নেই, নিয়মিত রাজনৈতিক কার্যক্রমও নেই—তবু নিবন্ধন বহাল থাকছে কোন বাস্তবতার ভিত্তিতে?

রাজনৈতিক দলের নিবন্ধন কেবল একটি নাম, প্রতীক ও নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি নয়। এর সঙ্গে জড়িয়ে আছে সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে রাজনৈতিক যোগাযোগের প্রশ্ন। তাই ইসির নথিতে থাকা ঠিকানার সঙ্গে মাঠের বাস্তবতা মিলিয়ে দেখা এখন আর নিছক প্রশাসনিক কাজ নয়; এটি নির্বাচনব্যবস্থার বিশ্বাসযোগ্যতার সঙ্গেও যুক্ত।

কালের আলো/টিইকে/এমকে

আসিফ মাহমুদের চ্যালেঞ্জের জবাব তদন্ত প্রতিবেদনে: শাহে আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
আসিফ মাহমুদের চ্যালেঞ্জের জবাব তদন্ত প্রতিবেদনে: শাহে আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা তদন্ত প্রতিবেদনেই স্পষ্ট হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যক্তি বা দলের পরিচয় বিবেচনা করে নয়, অনিয়মের সঙ্গে যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সচিবের অনুপস্থিতিতে বিলে সই করার বিষয়ে দেওয়া বক্তব্যের জেরে আসিফ মাহমুদ যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তার জবাবও তদন্ত প্রতিবেদনের মাধ্যমে পাওয়া যাবে বলে জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, একজন দায়িত্বশীল মন্ত্রী হিসেবে চাইলেই গোপনীয় নথি প্রকাশ্যে আনা সম্ভব নয়। তদন্ত শেষ হলে পুরো বিষয়টি দেশবাসীর সামনে পরিষ্কার হবে।

তিনি জানান, মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে অতিরিক্ত সচিবের নেতৃত্বে পাঁচ মাস মেয়াদি একটি বিশেষ কমিটি কাজ করছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অপরাধের মাত্রা অনুযায়ী চাকরিচ্যুতি, মামলা, জেল ও জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্নীতির উদাহরণ দিতে গিয়ে প্রতিমন্ত্রী পিরোজপুরের একটি বড় প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরেন। তার দাবি, প্রায় ৬ হাজার কোটি টাকার ওই প্রকল্পে ৩ হাজার ৫০০ কোটি টাকা কোনো কাজ না করেই ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনি ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

এদিকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঠিকাদারি খাত নিয়ন্ত্রণের প্রবণতা বন্ধ এবং সৎ ব্যবসায়ীদের সুযোগ নিশ্চিত করতে ‘পাবলিক প্রকিউরমেন্ট রুলস’ (পিপিআর) ও সংশ্লিষ্ট অধ্যাদেশ সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

গ্রামীণ সড়ক নির্মাণের মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া অভিযোগগুলোও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে প্রকৌশলীদের প্রতিটি অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কার্পেটিংয়ের পর তা টেকসই হতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় প্রয়োজন হয় উল্লেখ করে কারিগরি বিষয় বিবেচনায় নিয়ে মতামত দেওয়ার আহ্বান জানান তিনি।

কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে শিগগিরই সাংবাদিকদের সঙ্গে নিয়ে বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মীর শাহে আলম।

কালের আলো/এমএসআইপি 

১০০ কিলোমিটার পর্যন্ত লঞ্চ ভাড়া বাড়ল ২৩ পয়সা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
১০০ কিলোমিটার পর্যন্ত লঞ্চ ভাড়া বাড়ল ২৩ পয়সা

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার নৌপথে যাত্রী পরিবহনের লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বে প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে নৌপথের যাত্রীভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর মঙ্গলবার সড়কপথে বাসের ভাড়াও বাড়ানো হয়। বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন খাতে পড়ায় এবার নৌপথের যাত্রীভাড়াও সমন্বয় করা হলো। নতুন ভাড়া কার্যকর হওয়ার পর দূরপাল্লার লঞ্চযাত্রায় যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হবে।

কালের আলো/এমএসআইপি