খুঁজুন
                               
রবিবার, ২১ জুন, ২০২৬, ৭ আষাঢ়, ১৪৩৩
           

রায় কার্যকর হলে আমার ছেলের আত্মা শান্তি পাবে: শহীদ আবু সাঈদের মা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
রায় কার্যকর হলে আমার ছেলের আত্মা শান্তি পাবে: শহীদ আবু সাঈদের মা

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, ছেলে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের রায় হয়েছে। কিন্তু এই রায় কার্যকর হলে আমার ছেলের আত্মা শান্তি পাবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

এদিকে, শহীদ আবু সাঈদের বড়ভাই আবু রায়হান বলেন, আমার ভাইকে হত্যার সঙ্গে যারা যারা জড়িত সকলের ফাঁসি কার্যকর চাই। তাহলে ভাই হত্যার বিচার হবে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া রায়ে অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ড পাওয়া দুইজন হলেন— এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন।

এ ছাড়া রায়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদ, গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মো. মশিউর রহমান এবং লোকপ্রশাসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডলের ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই হত্যার ভিডিও সারাদেশে তোলপাড় সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, আবু সাঈদ দুই হাত প্রসারিত করে সড়কের ওপর দাঁড়িয়ে আছেন আর পুলিশ তার বুকে একের পর এক গুলি করছে। এ হত্যাকাণ্ড আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় এবং সারাদেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ছাত্র-জনতার আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ দেয়। তীব্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।

কালের আলো/এসআর/এএএন

আমলা নয়, ট্যাক্স নীতি তৈরিতে দক্ষদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
আমলা নয়, ট্যাক্স নীতি তৈরিতে দক্ষদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী

বাংলাদেশের কর ব্যবস্থার অন্যতম প্রধান সমস্যা নীতিমালা প্রণয়ন। এ কারণে করনীতি নির্ধারণের ক্ষেত্রে আমলাদের পরিবর্তে বিশেষজ্ঞ ও কর বিশেষজ্ঞদের (ট্যাক্স এক্সপার্ট) অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সঠিক নীতিমালা প্রণয়ন করা গেলে কর ব্যবস্থার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে।

রোববার (২১ জুন) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাজেট সংলাপ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের কর ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা হলো নীতিনির্ধারণ। নীতিনির্ধারণ সঠিকভাবে করা গেলে ৫০ শতাংশ সমস্যার সমাধান হয়ে যাবে।

আমরা নীতিনির্ধারণী পর্যায়ে বিশেষজ্ঞদের চাই, আমলাদের নয়। আমলাদের কাজ হলো নীতি বাস্তবায়ন করা।
ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ডি-রেগুলেশন বাস্তবায়ন এবং ব্যবসার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের সরিয়ে দেওয়া হবে। দেশের জন্য যারা কাজ করবে না, তাদের আমাদের প্রয়োজন নেই। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই আমাদের দায়বদ্ধতা জনগণের প্রতি।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অতিনিয়ন্ত্রিত (ওভার-রেগুলেটেড) দেশ। ব্যবসায়ীদের প্রতিটি ধাপে নানা বাধার সম্মুখীন হতে হয়। এই আমলাতান্ত্রিক প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে আমরা কাজ করছি। কোথাও ডি-রেগুলেশনের ব্যত্যয় ঘটলে ওয়েবসাইটের মাধ্যমে আমাদের জানান। টাস্কফোর্স বিষয়টি দেখবে।

কর ফাঁকির সংস্কৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, আমাদের কর না দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। অনেক আইনজীবী, চিকিৎসক এবং অসংখ্য দোকান ও রেস্তোরাঁ মালিক এখনো করজালের বাইরে রয়েছেন। আমরা কাউকে চাপ দিতে চাই না। ক্ষুদ্র ব্যবসায়ীরা বছরে মাত্র ২ হাজার টাকা ফ্ল্যাট রেট কর দিয়েই করের আওতায় আসতে পারবেন। কোনো ধরনের ফরম পূরণের ঝামেলাও থাকবে না। মানুষের মন থেকে করভীতি দূর করতে হবে।

শিল্প ও রপ্তানি বাণিজ্য প্রসঙ্গে তিনি বলেন, শিল্পের কাঁচামালের ওপর শুল্ক কমানো হয়েছে। শুধু তৈরি পোশাক শিল্প নয়, সব ধরনের রপ্তানি খাতের বহুমুখীকরণের জন্য বন্ড সুবিধা দেওয়া হবে। এছাড়া আন্তর্জাতিক চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে এলসি বাধ্যতামূলক না করে সরাসরি রেমিট্যান্স বা টিটির (টেলিগ্রাফিক ট্রান্সফার) মাধ্যমে বাণিজ্যের সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এতে ব্যবসার খরচ কমবে।

প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, একটি প্রকল্পের প্রস্তুতি নিতেই যদি দুই বছর সময় লেগে যায়, তাহলে সেই প্রকল্পের কার্যকারিতা অনেকাংশে কমে যায়। এর উচ্চ ব্যয় দেশের মানুষকেই বহন করতে হয়। আমরা এখন সময়মতো প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি।

অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, সংসদ সদস্য আখতার হোসেন, শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ এবং বিজিএমইএর সহ-সভাপতি এনামুল হক।

কালের আলো/এসআর/এএএন

আ.লীগের কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে: র‌্যাব

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ
আ.লীগের কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে: র‌্যাব

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর কেটে গেলেও কার্যক্রম নিষিদ্ধ দলটির তেমন কোনো তৎপরতা নেই কোথাও। এবার ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে দলটি রাজপথে তৎপর হওয়ার চেষ্টা করছে বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে। এই অবস্থায় দলটির নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ বিশৃঙ্খল পরিস্থিতির চেষ্টা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে। কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে র‌্যাব।

রোববার (২১ জুন) দুপুরে মোহাম্মদপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান এই হুঁশিয়ারি দেন। পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার প্রসঙ্গে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের নানা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে র‌্যাব কর্মকর্তা বলেন, আমরা কিন্তু সব স্টেশনে অলরেডি ম্যাসেজ দিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, যদি কেউ ২৩ তারিখকে নিয়ে অস্ত্র দিয়ে হোক বা যেভাবেই হোক আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ঝুঁকি তৈরি করতে চায়, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে। যেকোনোভাবেই হোক আমরা প্রতিহত করবো।

আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন র‌্যাব অধিনায়ক।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাউরা সোহেলকে অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব। তার দেওয়া তথ্যমতে আরও দুই ছিনতাইকারী শফিকুল ইলাম সবুজ ও রাসেলকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মাউরা সোহেলের নামে ছিনতাই-চাঁদাবাজির ১৪টি মামলা রয়েছে। এছাড়া অপর দুই আসামির বিরুদ্ধে ১টি করে মামলার কথা জানানো হয় র‌্যাব-২ এর পক্ষ থেকে।

গতকাল শনিবার (২০ জুন) সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আওয়ামী লীগের কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ সময় তিনি আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল বলতে অস্বীকৃতি জানান। তিনি দাবি করেন, আওয়ামী লীগ এখন একটি মাফিয়া গোষ্ঠী।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিকে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে পুলিশ সদর দফতর।

গত ‎বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মকাণ্ড প্রসঙ্গে মূল্যায়ন প্রতিবেদন।

‎এছাড়াও, চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনে এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এর ফলে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ক্ষুব্ধ হতে পারে। ‎এমতাবস্থায়, বর্ণিত বিষয়ের গুরুত্ব অনুধাবনপূর্বক প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

কালের আলো/এসআর/এএএন

মালয়েশিয়া সফরের উদ্দেশে বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
মালয়েশিয়া সফরের উদ্দেশে বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরের জন্য রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২১ জুন) দুপুর ২টার পর তিনি বাসভবন ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর। এই অন্যতম গুরুত্বপূর্ণ ছয় দিনের সফরে তিনি ২১-২২ জুন মালয়েশিয়া এবং ২৩-২৬ জুন চীন সফর করবেন। সফর শেষে ২৬ জুন দেশে ফেরার কথা রয়েছে।

সফরটিতে ঢাকা, কুয়ালালামপুর ও বেইজিংয়ের মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে শ্রমবাজার, বাংলাদেশি কর্মী নিয়োগ, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে। এর মধ্যে প্রায় ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল রয়েছে।

কালের আলো/এসএকে