খুঁজুন
                               
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

কোন এলাকায় কীভাবে কাজ, নারী এমপিদের নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
কোন এলাকায় কীভাবে কাজ, নারী এমপিদের নির্দেশনা প্রধানমন্ত্রীর

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের নির্দিষ্ট কোনো এলাকা না থাকায় কোন এলাকায় কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন। নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামীতে কাজ করার কথা বলেছেন।

সোমবার (১৮ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারদলীয় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের সভায় এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিমা রহমান সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠকে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ধন্যবাদ জানানোর উদ্দেশ্যেই এ বৈঠকের আয়োজন করা হয়। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যরা তাদের দায়িত্ব, কাজের পরিধি এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

সেলিমা রহমান বলেন, সংরক্ষিত আসনের সদস্যদের নির্দিষ্ট কোনো এলাকা না থাকায় কোন এলাকায় কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আগামীতে তারা কাজ করবেন।

এই সংসদ সদস্য আরও বলেন, একজন রাজনৈতিক নেত্রী ও সংসদ সদস্য হিসেবে জনগণের কল্যাণে কাজ করাই প্রধান দায়িত্ব। একইসঙ্গে দেশ ও দলকে ঐক্যবদ্ধ রাখার বিষয়েও গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।

নারীর ক্ষমতায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থান তুলে ধরে সেলিমা রহমান বলেন, প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়নে অত্যন্ত আন্তরিক এবং এক্ষেত্রে সরকারের উদ্যোগ বাস্তবায়নে নারী সংসদ সদস্যরা সহযোগী হিসেবে কাজ করবেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার যে পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে কাজ করছে, বৈষম্য দূরীকরণে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে নারী এমপিরাও সক্রিয় ভূমিকা রাখবেন।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শিরীন সুলতানা, বিলকিস ইসলাম, সুলতানা আহমেদ, শাম্মী আক্তার, আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, সানজিদা ইসলাম তুলি, সেলিনা সুলতানা নিশিতা, শওকত আরা আক্তার উর্মিসহ বিএনপি দলীয় সংসদ সদস্যরা।

কালের আলো/এসআর/এএএন 

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন আমিনুল হক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন আমিনুল হক

Oplus_131072

জাতীয় সংসদ ভবন সংলগ্ন শহিদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে দিনব্যাপী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা। অংশ নিয়েছে দেশের ৮টি বিভাগের প্রতিযোগিরা। সকাল থেকেই দৌড়, সফটবল, ফুটবলসহ নানা ডিসিপ্লিনের প্রতিদ্বন্দ্বিতায় মাতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা।

জেলা-বিভাগ পর্যায় পাড়ি দিয়ে প্রতিভাবানদের নিয়ে রাজধানীত অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। এই একটা দিনের জন্য অপেক্ষায় থাকেন শিশুরা। এখানে এসে নতুন নতুন বন্ধুদের সাথে পরিচিত হন তারা। পুরোটা দিন উদযাপন করেন নিজেদের মতো করে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা। কমলমতি এই শিশুদের উৎসাহ প্রদান, সমাজের আর আট দশটা স্বাভাবিক শিশুদের মতো প্রতিদ্বন্দিতার করার ক্ষমতা তৈরি করা, প্রতিভার বিকাশ ঘটানোই এই আয়োজনের লক্ষ্য।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মাহবুবুর রহমান।

আগামি বছর থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।

কালের আলো/এসএকে

সোনারহাট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১:১১ অপরাহ্ণ
সোনারহাট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির জবাবে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১৯ মে) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ গুলি ছুড়লে বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করে।

বিজিবির দৃঢ় ও পেশাদার পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বিজিবি। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে বাহিনীটি।

বিজিবি আরও জানায়, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে

কালের আলো/এসআইপি

সিঙ্গাপুরকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
সিঙ্গাপুরকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের আহ্বান মির্জা ফখরুলের

Oplus_131072

সিঙ্গাপুরকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় ও উর্বর ক্ষেত্র। অবকাঠামো, পিপিপি, পরিবহন এবং প্রযুক্তিখাতে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে।

সোমবার (১৮ মে) বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহের সঙ্গে সৌজন্য সচিবালয়ে মন্ত্রীর সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের সামনে এখন উন্নয়ন ও আধুনিকায়নের নানা চ্যালেঞ্জ রয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রাখতে বিভিন্ন খাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছে।

বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বিনিয়োগ, চিকিৎসা, প্রযুক্তি বিনিময়, বর্জ্য ব্যবস্থাপনা এবং পল্লী উন্নয়ন খাতে চলমান সহযোগিতা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী সিঙ্গাপুরকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের আহ্বান জানিয়ে আরও বলেন, সিঙ্গাপুরের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে।

সাক্ষাৎকালে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে