খুঁজুন
                               
রবিবার, ২১ জুন, ২০২৬, ৭ আষাঢ়, ১৪৩৩
           

‘রাতের অন্ধকারে দৈত্যের মতো হঠাৎ করে হাম আমাদের আক্রমণ করে’ স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
‘রাতের অন্ধকারে দৈত্যের মতো হঠাৎ করে হাম আমাদের আক্রমণ করে’ স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, রাতের অন্ধকারে দৈত্যের মতো হঠাৎ করে আমাদের ওপর মিজেলস (হাম) আক্রমণ করে। তবে আমরা গ্যাভি ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আল্লাহর রহমতে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে হামের হাত থেকে রক্ষা করতে পারব। গত ৫ এপ্রিল থেকে দেশের ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় হামের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও আমরা এই কার্যক্রম শুরু করছি। আমার বিশ্বাস, আগামী ছয় মাস ঢাকা দুই সিটি কর্পোরেশনে সঠিকভাবে টিকাদান কার্যক্রম পরিচালনা করতে পারলে মিজেলস (হাম) থেকে আমরা স্থায়ী সাফল্য অর্জন করতে পারব।

তিনি সিটি কর্পোরেশনের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করে বলেন, আপনারা যদি দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে এই কর্মসূচি অবশ্যই সফল হবে।

মন্ত্রী আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একজন কাজপাগল মানুষ। তিনি কাজকে অত্যন্ত ভালোবাসেন। এত ব্যস্ততার মধ্যেও তিনি নিয়মিত হামের পরিস্থিতির আপডেট নিচ্ছেন। আক্রান্তদের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে কি না, টিকার মজুত কতটুকু এবং চলমান টিকাদান কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, এসব বিষয়ে তিনি নিয়মিত দিকনির্দেশনা দিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, একজন হাম আক্রান্ত রোগী ১৮ জন পর্যন্ত ব্যক্তিকে সংক্রমিত করতে পারে। এ কারণে বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন আইসোলেশন। এ লক্ষ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। অভিভাবকদেরও এ ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানাই।

রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, সাম্প্রতিক সময়ে দেশে যেভাবে হামের প্রাদুর্ভাব বেড়েছে, তা উদ্বেগজনক। সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এরইমধ্যে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করেছে। গণমাধ্যম যদি অভিভাবকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়, তাহলে এই সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। সময়মতো টিকা দেওয়াই হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ।

সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, বিগত সরকারের অবহেলার কারণে আজ হামের এই পরিস্থিতি তৈরি হয়েছে। একইভাবে সিটি কর্পোরেশনের রুটিন কার্যক্রমও সঠিকভাবে পরিচালিত হয়নি, যার ফলে বর্তমানে কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে আমরা আশা করছি, শিগগিরই এই পরিস্থিতি কাটিয়ে উঠে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারব।

তিনি আরও বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনে শুরু হওয়া হামের বিশেষ টিকাদান কর্মসূচি সফল করতে সব কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা সন্তানদের টিকা দিয়ে হামের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখুন।

উল্লেখ্য, রোববার থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শুরু হওয়া টিকাদান কর্মসূচি আগামী ১২ মে পর্যন্ত চলমান থাকবে। এ ক্যাম্পেইনের আওতায় ৪ লাখ শিশুকে টিকার আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন। স্থায়ী-অস্থায়ী মিলে ৫৪০টি কেন্দ্রে এ টিকা দেওয়া হবে।

কালের আলো/এসএকে

দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু মুন্সিগঞ্জে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু মুন্সিগঞ্জে

রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় কারা অধিদপ্তর।

কারা অধিদপ্তর জানায়, ক্যাশলেস কারা ব্যবস্থাপনায় আরএফআইডি (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) প্রযুক্তির মাধ্যমে কারাগারে বন্দিদের অবস্থান শনাক্ত করা হচ্ছে। একইসঙ্গে RFID ব্যবস্থার মাধ্যমে বন্দি ওয়ার্ডে বন্দিদের গণনা নিশ্চিত করা হচ্ছে।

এ ব্যবস্থায় বন্দিদের আত্মীয়-স্বজন কর্তৃক প্রদান করা অর্থ ভার্চুয়াল পদ্ধতিতে বন্দির হিসাবে জমা হবে। পরে আরএফআইডি প্রযুক্তির মাধ্যমে কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় ওই অর্থ ব্যবহার করতে পারবেন বন্দিরা।

কারা অধিদপ্তর আরও জানায়, নতুন এ ব্যবস্থার ফলে কারাগারে কোনো ধরনের নগদ অর্থের লেনদেন হচ্ছে না। এতে বন্দিদের অবস্থান সহজে নিশ্চিত করার পাশাপাশি লেনদেন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে কারা ব্যবস্থাপনায় নিরাপত্তা বৃদ্ধি, বন্দিদের তথ্য ব্যবস্থাপনা সহজীকরণ এবং সেবার মান উন্নয়ন সম্ভব হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। মুন্সিগঞ্জ জেলা কারাগারে চালু হওয়া এ কার্যক্রম দেশের কারা ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নতুন অধ্যায়ের সূচনা করেছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

মুক্তির দ্বিতীয় দিনে কত আয় করল ‘ককটেল ২’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
মুক্তির দ্বিতীয় দিনে কত আয় করল ‘ককটেল ২’

বক্স অফিসে ঝড় তুলেছে শাহিদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা অভিনীত রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমা ‘ককটেল ২’। হোমি আদাজানিয়া পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে সাড়া ফেলেছে। ‘টয় স্টোরি ৫’ এবং সামান্থা রুথ প্রভুর ‘মা ইনটি বাঙ্গারাম’-এর মতো বড় বাজেটের সিনেমার সঙ্গে একই দিনে মুক্তি পায় সিনেমাটি। তবে সিনেমা দুইটিকে পাশ কাটিয়ে বক্স অফিসে রমরমা ব্যবসা করেছে ‘ককটেল ২’।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথম দিনে ভারতে ১৩ কোটি ৫০ লাখ রুপি আয় করে। দ্বিতীয় দিনে সিনেমাটি ব্যবসা করেছে ১৬ কোটি ২৫ লাখ রুপি। দুই দিনে মোট আয় দাঁড়িয়েছে ২৯ কোটি ৭৫ লাখ রুপি (গ্রস হিসেবে ৩৫ কোটি ৭০ লাখ রুপি)।

শুধু ভারত নয়, বিশ্বজুড়েও সিনেমাটির আয় বাড়ছে। প্রথম দিনে বিশ্বব্যাপী ২০ কোটি ২০ লাখ রুপি আয়ের করেছিল। দ্বিতীয় দিনে আন্তর্জাতিক বাজারে আয় করেছে ১৫ কোটি ২৫ লাখ রুপি। মুক্তির দুই দিনে বিশ্বব্যাপী ‘ককটেল ২’-এর মোট বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ৫০ কোটি ৯৫ লাখ রুপি।

লভ রঞ্জন ও তরুণ জৈনের লেখা সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসের আয়ে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সাইফ আলী খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টির ব্লকবাস্টার ‘ককটেল’ সিনেমার ফ্র্যাঞ্চাইজি হিসেবে তৈরি হয়েছে সিনেমাটি।

তবে আগের গল্পের সিক্যুয়েল নয় বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন অভিনেত্রী কৃতি শ্যানন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তুলনা হওয়াটা স্বাভাবিক। তবে এটি কোনো সিক্যুয়েল নয়; এটি একটি ফ্র্যাঞ্চাইজি। এর গল্প ও চরিত্রগুলো সম্পূর্ণ আলাদা। ’

কী আছে ‘ককটেল ২’-এর গল্পে?
সিনেমার গল্প আবর্তিত হয়েছে দুই ছোটবেলার বন্ধু ক্রুনাল ও দিয়াকে কেন্দ্র করে। ছুটিতে বেড়াতে গিয়ে ইতালির সিসিলিতে ১০ বছর পর দিয়ার দেখা হয় তার পুরোনো বান্ধবী অ্যালির সাথে। সেখানে নিজের স্বামীকে পরীক্ষা করার জন্য দিয়া একটি পরিকল্পনা করে। বান্ধবীর পরিকল্পনায় অ্যালিও যোগ দেয়। কিন্তু মজার ছলে করা পরিকল্পনা এক সময় তাঁদের সবার জীবনে বিশাল বিপর্যয় ডেকে আনে।

কালের আলো/আরডি/এমডিএইচ

গুম-খুনের মানবতাবিরোধী অপরাধ মামলা

গুম-খুনের মানবতাবিরোধী অপরাধ মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ
গুম-খুনের মানবতাবিরোধী অপরাধ মামলা

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘঠিত গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার (২১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হবে। মামলায় একমাত্র আসামি হিসেবে রয়েছেন জিয়াউল আহসান।

এর আগে গত ৯ জুন পঞ্চম সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন নির্ধারিত থাকলেও নতুন আইনজীবী নিয়োগের আবেদন জানিয়ে সময় চান আসামিপক্ষ। পরে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে আজকের দিন ধার্য করেন।

মামলার সর্বশেষ অগ্রগতিতে গত ২৩ এপ্রিল চতুর্থ সাক্ষী হাবিবুর রহমান মল্লিকের জেরা সম্পন্ন হয়। এর আগের দিন ২২ এপ্রিল তার জবানবন্দি রেকর্ড করা হয়েছিল।

চলতি বছরের ১৪ জানুয়ারি তিনটি অভিযোগ গঠনের মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু করার আদেশ দেন ট্রাইব্যুনাল।

অভিযোগে বলা হয়, ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পুবাইলে তিনজনকে হত্যার পাশাপাশি ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনাসহ বিভিন্ন স্থানে শতাধিক ব্যক্তিকে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

আজকের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম আরও একধাপ এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কালের আলো/আরডি/এমডিএইচ