খুঁজুন
                               
শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৩ আষাঢ়, ১৪৩৩
           

ট্রাম্পের সঙ্গে চীন যাচ্ছেন ইলন মাস্ক, টিম কুক ও বোয়িং প্রধান

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
ট্রাম্পের সঙ্গে চীন যাচ্ছেন ইলন মাস্ক, টিম কুক ও বোয়িং প্রধান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফরে যোগ দিচ্ছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের কয়েকজন প্রধান নির্বাহী। সফরে থাকছেন টেসলার ইলন মাস্ক, অ্যাপলের টিম কুক এবং বোয়িংয়ের কেলি অর্টবার্গ। সফরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বড় বাণিজ্য চুক্তি ও বিনিয়োগ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের চীন সফরে মোট ১৬ জন ব্যবসায়ী নেতা অংশ নিচ্ছেন। তাদের মধ্যে প্রযুক্তি, বিমান, আর্থিক সেবা ও কৃষিখাতের বড় প্রতিষ্ঠানের প্রধানরাও রয়েছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিনিধি দলে রয়েছেন টেসলা ও এক্সের মালিক ইলন মাস্ক, অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, জিই অ্যারোস্পেসের ল্যারি কাল্প এবং বোয়িংয়ের প্রধান নির্বাহী কেলি অর্টবার্গ। এছাড়া মেটার ডিনা পাওয়েল ম্যাককরমিক, ব্ল্যাকরকের ল্যারি ফিঙ্ক, ব্ল্যাকস্টোনের স্টিফেন শোয়ার্জম্যান, কোয়ালকমের ক্রিস্টিয়ানো আমন, ভিসার রায়ান ম্যাকইনার্নি ও মাস্টারকার্ডের মাইকেল মিব্যাকও সফরে যোগ দিচ্ছেন।

প্রতিবেদন অনুযায়ী, সফরে যুক্তরাষ্ট্র ও চীন পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে নতুন কিছু ফোরাম গঠনের ঘোষণা দিতে পারে। একই সঙ্গে চীনের পক্ষ থেকে বোয়িং উড়োজাহাজ, মার্কিন কৃষিপণ্য ও জ্বালানি খাতে বড় কেনাকাটার ঘোষণা আসতে পারে।

বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ পর্যায়ের বৈঠকে বড় ব্যবসায়িক চুক্তি ঘোষণা নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক বাণিজ্য উত্তেজনার পর এই সফরকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সফরে বিরল খনিজ বা ‘রেয়ার আর্থ’ সরবরাহ নিয়ে চলমান সমঝোতাও আলোচনায় আসতে পারে। বৈদ্যুতিক গাড়ি, চিপ ও আধুনিক প্রযুক্তিপণ্যে এসব খনিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে চীন এসব খনিজ রপ্তানি সীমিত করার হুমকি দিয়েছিল।

এদিকে বোয়িং দীর্ঘদিন ধরে চীনের কাছ থেকে বড় উড়োজাহাজ অর্ডারের অপেক্ষায় রয়েছে। শিল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আলোচনায় প্রায় ৫০০টি ‘৭৩৭ ম্যাক্স’ উড়োজাহাজ এবং জিই ইঞ্জিনচালিত আরও কয়েক ডজন বড় উড়োজাহাজ থাকতে পারে। চুক্তিটি হলে ২০১৭ সালের পর এটি হবে চীনের প্রথম বড় বোয়িং অর্ডার। একই সঙ্গে এটি ইতিহাসের সবচেয়ে বড় উড়োজাহাজ অর্ডারগুলোর একটি হতে পারে।

তবে সফরে যাচ্ছেন না এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। রয়টার্স বলছে, এবারের সফরে হোয়াইট হাউসের মূল গুরুত্ব কৃষি ও বাণিজ্যিক বিমান খাতে। সে কারণে এনভিডিয়াকে অগ্রাধিকার দেওয়া হয়নি।

যদিও ট্রাম্প প্রশাসনের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক সাম্প্রতিক সময়ে ঘনিষ্ঠ হয়েছে। ট্রাম্প প্রশাসন সম্প্রতি এনভিডিয়ার এইচ২০০ এআই চিপ চীনে রপ্তানির অনুমতি দেয়। তবে চীনের সরকারি অনুমোদন জটিলতায় এখনো এসব চিপ বিক্রি শুরু হয়নি।

সবশেষে গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হয়। তখন দুই দেশ চলমান বাণিজ্যযুদ্ধ সাময়িকভাবে স্থগিত করার বিষয়ে সম্মত হয়েছিল। ওই বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে এবং পাল্টা পদক্ষেপের হুমকি দেয় বেইজিং।

কালের আলো/আরডি/এমডিএইচ

‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ
‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে’

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দেশ দুটির দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ সফর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ এবং শ্রমবাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আমি একটি ধন্যবাদ প্রস্তাব আনার জন্য দাঁড়িয়েছি। বিগ ত কয়েক বছর ফ্যাসিবাদী সরকার ছিল। গত চার মাসে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী চীন এবং মালয়েশিয়া সফর করেছেন। এই সফরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অত্যন্ত সফলতার সঙ্গে তিনি অনেকগুলো চুক্তি করেছেন। দুই দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। দীর্ঘ সময় ফ্যাসিবাদী নেতৃত্বের পর আমাদের নেতা বৈশ্বিকভাবে সমাদৃত হয়েছেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিদেশ সফরে আমাদের নেতা কিছু খারাপ দৃষ্টান্ত এড়িয়ে চলেছেন। আপনারা দেখবেন, আগের প্রধানমন্ত্রীকে বিদেশ সফরের আগে ও পরে বিরাট সংবর্ধনা দেওয়া হতো। অথচ আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বিদেশ সফরের আগে ও পরে কোনো ধরনের সংবর্ধনা দেওয়া যাবে না। তিনি নিজেই ফোন করে তা নিষেধ করেছেন। তার বিদেশ সফর অত্যন্ত সফল হয়েছে।

তিনি আরও বলেন, এই সফরের ফলে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশের অন্যতম প্রধান এবং দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরুজ্জীবিত করা, মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সেখানে কর্মরত প্রবাসী শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় এই সফর অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখবে। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বড় অবকাঠামো খাতে নতুন বিনিয়োগ এবং কৌশলগত অংশীদারত্ব বাড়াতে ১৭টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়েছে।

মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গাসহ বিভিন্ন সমস্যা নিরসনে চীন সহযোগিতা করবে। রোহিঙ্গা সংকট সমাধানেও চীন উদ্যোগ নেবে।

কালের আলো/এসআর/এএএন

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ২:০৮ অপরাহ্ণ
দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেই প্রয়াত বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৭ জুন) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে যান তিনি। এ সময় বাবা-মায়ের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের সরকারি বিদেশ সফর শেষে গতকাল ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন বাংলাদেশের সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ বিমানবন্দরে দলীয় প্রধানকে স্বাগত জানান।

কালের আলো/এসআর/এএএন

মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ২:০২ অপরাহ্ণ
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া এবং চীন সফরে যদি ভালো কিছু অর্জন হয়ে থাকে— এটি বাংলাদেশের অর্জন, দেশের মানুষের অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সফলতার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এসব কথা বলে। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমাকে ধন্যবাদ জানানো হয়েছে এই সংসদের পক্ষ থেকে, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, এখানে মূল বিষয় যেটি, এটি হচ্ছে বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য।

আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’। যে কাজটি করার চেষ্টা করেছি, আমার অবস্থান থেকে আমি আমার দেশের, আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি।

প্রধানমন্ত্রী বলেন, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোন বিষয় নেই। যদি কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে— এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন।

তারেক রহমান আরও বলেন, যেহেতু সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধীদলীয় নেতা- উনিও উৎসাহ প্রদান করেছেন দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য— সেজন্য আবারো আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সদস্য, বিরোধীদলীয় নেতাসহ সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

কালের আলো/এসআর/এএএন