খুঁজুন
                               
, ,
           

কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়ানোর বিষয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়ানোর বিষয়ে আলোচনা

শ্রম সহযোগিতা ও প্রবাসী বাংলাদেশি কর্মীদের কল্যাণে কাতারের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও কাতারের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বিশেষ গুরুত্ব পায় শ্রম সহযোগিতা, কাতারে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সুরক্ষা এবং দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী দেশটির অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও কাতারের মধ্যে শ্রম ও জনশক্তি খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ ও জোরদারের বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কালের আলো/এএএন/এমএসআইপি

পিংক বাস নিয়ে ট্রলকারীদের ‘নিম্নশ্রেণীর’ মন্তব্যে নিলয় আলমগীরের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:২৮ অপরাহ্ণ
পিংক বাস নিয়ে ট্রলকারীদের ‘নিম্নশ্রেণীর’ মন্তব্যে নিলয় আলমগীরের

রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া পিংক বাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও ট্রল অব্যাহত রয়েছে। এবার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর।

এক ফেসবুক পোস্টে পিংক বাস নিয়ে ট্রলকারীদের সমালোচনা করেন তিনি। নিলয় বলেন, পিংক বাস নিয়ে মজা বা ট্রল করা স্বাভাবিক হলেও প্রশ্ন হলো- কারা এ ধরনের ট্রল করবেন?

নিজের পোস্টে এ প্রশ্নের উত্তরও দেন অভিনেতা। তাঁর ভাষ্য, বাসের হেল্পার ও ড্রাইভাররা এ ধরনের মজা করতে পারেন। তবে পরে তিনি বিষয়টি আরও নির্দিষ্ট করে কিছু চালক ও সহকারীকে নিয়ে কড়া মন্তব্য করেন।

নিলয় লেখেন, সব চালক বা হেল্পার নয়, বরং ‘খুবই নিম্নশ্রেণীর, অশিক্ষিত, নোংরা মন মানসিকতার’ চালক-সহকারীরাই এমন ট্রল করতে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পিংক বাস নিয়ে মজা করছেন—এমন প্রসঙ্গ টেনে নিলয় মন্তব্য করেন, এসব ব্যক্তিকেও তিনি ওই শ্রেণির চালক ও সহকারীদের সঙ্গে তুলনা করছেন।

অভিনেতার এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ তাঁর মন্তব্যকে পিংক বাস নিয়ে অশালীন ট্রলের বিরুদ্ধে অবস্থান হিসেবে দেখছেন, আবার কেউ তাঁর ব্যবহৃত ‘নিম্নশ্রেণীর’ শব্দচয়ন নিয়ে প্রশ্ন তুলছেন।

পিংক বাস চালুর পর থেকেই এর রং, ব্যবস্থাপনা ও নারীদের জন্য আলাদা পরিবহনব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নিলয় আলমগীরের মন্তব্য সেই আলোচনাকেই আরও উসকে দিয়েছে।

কালের আলো/এসএ

শাবনূরের পাঁচ শব্দের পোস্ট, সালমান শাহর মৃত্যু নিয়ে ফের জল্পনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৮ অপরাহ্ণ
শাবনূরের পাঁচ শব্দের পোস্ট, সালমান শাহর মৃত্যু নিয়ে ফের জল্পনা

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’- শাবনূরের মাত্র পাঁচ শব্দের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টটি দেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী। তবে পোস্টে কোনো ব্যক্তি, ঘটনা বা প্রসঙ্গের নাম উল্লেখ করেননি তিনি।

সাম্প্রতিক সময়ে সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে আইনি তৎপরতা শুরু হওয়ায় শাবনূরের এই রহস্যময় পোস্টকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে পোস্টটির সঙ্গে সালমান শাহর মৃত্যুর ঘটনার যোগসূত্র খুঁজছেন। তবে শাবনূর নিজে এমন কোনো দাবি করেননি।

সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। এ ঘটনায় বিভিন্ন সময়ে শাবনূরের নামও আলোচনায় এসেছে। তবে অভিনেত্রী বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন।

এদিকে সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সম্প্রতি নতুন করে তৎপরতা দেখা দিয়েছে। গত সপ্তাহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অন্যতম অভিযুক্ত খল-অভিনেতা ডন হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে শুনানির পর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ডনের আগের একটি জবানবন্দির বিভিন্ন তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই জবানবন্দিতে সালমান শাহর মৃত্যুর দিন তার বাসায় সামিরা, আজিজ মোহাম্মদ ভাইসহ কয়েকজনের উপস্থিতির কথা উল্লেখ রয়েছে। একই সঙ্গে সালমান শাহকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা, ইনজেকশন দেওয়া এবং পরে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়ার অভিযোগের কথাও সেখানে রয়েছে বলে জানান তিনি।

তবে এসব অভিযোগ আদালতে প্রমাণিত সত্য নয়; এগুলো রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্ধৃত জবানবন্দির বক্তব্য।

সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের দাবি দীর্ঘদিনের। নতুন করে মামলার তৎপরতার মধ্যেই শাবনূরের সংক্ষিপ্ত পোস্ট প্রকাশ পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে।

তবে তার পোস্টটি সালমান শাহর মামলা বা কোনো নির্দিষ্ট ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, সে বিষয়ে শাবনূর এখনো কোনো ব্যাখ্যা দেননি। ফলে আপাতত পোস্টটির প্রকৃত প্রেক্ষাপট নিশ্চিত নয়।

সালমান শাহ ও শাবনূর নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন। ‘তুমি আমার’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিক্ষোভ’, ‘তোমাকে চাই’, ‘চাওয়া থেকে পাওয়া’ ও ‘আনন্দ অশ্রু’সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। মাত্র চার বছরের ক্যারিয়ারে সালমান শাহ ২৭টি সিনেমায় অভিনয় করেন, যার ১৪টিতে তার নায়িকা ছিলেন শাবনূর।

কালের আলো/এসএ

সরকারি প্লট আত্মসাৎ

সালাম মুর্শেদীসহ ১৩ জনের মামলায় সাক্ষ্য শুরু হয়নি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১০ অপরাহ্ণ
সালাম মুর্শেদীসহ ১৩ জনের মামলায় সাক্ষ্য শুরু হয়নি

আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ জনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি। বুধবার (১৯ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে এদিন মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য ছিল।

তবে এদিন কোনো সাক্ষী আদালতে না আসায় দুদক সময় আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আগামী ২১ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন।

এর আগে গত ৬ জুলাই একই আদালত আসামিদের করা অব্যাহতির আবেদন নামঞ্জুর করে বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য ১৯ জুলাই দিন ধার্য করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন– রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, প্রকৌশলী এম আজিজুল হক, সাবেক সদস্য লে. কর্নেল (অব.) এম নুরুল হক, সাবেক পরিচালক আবদুর রহমান ভূঁঞা, সাবেক উপপরিচালক মো. আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, সাবেক শাখা সহকারী মো. মাহবুবুল হক, মোহাম্মদ আব্দুল মঈন, ইফফাত হক এবং কক্সবাজারের রামুর বাসিন্দা মীর মোহাম্মদ হাসান ও তার ভাই মীর মো. নুরুল আফছার।

আসামিদের মধ্যে সালাম মুর্শেদী গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। মামলার আসামিদের মধ্যে পলাতক আছেন মীর মোহাম্মদ হাসান ও তার ভাই মীর মো. নুরুল আফছার, রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান। বাকিরা জামিনে আছেন।
এদিন দুদকের পক্ষে ছিলেন প্রসিকিউটর শামীম হোসেন। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী, বোরহান উদ্দিন, অ্যাডভোকেট খাদেমুল ইসলাম প্রমুখ।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং অসৎ উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেটে ‘খ’ তালিকাভুক্ত গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি) ২৭ নং, হোল্ডিং নং-২৯, রোড নং-১০৪ প্লটটি পরিত্যক্ত ২৭ কাঠা সম্পত্তির তালিকাভুক্ত থাকা সত্ত্বেও অবমুক্তকরণ ছাড়াই জাল-জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ড তৈরি করেন।

পরে হস্তান্তর অনুমতি ও নামজারি অনুমোদন করার মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ তৈরি করায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ অক্টোবর সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

কালের আলো/এমএসআইপি