খুঁজুন
                               
শনিবার, ২০ জুন, ২০২৬, ৬ আষাঢ়, ১৪৩৩
           

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের উন্নয়ন ও বিনিয়োগ সংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

একনেক সভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চট্টগ্রামের আনোয়ারায় প্রস্তাবিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ প্রকল্প। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনা রয়েছে।

প্রস্তাবিত প্রকল্পটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্ণফুলী নদীর মোহনার কাছাকাছি প্রায় ৮০০ একর জমিতে গড়ে তোলা হবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৯০ কোটি টাকা।

প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৭২২ কোটি টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে চীনের পক্ষ থেকে ২ হাজার ৪৬৭ কোটি টাকা দেওয়ার কথা রয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

এর আগে চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রায় ৯০০ একর জমিতে ৯১৯ কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া সেই প্রকল্পটি গত ফেব্রুয়ারিতে বাতিল করা হয়।

অর্থনীতিবিদদের মতে, নতুন শিল্পাঞ্চল প্রকল্প বাস্তবায়িত হলে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। একনেক সভায় প্রকল্পটির অনুমোদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

এনসিপির চট্টগ্রাম মহানগরের দুই শীর্ষ নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
এনসিপির চট্টগ্রাম মহানগরের দুই শীর্ষ নেতাকে শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েব ও সদস্যসচিব আরিফ মঈনুদ্দিনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

শনিবার (২০ জুন) পৃথক দুটি চিঠির মাধ্যমে তাদের কাছে এ নোটিশ পাঠানো হয়। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এএসএম সুজাউদ্দিনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা পড়ে। অভিযোগটি তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত ও শৃঙ্খলা কমিটি গঠন করা হয়।

নোটিশে বলা হয়, অভিযোগটি তদন্তাধীন থাকা অবস্থায় এবং কেন্দ্রীয় পর্যায়ে কোনো সিদ্ধান্ত হওয়ার আগেই চট্টগ্রাম মহানগর কমিটির দুই শীর্ষ নেতা অভিযুক্ত ব্যক্তির পক্ষে অবস্থান নেন। এর মধ্যে আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েব দলীয় প্যাডে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তদন্তাধীন বিষয়ে পক্ষ নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে, সদস্যসচিব আরিফ মঈনুদ্দিনের বিরুদ্ধে দলীয় প্যাডে বিবৃতি দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অভিযোগকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে।

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেলের সদস্য মোহাম্মদ উসামা স্বাক্ষরিত নোটিশে এসব কর্মকাণ্ডকে দলীয় শৃঙ্খলার পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মীর মোহাম্মদ শোয়েব। তিনি বলেন, ১৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ সময় কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না।

তিনি বলেন, আমার অগোচরে কে বা কারা আমার অফিসিয়াল প্যাড ব্যবহার করে বিবৃতি দিয়েছে, সে বিষয়ে আমি কিছু জানি না। ওই বিবৃতির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমি এটিকে অসাংগঠনিক কাজ হিসেবে মনে করি।

শোয়েব আরও বলেন, ব্যক্তিগতভাবে আমি বডি শেমিং, নারী হেনস্তা এবং যে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরোধী। কেন্দ্র থেকে পাওয়া শোকজ নোটিশের বিষয়ে যথাযথ তথ্য-প্রমাণসহ জবাব দেব।

এ বিষয়ে সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন বলেন, আমি মাত্র ঘুম থেকে উঠেছি। গ্রুপে আমাকে মেনশন করে একটি বার্তা দেওয়া হয়েছে। সেখানে কী লেখা আছে, এখনো পড়িনি।

দলীয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

কালের আলো/আরডি/এমডিএইচ

আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের

দক্ষিণ লেবাননে সবশেষ ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন নিহত হওয়ার ঘটনার জেরে আবারও হরমুজ প্রণালী বন্ধ করার কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

তেহরান বলছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে চুক্তি হয়েছে তা লঙ্ঘনের শামিল।

ইরানের সামরিক বাহিনী বলছে, হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ থাকবে। এটি চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে প্রথম পদক্ষেপ।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী বন্ধ। জাহাজগুলোকে হরমুজ প্রণালীর কাছে না আসার ব্যাপারে সতর্ক করেছে এবং বলেছে, এমনটা করলে তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।

বিবৃতিতে আইআরজিসি নেভি লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ড এবং ওয়াশিংটনের যুদ্ধবিরতি সংক্রান্ত প্রতিশ্রুতি লঙ্ঘনকে গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধের কারণ হিসেবে উল্লেখ করেছে।

সূত্র: আল-জাজিরা

কালের আলো/এসআর/এএএন

মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশেই লিওনেল মেসি, রোনালদো ও এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে।

শনিবার (২০ জুন) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা করব। শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ অন্যান্য খেলা দিয়েও বাংলাদেশকে সবাই চিনবে। শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। যে গান করতে চায়, ছবি আঁকতে চায় বা কোরআন তিলাওয়াত করতে চায়—সব ব্যবস্থা সরকার করবে।’

শিশুদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, ‘তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ। খেলাধুলার পাশাপাশি পড়াশোনা এবং সংস্কৃতি চর্চায় পারদর্শী হতে হবে। তাহলেই সুন্দর, শক্তিশালী বাংলাদেশ গড়তে পারব। মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তোমাদের মধ্যে থেকেই তৈরি হবে। অলিম্পিকে আরো ভালো অবস্থান তৈরি করতে হবে।’

প্রধানমন্ত্রী জানান, আগামী বছর থেকে প্রাথমিক এবং মাধ্যমিকে ‘প্রাইম মিনিস্টার’স কাপ’ চালু হবে। অ্যাম্বাসাডর হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

সারা দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই শেষে চারটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা)’ ফাইনালে খেলে।

চূড়ান্ত পর্বে বালিকা বিভাগের শিরোপা নির্ধারণী লড়াই হয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে। আর বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয় ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

চূড়ান্ত পর্বের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনসহ অন্য অতিথিরা।

কালের আলো/এসআর/এএএন