খুঁজুন
                               
, ,
           

ডিএমপির অভিযানে ৫৮ মামলা, গ্রেপ্তার ৪৪৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
ডিএমপির অভিযানে ৫৮ মামলা, গ্রেপ্তার ৪৪৭

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ৪৭, ওয়ারীতে ৫৬, মতিঝিলে ৬৭, তেজগাঁওয়ে ৭০, মিরপুরে ১০১, গুলশানে ২৯, উত্তরা বিভাগে ৪৭ এবং গোয়েন্দা বিভাগে তিনজন রয়েছেন।

অভিযানকালে দুটি রামদা, তিনটি চাকু, ৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, এক হাজার পিস ইয়াবা, ৫১ পুরিয়া হেরোইন ও ১৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ছাড়া নগদ ১৬ হাজার ২০০ টাকা ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

শিশুদের মানুষের মতো মানুষ হতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
শিশুদের মানুষের মতো মানুষ হতে হবে: প্রধানমন্ত্রী

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সব প্রাণীর প্রতি সদয় এবং পরিবেশ ও প্রকৃতির প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এসব গুণ অর্জনের মধ্য দিয়েই শিশুদের মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে।

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমিতে ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিশুদের উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।

শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর আনন্দঘন সময়

সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে শিশুরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরিবেশনায় অংশ নেওয়া শিশুদের সঙ্গে পরে কুশল বিনিময় ও ফটোসেশনে অংশ নেন তিনি।

এ সময় শিশুদের সঙ্গে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী স্নেহের সঙ্গে শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হওয়া শিশুরাও তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পায়।

শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন

অনুষ্ঠান শেষে শিশু জাদুঘর ভবনে শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই ভবনের নিচতলায় স্থাপিত সোলার প্যানেল ও সাব-স্টেশনেরও উদ্বোধন করেন তিনি।

এর আগে শিশুদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পাশাপাশি শিশু অধিকার দিবস উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

তথ্যসূত্র: বাসস

কালের আলো/এসকে/এমএসআইপি

সম্পর্ক টিকিয়ে রাখতে যে কাজটি করেন রাশমিকা

বিনোদন ডেস্ক:
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:১৩ অপরাহ্ণ
সম্পর্ক টিকিয়ে রাখতে যে কাজটি করেন রাশমিকা

ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিন সুন্দর রাখতে হলে নিয়মিত যত্ন ও অনুভূতির প্রকাশ জরুরি—এমনটাই মনে করেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার মতে, সময়ের সঙ্গে সম্পর্ক পুরোনো হলেও ভালোবাসা প্রকাশের ছোট ছোট অভ্যাসগুলো কখনো হারিয়ে যাওয়া উচিত নয়।

প্রখর গুপ্তার পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পর্ক ও দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলেন রাশমিকা। সেখানে তিনি জানান, ভালোবাসার মানুষকে প্রতিদিন অনুভূতির কথা বলা এবং তার খোঁজ নেওয়ার মধ্যেই সম্পর্কের সৌন্দর্য অনেকটা লুকিয়ে থাকে।

‘শুধু একজনকে সম্পর্ক টেনে নেওয়া উচিত নয়’

রাশমিকার মতে, একটি সম্পর্ক কখনোই শুধু একজনের প্রচেষ্টায় টিকে থাকা উচিত নয়। দুজনকেই সম্পর্কটিকে সুন্দর রাখার জন্য নিয়মিত ছোট ছোট চেষ্টা করে যেতে হবে।

তিনি বলেন, দীর্ঘদিনের সম্পর্ক কিংবা বিয়ের পর অনেক সময় মানুষ ধরে নেন, সঙ্গী তো সবকিছু জানেন। ফলে ‘শুভ সকাল’, ‘কেমন আছ?’ কিংবা ‘তোমার দিন কেমন গেল?’—এ ধরনের সাধারণ কথাগুলোও ধীরে ধীরে কমে যায়।

কিন্তু রাশমিকার মতে, সম্পর্ক যত পুরোনোই হোক না কেন, ভালোবাসার এসব ছোট ছোট প্রকাশ চালু রাখা প্রয়োজন।

দিনে ১০-১৫ বার বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি’

রাশমিকার ভালোবাসা প্রকাশের ধরনও বেশ সরল। তিনি জানান, নিজের সঙ্গীকে দিনে অন্তত ১০ থেকে ১৫ বার ‘আমি তোমাকে ভালোবাসি’ বলেন।

শুধু মুখে ভালোবাসার কথা বলাই নয়, সম্পর্কের ক্ষেত্রে অনুভূতি প্রকাশ করাকেও তিনি সমান গুরুত্ব দেন। তার মতে, মনের মধ্যে ভালোবাসা থাকলেই সবসময় যথেষ্ট নয়; কখনো কখনো সেই অনুভূতিটা প্রিয় মানুষটির কাছে প্রকাশ করাও প্রয়োজন।

‘এটাই ভালোবাসা’

সময় যতই গড়াক, সম্পর্কের মধ্যে যতই পরিচিতি আসুক—ভালোবাসার প্রকাশ যেন অভ্যাস থেকে হারিয়ে না যায়, সেটিই রাশমিকার বক্তব্যের মূল বিষয়।

তার মতে, সঙ্গীর খোঁজ নেওয়া, তার দিন কেমন কাটল তা জানতে চাওয়া কিংবা হঠাৎ করে ভালোবাসার কথা বলা—এসব খুব ছোট বিষয় মনে হলেও সম্পর্কের জন্য এগুলোই গুরুত্বপূর্ণ।

রাশমিকার ভাষায়, ‘এটাই ভালোবাসা।’

সম্পর্কে নিয়মিত যত্ন ও অনুভূতির প্রকাশকে গুরুত্ব দেওয়া রাশমিকার এই ভাবনা এরই মধ্যে ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে। তার কথায় উঠে এসেছে, ভালোবাসা শুধু বড় কোনো আয়োজন নয়; প্রতিদিনের ছোট ছোট যত্নেই সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে।

কালের আলো/জেএন

ট্র্যাকে কুকুর, ফায়ার সার্ভিসে স্বাভাবিক মেট্রো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:০৮ অপরাহ্ণ
ট্র্যাকে কুকুর, ফায়ার সার্ভিসে স্বাভাবিক মেট্রো

রাজধানীর কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের ট্র্যাক লাইনে কুকুর ঢুকে পড়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল মেট্রোরেল চলাচল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা কুকুরটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার পর ফের স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টা ৫২ মিনিটের দিকে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার

এমআরটি পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১১টা ৫২ মিনিটে স্টেশনের ট্র্যাক লাইনে একটি কুকুর ঢুকে পড়ে। যাত্রীদের নিরাপত্তা এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ওই সময় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা ট্র্যাক থেকে কুকুরটিকে নিরাপদে উদ্ধার করে সরিয়ে নেন।

এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. মহসীন শেখ ঘটনাটি নিশ্চিত করেছেন।

কুকুরটি ট্র্যাক থেকে সরিয়ে নেওয়ার পর সকাল ১১টা ৫৭ মিনিটে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়।

এমআরটি পুলিশ জানিয়েছে, বর্তমানে মেট্রোরেল চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি