টিজার প্রকাশের পরও ‘আন্ধার’ নিয়ে অনিশ্চয়তা
অক্টোবরে পূজা উপলক্ষে মুক্তির কথা ছিল রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘আন্ধার’। সে অনুযায়ী সিনেমাটির পোস্টার প্রকাশের পর গত ৩ সেপ্টেম্বর প্রকাশ করা হয় ১ মিনিট ২৬ সেকেন্ডের টিজার। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে।
তবে সেপ্টেম্বর শেষ হতে চললেও সিনেমাটি বোর্ডে জমা পড়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে অক্টোবরে মুক্তির বিষয়েও এখন নিশ্চিত করে কিছু বলতে পারছেন না পরিচালক, প্রযোজক কিংবা অভিনয়শিল্পীরা। ফলে ‘আন্ধার’-এর মুক্তি নিয়ে তৈরি হয়েছে নতুন করে ধোঁয়াশা।
আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা
চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও গ্রুপে এরই মধ্যে আলোচনা চলছে, অক্টোবরে ‘আন্ধার’ মুক্তি পাচ্ছে না। তবে সিনেমাটির পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সিনেমাটির গল্প ও অন্যতম প্রযোজক শাকিব চৌধুরী প্রথম আলোকে জানিয়েছেন, সিনেমার সব ঘোষণা আনুষ্ঠানিকভাবেই দেওয়া হয়েছে এবং পরবর্তী ঘোষণাও আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
তবে ‘আন্ধার’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে কি না—এ বিষয়ে মন্তব্য করতে চাননি তিনি।
শুরু হয়েছিল প্রচারণাও
অক্টোবরে মুক্তির পরিকল্পনা সামনে রেখে আগেই সিনেমাটির প্রচারণা শুরু হয়েছিল। প্রায় এক মাস ধরে নির্মাতা রায়হান রাফী সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির বিভিন্ন দৃশ্য প্রকাশ করছিলেন। এসব ছবি নিয়ে দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়।
এরপর ৩ সেপ্টেম্বর প্রকাশ করা হয় সিনেমাটির টিজার। ১ মিনিট ২৬ সেকেন্ডের সেই ভিডিওতে ছিল রহস্যময় আবহ, চরিত্রগুলোর লুক এবং বেশ কিছু চমকপ্রদ দৃশ্য।
টিজারে কোনো সংলাপ না থাকলেও দেখা গেছে আফসানা মিমি, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সিয়াম আহমেদ ও মোস্তফা মন্ওয়ারসহ প্রধান অভিনয়শিল্পীদের। সিয়াম আহমেদের কয়েকটি অ্যাকশন দৃশ্যও রয়েছে এতে।
হরর ঘরানায় বড় আয়োজন
‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহের বড় কারণ সিনেমাটির হরর ঘরানা। দেশে নিয়মিত বাণিজ্যিক হরর সিনেমা নির্মিত না হওয়ায় রায়হান রাফীর এই আয়োজন ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে কৌতূহল তৈরি হয়।
সিনেমাটির গল্প লিখেছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও অর্থহীনের সাইদুস সালেহীন সুমন। গল্পের সঙ্গে যুক্ত আছেন আদনান আদিব খানও।
দেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনা নিয়ে তাঁদের আগ্রহ থেকেই সিনেমাটির গল্পের ভাবনা এসেছে।
ভিএফএক্সে বড় পরিসরের কাজ
পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘আন্ধার’ বাংলাদেশের হরর ঘরানার বড় বাজেটের সিনেমাগুলোর একটি। এতে উল্লেখযোগ্য পরিমাণে ভিএফএক্স ও গ্রাফিকস অ্যানিমেশনের কাজ রয়েছে।
কয়েক মাস ধরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে সিনেমাটির ভিএফএক্স ও গ্রাফিকসের কাজ করা হয়েছে। সিনেমাটির বেশির ভাগ শুটিং হয়েছে গাজীপুর ও ময়মনসিংহে।
তবে সব প্রস্তুতি ও প্রচারণার পরও ঘোষিত অক্টোবরেই ‘আন্ধার’ মুক্তি পাবে কি না, সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে কবে জমা পড়বে এবং মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে কি না—এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হচ্ছে দর্শকদের।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array