‘মায়ের শরীর নিয়ে মন্তব্য নয়, সন্তানের ভালো থাকা নিয়ে কথা বলুন’: পরিণীতি
সন্তান জন্মের পর নারীর শারীরিক গঠন নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের মন্তব্য ও কটূক্তি করা হয়। বিষয়টি নিয়ে এবার সরব হয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। নতুন মায়েদের শরীর নিয়ে নেতিবাচক মন্তব্যকে প্রশ্নবিদ্ধ করে তিনি বলেছেন, মাতৃত্বের কারণে একজন নারীর শরীরে যে পরিবর্তন আসে, সেগুলোকে নেতিবাচকভাবে দেখার কোনো কারণ নেই।
পরিণীতির মতে, একজন নারী প্রায় নয় মাস সন্তানকে গর্ভে ধারণ করেন। এই দীর্ঘ সময়ে শরীরে নানা ধরনের পরিবর্তন আসা সম্পূর্ণ স্বাভাবিক একটি প্রক্রিয়া। সন্তান জন্মের পর শরীরে দাগ, স্ট্রেচ মার্ক কিংবা ওজন বেড়ে গেলে সেগুলোকে লজ্জার বিষয় হিসেবে দেখার পরিবর্তে মাতৃত্বের চিহ্ন হিসেবে দেখা উচিত।
অভিনেত্রী বলেন, একজন নারী তার শরীরের মধ্য দিয়ে একটি নতুন প্রাণকে পৃথিবীতে নিয়ে আসেন। তাই সেই শরীরের পরিবর্তনকে নেতিবাচক দৃষ্টিতে দেখা কোনোভাবেই ঠিক নয়। বরং সন্তান জন্ম দেওয়ার পর মায়ের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টিই সবার আগে গুরুত্ব পাওয়া উচিত।
পরিণীতি বলেন, কোনো গর্ভবতী নারীকে দেখলে তার ওজন কিংবা শারীরিক গঠন নিয়ে মন্তব্য করার বদলে তার সন্তান এবং তার ভালো থাকা নিয়ে কথা বলা উচিত। একজন নারী মা হওয়ার পর তার শরীরে কী ধরনের পরিবর্তন এসেছে, সেটি নিয়ে আলোচনা বা কটূক্তি করা কোনোভাবেই প্রয়োজনীয় নয়।
নারীর শরীর নিয়ে মন্তব্য করে যারা অন্যের সময় ও মানসিক শান্তি নষ্ট করার চেষ্টা করেন, তাদের নিয়েও প্রশ্ন তুলেছেন পরিণীতি। তার মতে, মা হওয়ার পর ওজন বৃদ্ধি, স্ট্রেচ মার্ক কিংবা শরীরের অন্যান্য পরিবর্তন খুবই স্বাভাবিক বিষয়। অথচ এসব নিয়ে সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য করা হয়—যা তার কাছে অত্যন্ত অদ্ভুত বলে মনে হয়েছে।
সামাজিক মাধ্যমের মন্তব্যে গুরুত্ব দেন না
এদিকে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে হওয়া নানা আলোচনা নিয়েও নিজের অবস্থান জানিয়েছেন পরিণীতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, সামাজিক মাধ্যমে তাকে নিয়ে কী ধরনের আলোচনা চলছে, তা তিনি খুব একটা অনুসরণ করেন না। কারণ সোশ্যাল মিডিয়ায় তিনি খুব কম সময় কাটান।
ফলে নেটিজেনরা তাকে নিয়ে কী লিখছেন, সেসব সম্পর্কে অনেক সময় জানতেই পারেন না বলে জানিয়েছেন অভিনেত্রী। কখনো কোনো মন্তব্য বা আলোচনা তার চোখে পড়লেও সেটিকে নিজের ওপর প্রভাব ফেলতে দেন না তিনি।
পরিণীতির কাছে জীবনের অগ্রাধিকার অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার জীবন, পরিবার এবং কাছের মানুষদের নিয়েই তার মূল মনোযোগ। অপরিচিত মানুষের মতামত নিয়ে ভাবার মতো সময় তার নেই বলেও জানিয়েছেন অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ইতিবাচক কিংবা নেতিবাচক কী বলা হচ্ছে, তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের জীবন ও পরিবারের দিকেই মনোযোগ দিতে চান পরিণীতি। একইভাবে নতুন মায়েদের ক্ষেত্রেও সামাজিক মন্তব্যের বদলে তাদের মাতৃত্ব ও সুস্থতাকে গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন তিনি।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array