খুঁজুন
                               
বুধবার, ২৭ মে, ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

ঈদুল আজহা উদযাপনে নিজ নির্বাচনী এলাকায় মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
ঈদুল আজহা উদযাপনে নিজ নির্বাচনী এলাকায় মির্জা ফখরুল

প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে ঈদ উদযাপন করতে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৬ মে) রাত ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় অবস্থিত নিজ বাসভবনে পৌঁছান তিনি। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তাকে স্বাগত জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী হওয়ার পর এবারই প্রথম ঈদুল আজহা নিজ জেলা ঠাকুরগাঁওয়ে উদযাপন করতে এলেন তিনি। এর আগে ঈদুল ফিতর ঢাকায় উদযাপন করলেও, কোরবানির ঈদ ঘিরে নিজ এলাকার মানুষের সঙ্গে সময় কাটাতে ঠাকুরগাঁওয়ে আসেন এই শীর্ষ রাজনৈতিক নেতা।

এ সময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ অনেকে।

আগামী ২৮ মে সকাল ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলেও জানা গেছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

সিনেমাপ্রেমীদের জন্য সুখবর দিলেন বিজয়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
সিনেমাপ্রেমীদের জন্য সুখবর দিলেন বিজয়

দক্ষিণী তারকা থালাপতি বিজয় এবার সিনেমাপ্রেমীদের জন্য নিয়ে এলেন সুখবর। তামিল সিনেমা ইন্ডাস্ট্রির অনুরোধে রাজ্যের সব প্রেক্ষাগৃহে নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য প্রতিদিন পাঁচটি করে শো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি তামিল সিনেমা ইন্ডাস্ট্রির বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসেন বিজয়। সেখানে নতুন সিনেমার প্রচার ও ব্যবসা বাড়ানোর স্বার্থে প্রেক্ষাগৃহে দৈনিক শোর সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। পরে সেই প্রস্তাবে সম্মতি জানান তিনি।

বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হয় নতুন এই নির্দেশনার কথা।

এর আগে তামিলনাড়ু সিনেমা (রেগুলেশন) বিধিমালা, ১৯৫৭ অনুযায়ী নতুন সিনেমার জন্য দিনে চারটি শো প্রদর্শনের অনুমতি ছিল। শুধুমাত্র সরকারি ছুটি, স্থানীয় উৎসব কিংবা বিশেষ দিনে প্রশাসনের অনুমতি নিয়ে অতিরিক্ত একটি শো চালানো যেত।

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমার ক্ষেত্রে প্রথম সাত দিন প্রতিদিন পাঁচটি করে শো চালানো যাবে। এছাড়া সিনেমা মুক্তির প্রথম সপ্তাহ, সরকারি ছুটি, স্থানীয় উৎসব এবং শনি-রোববার বাড়তি শোর জন্য আর আলাদা অনুমতির প্রয়োজন হবে না।

তামিল সিনেমা ইন্ডাস্ট্রির সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ সিনেমার ব্যবসা বাড়ানোর পাশাপাশি দর্শকদের জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে। ফলে বিজয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নির্মাতা, প্রযোজক ও প্রেক্ষাগৃহ মালিকরা।

কালের আলো/এম/এএইচ

আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যুর অভিযোগ

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ছয় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ।

বুধবার (২৭ মে) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।

মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রমনা থানার ওসিও রাহাৎ খানও। ওসি বলেন, ভোরের দিকে শিশুগুলোর মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি।

শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস লিকেজ থেকে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে শিশুদের স্বজনরা অভিযোগ করলেও পুলিশের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি।

তবে মগবাজার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের মানবসম্পদ ও গণসংযোগ বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল জানান এসি বন্ধ রাখায় সাফোকেশনে ছয় শিশুর মৃত্যু হয়েছে।

গণমাধ্যমকে তারিকুল ইসলাম বলেন, ‘গতকাল দিবাগত রাতের শেষ ভাগে শিশু ওয়ার্ডে ভর্তি থাকা বাচ্চাদের আত্মীয়-স্বজনদের অভিযোগের কারণে এসি বন্ধ রাখা হয়। এরপর দুঃখজনকভাবে সাফোকেশনে ছয় শিশুর মৃত্যু হয়। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণভাবে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে।

মর্মান্তিক এই ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে তারিকুল ইসলাম মুকুল বলেন, এই ঘটনায় কেউ সরাসরি দায়ী হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও সরকারের অন্যান্য বিভাগও ঘটনাটির তদন্ত করেছে।

কালের আলো/এসআর/এএএন 

ফুটবল বিশ্বকাপ ২০২৬

আর বাকি ১৫ দিন: ড্রিবলিংয়ের ওকোচার অবিশ্বাস্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
আর বাকি ১৫ দিন: ড্রিবলিংয়ের ওকোচার অবিশ্বাস্য রেকর্ড

ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১৫ দিন বাকি। এই কাউন্টডাউনকে সামনে রেখে প্রতিদিন ফুটবল ইতিহাসের সেরা সব রেকর্ড নিয়ে বিশেষ পরিসংখ্যান প্রকাশ করছে ফিফা। ফিফার আজকের পাতায় উঠে এসেছে নাইজেরিয়ান ফুটবল জাদুকর জে জে ওকোচার এক অবিশ্বাস্য রেকর্ড।

বিশ্বকাপের ইতিহাসে একটি একক ম্যাচে সবচেয়ে বেশি সফল ড্রিবলিং বা টেক-অন করার বিশ্বরেকর্ডটি এককভাবে ধরে ওকোচা। ১৯৯৪ সালের মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপের ম্যাচে রক্ষণভাগের বিশ্বসেরা দল ইতালির বিপক্ষে এই অনন্য কীর্তি গড়েছিলেন তিনি।

সেদিন ইতালির রক্ষণভাগের মহাতারকা পাওলো মালদিনি, আলেসান্দ্রো কোস্তাকুর্তা কিংবা দেমেত্রিও আলবার্টিনিদের মতো বিশ্বসেরা ডিফেন্ডারদের বোকা বানিয়ে পুরো ম্যাচে রেকর্ড ১৫টি সফল ড্রিবলিং করেছিলেন ওকোচা। বিশ্বকাপের মঞ্চে এক ম্যাচে এত বেশি ড্রিবলিং করতে পারেননি আর কোনো ফুটবলার।

একক ম্যাচে ওকোচা শীর্ষে থাকলেও সামগ্রিকভাবে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ড্রিবলিং করার রেকর্ডটি আধুনিক ফুটবলের মহাজাদুকর লিওনেল মেসির দখলে। কাতার বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১২৫টি সফল ড্রিবলিং সম্পন্ন করেছেন।

অন্যদিকে, বিশ্বকাপের একটি নির্দিষ্ট সংস্করণে বা এক আসরে সবচেয়ে বেশি ড্রিবলিং করার রেকর্ডটি ফুটবলের ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে আর্জেন্টিনাকে একক নৈপুণ্যে চ্যাম্পিয়ন করার পথে পুরো টুর্নামেন্টে রেকর্ড ৫৩টি সফল ড্রিবলিং করেছিলেন এই কিংবদন্তি।

কালের আলো/এম/এএইচ