খুঁজুন
                               
, ,
           

অবসর ভাতা পেতে শিক্ষকদের হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
অবসর ভাতা পেতে শিক্ষকদের হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর

অবসর ভাতা পেতে বেসরকারি শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকার দায়িত্বে থাকা পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অর্থ যথাসময়ে অনলাইনের মাধ্যমে তাদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়া হবে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দীর্ঘ চার বছর ধরে আটকে থাকা ৭০ হাজার ১১৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকার বকেয়া ভাতা প্রদানের কার্যক্রম শুরু হয়। সরকারের এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দের মাধ্যমে দেশের ৬৪ জেলায় iBAS+ সফটওয়্যারের মাধ্যমে শিক্ষকদের নিজ নিজ ব্যাংক হিসাবে অর্থ পাঠানো শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না। আগামী দিনগুলোতে কোনো মধ্যস্বত্বভোগীর হয়রানি ছাড়াই অনলাইনে যথাসময়ে তাদের প্রাপ্য অর্থ ব্যাংক হিসাবে পৌঁছে যাবে।

শিক্ষকদের ভোগান্তির সমালোচনা করে তিনি বলেন, যারা নীতি-নৈতিকতা ও আদর্শের শিক্ষা দিয়ে লাখো শিক্ষার্থীকে গড়ে তোলেন, তাদের নিজেদের প্রাপ্য অর্থ পেতে ঘুষ দিতে বা বিভিন্ন দপ্তরে ঘুরতে হলে তা শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং জাতি হিসেবে আমাদের জন্যও লজ্জার।

প্রধানমন্ত্রী জানান, শিক্ষকদের বকেয়া অর্থ পরিশোধের প্রক্রিয়াটি সহজ ছিল না। তার দাবি, আগের সরকারের সময় ব্যাংক-বিমাসহ বিভিন্ন খাতে অনিয়মের কারণে শিক্ষক-কর্মচারীদের দুটি তহবিলও ক্ষতিগ্রস্ত হয়। জাল ইনডেক্স তৈরি এবং দুর্বল ব্যাংকে অর্থ সরিয়ে নেওয়ার কারণে তহবিল দুটি প্রায় দেউলিয়া হয়ে পড়েছিল।

তিনি বলেন, এর ফলে ২০২২ সাল থেকে শিক্ষকরা চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েন। বর্তমান সরকার বিশেষ ব্যবস্থায় তাদের দুরবস্থার কথা বিবেচনা করে প্রয়োজনীয় অর্থের সংস্থান করেছে।

বক্তব্যের শুরুতে প্রয়াত বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের কল্যাণে ১৯৯১ সালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং ২০০২ সালে অবসর সুবিধা বোর্ড প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল।

প্রধানমন্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে উল্লেখ করে বলেন, পেশাগত জীবন থেকে অবসর নিলেও সমাজ ও রাষ্ট্রের প্রতি শিক্ষকদের দায়িত্ব শেষ হয় না।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, শিক্ষা সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসকে/এমএসআইপি 

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।

ওসি মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে রিধিকার মরদেহ পায়। এ সময় তাঁর মা ও পরিবারের সদস্যরা থানায় ছিলেন।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, একজনের সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। আজ ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধিকা আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

কালের আলো/এসএ

মার্ভেলের নতুন ‘এক্স-মেন’-এ ‘রোগ’ চরিত্রে ‘অবসেশন’খ্যাত অভিনেত্রী ইন্ডি নাভারেটি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
মার্ভেলের নতুন ‘এক্স-মেন’-এ ‘রোগ’ চরিত্রে ‘অবসেশন’খ্যাত অভিনেত্রী ইন্ডি নাভারেটি

মার্ভেল স্টুডিওসের বহুল প্রতীক্ষিত ‘এক্স-মেন’ রিবুটে জনপ্রিয় চরিত্র ‘রোগ’ হিসেবে যুক্ত হয়েছেন ‘অবসেশন’খ্যাত অভিনেত্রী ইন্ডি নাভারেটি। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ডি২৩ ইভেন্টে তাঁর কাস্টিংয়ের খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজির প্রথম দিকের চারটি সিনেমায় রোগ চরিত্রে অভিনয় করেছিলেন আনা পাকুইন। এবার সেই চরিত্রে দেখা যাবে নাভারেটিকে।

নতুন ‘এক্স-মেন’ সিনেমায় অভিনয়ের আগে মার্ভেল স্টুডিওসের প্রধান কেভিন ফাইগের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছিলেন ইন্ডি নাভারেটি। এর আগে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, অভিনেত্রীর আগ্রহ ছিল ‘মিস্টিক’ চরিত্রে অভিনয়ের প্রতি।

তবে শেষ পর্যন্ত মিস্টিক নয়, রোগ চরিত্রের জন্যই তাঁকে চূড়ান্ত করেছে মার্ভেল।

নাভারেটির পাশাপাশি ডি২৩ ইভেন্টে নতুন সিনেমার আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পীর নাম ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে এমা ফ্রস্ট চরিত্রে সামারা উইভিং, জিন গ্রে চরিত্রে স্যাডি সিঙ্ক, সাইক্লপস চরিত্রে কিট কনর, স্টর্ম চরিত্রে মায়া বয়েড, প্রফেসর এক্স চরিত্রে ক্রিস্টোফার অ্যাবট এবং মিস্টার সিনিস্টার চরিত্রে থাকছেন অ্যাডাম ড্রাইভার।

নতুন ‘এক্স-মেন’ সিনেমাটি পরিচালনা করবেন ‘থান্ডারবোল্টস’খ্যাত জেক শ্রেয়ার। ছবিটির চিত্রনাট্য নতুন করে সংস্কারের কাজ করছেন ‘বিফ’-এর লি সাং জিন ও ‘দ্য বেয়ার’-এর জোয়ানা ক্যালো।

এখনো সিনেমাটির বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য অভিনয়শিল্পী বাছাই চলছে। আগামী দিনগুলোতে আরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর নাম ঘোষণা করা হতে পারে।

মার্ভেল স্টুডিওসের এই নতুন ‘এক্স-মেন’ রিবুটটি ২০২৮ সালের মে মাসে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নতুন সিনেমাটির মাধ্যমে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে এক্স-মেনদের আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যায়ে প্রবেশের পথ তৈরি হবে। ফলে কাস্টিং ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

কালের আলো/এসএ

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ চার নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ চার নেতা

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও দলীয় সিদ্ধান্তের আলোকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে মনোনীত করা হয়েছে। তারা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ।

শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্তের আলোকে ওই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। নতুন মনোনীত চার নেতার মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দলীয় নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা করছে বিএনপি।

দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, তারা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে দলকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন। পাশাপাশি দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও তাদের অবদান থাকবে বলে আশা করছে বিএনপি।

কালের আলো/এএইচ/এমএসআইপি