খুঁজুন
                               
, ,
           

এএইচএফ কাপ হকি নিয়ে বড় স্বপ্ন বিমানবাহিনী প্রধানের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১১:৫২ অপরাহ্ণ
এএইচএফ কাপ হকি নিয়ে বড় স্বপ্ন বিমানবাহিনী প্রধানের

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় খেলা হকি। এতোদিন পরিকল্পনা-সাধ্য ও বাস্তবায়ন নানা বিষয় মিলিয়ে হকি নিয়ে নানান কথা প্রচলিত ছিল। কিন্তু বাংলাদেশ হকি ফেডারশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন খোলনলচে পাল্টে বদলে দিচ্ছেন দেশের হকিকে। দেশের হকি নিয়ে স্বপ্নও বুনেছেন তিনি। আসন্ন এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ নিয়ে বড় স্বপ্নের কথা জানিয়েছেন। জাতীয় হকি দলের প্রতিটি খেলোয়াড়কে উজ্জীবিত করে তিনি বলেছেন, ‘খেলার সময় যে স্পিড, যে জোশ দরকার—তা তোমাদেরই আনতে হবে। আমরা চাই তোমরা দেশকে গর্বিত করো।’

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে অংশ নিতে আগামী সোমবার (১৪ এপ্রিল) রাতে ইন্দোনেশিয়ার জাকার্তার উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় হকি দল। এ উপলক্ষে শনিবার (১২ এপ্রিল) রাজধানীর ফ্যালকন হলে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন, ফটোসেশন ও সংবাদ সম্মেলনে গতিনির্ভর দলটিকে নিয়ে আশাবাদী উচ্চারণে তিনি বলেন এসব কথা। এ সময় বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, ‘হকি এমন একটি মঞ্চ, যেখানে আমরা দেশের প্রতিনিধিত্ব করতে পারি। আমরা খেলোয়াড়দের সব ধরনের সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত—ট্রেনিং, জার্সি, পরিবহন বা কোচ—সবই থাকবে। কিন্তু মাঠে নেমে পারফর্ম করতে হবে তোমাদেরই।’

জানা যায়, এই টুর্নামেন্টটি এশিয়া কাপ ২০২৫-এর বাছাইপর্ব হিসেবেও বিবেচিত হচ্ছে। ওমান, চাইনিজ তাইপে, হংকং, কাজাখস্তান, উজবেকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডসহ মোট ১০টি দেশ এতে অংশ নিচ্ছে। অতীতে বাংলাদেশ এই টুর্নামেন্টে চারবার চ্যাম্পিয়ন হয়েছে। তাই এবারও একটি ভালো ফলাফলের আশায় রয়েছে গোটা দল ও সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে জাতীয় দলের খেলোয়াড়দের শৃঙ্খলা, দলীয় সংহতি এবং পারস্পরিক সমন্বয় বজায় রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান বিমানবাহিনী প্রধান। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘বাংলাদেশ দল এবারের টুর্নামেন্টেও ভালো কিছু করে দেখাবে।’

তাঁর ভাষ্য মতে- ‘হকি ফেডারেশন এই টুর্নামেন্টের প্রস্তুতি নিখুঁতভাবে সম্পন্ন করেছে। অতীতে আমরা এই টুর্নামেন্টে চারবার চ্যাম্পিয়ন হয়েছি। কোনো চাপ নেই। আমরা সব কিছু বিবেচনা করে খুবই আশাবাদী, এবারও চ্যাম্পিয়ন হয়ে আসতে পারব। আগামীতে তোমরাই হকি বিশ্বকাপে লাল-সবুজের পতাকা উড়াবে, এটা আমার বিশ্বাস।’

এএইচএফ কাপের সপ্তম আসরে পুল ‘বি’ তে থাকা বাংলাদেশের চার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কাজাখস্তান। ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ এপ্রিল কাজাখস্তানের বিপক্ষে। প্রিলিমিনারি রাউন্ড এবং স্থান নির্ধারণী ম্যাচ শেষে ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

কদিন আগে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশন। দলে প্রথমবার ডাক পেয়েছেন ওবায়দুল হোসেন। বিকেএসপিতে থাকাকালে ২০২০ সালে অনূর্ধ্ব-২১ হকি দলে জায়গা পেয়েছিলেন। গত বছরের ডিসেম্বরে ওমানের মাসকটে জুনিয়র এশিয়া কাপে থাইল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো জুনিয়র হকির বিশ্বকাপে জায়গা করে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। যে ইতিহাসের অংশ ছিলেন ওবায়দুলও। পুরো টুর্নামেন্টে করেছেন পাঁচ গোল। এরপর বিজয় দিবস হকিতেও উজ্জ্বল ছিলেন এই ফরোয়ার্ড। বিমানবাহিনীর হয়ে করেছেন ছয় গোল। সব মিলিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রেখেই বিজয়ের হাসি নিয়েই দেশে ফিরতে চায় পুস্কর খিসার দল।

কালের আলো/এমএএএমকে

এআইয়ের নতুন সক্ষমতায় চীনের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
এআইয়ের নতুন সক্ষমতায় চীনের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতির সঙ্গে সঙ্গে এর সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি নিয়ে নতুন করে উদ্বিগ্ন হয়ে উঠেছে চীন। বিশেষ করে মানুষের সরাসরি নজরদারি ছাড়াই কাজ করতে সক্ষম এআই ব্যবস্থা এবং সাইবার হামলায় এর সম্ভাব্য ব্যবহারকে জাতীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হিসেবে দেখছে বেইজিং।

এত দিন চীনের এআই নীতিতে ভুয়া ছবি ও ভিডিও, শিশুদের নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার মতো তুলনামূলকভাবে কাছাকাছি ঝুঁকি বেশি গুরুত্ব পেয়েছে। তবে শক্তিশালী এআই মডেল দিয়ে সাইবার হামলা পরিচালনার সম্ভাবনা সামনে আসায় দেশটির উদ্বেগ এখন আরও বিস্তৃত হচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একদল প্রোগ্রামার এআই ব্যবহার করে একটি সাইবার হামলার ‘ওয়ার্ম’ তৈরির কথা জানিয়েছে। তাদের দাবি, এটি ছড়িয়ে দেওয়া হলে চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটের বিপুলসংখ্যক অ্যাকাউন্টে হামলা চালানো সম্ভব হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মানুষের নজরদারি ছাড়াই সাইবার হামলা চালাতে সক্ষম এআই এজেন্ট তৈরি হলে তা চীনা সরকারের অন্যতম বড় উদ্বেগের কারণ হতে পারে। চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক সুন চেংহাও মনে করেন, চীন ও যুক্তরাষ্ট্র এআইয়ের ঝুঁকি সম্পর্কে আরও বাস্তব ধারণা তৈরি করছে। ফলে ঝুঁকি মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তাও বাড়ছে।

তবে এআই প্রযুক্তিতে চীন ও যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিযোগিতা নিরাপত্তা সহযোগিতাকে কঠিন করে তুলতে পারে। বিশেষ করে এআই মডেলের নিরাপত্তা পরীক্ষা এবং বড় ধরনের সংকটের সময় দ্রুত সতর্কবার্তা দেওয়ার মতো ব্যবস্থায় দুই দেশের সমন্বয় বড় চ্যালেঞ্জ হতে পারে।

চীন ইতিমধ্যে এআই ব্যবহারে কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে অনুমতি ছাড়া কারও চেহারা বা পরিচয় ব্যবহার করে এআই-নির্মিত ছবি তৈরির ওপর নিষেধাজ্ঞাও রয়েছে। দেশটির এআই নীতিতে মানুষের দৈনন্দিন জীবনে প্রযুক্তির বর্তমান ক্ষতির বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এদিকে এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়তে থাকায় এর সম্ভাব্য অপব্যবহার নিয়েও উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের কেউ কেউ আশঙ্কা করছেন, শক্তিশালী এআই মডেল ব্যবহার করে জটিল পাসওয়ার্ড, নিরাপত্তা কোডসহ গুরুত্বপূর্ণ সাইবার সুরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলার চেষ্টা হতে পারে।

এমন পরিস্থিতিতে চীন ও যুক্তরাষ্ট্র—দুই দেশই এআই নিরাপত্তাকে আরও গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রাখার পাশাপাশি এর অপব্যবহার ঠেকাতে কার্যকর নিয়ম ও নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তাও সামনে আসছে।

কালের আলো/এসএ

ভিনিসিয়ুসের রেকর্ড ভেঙে লা লিগায় ইয়ামালের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
ভিনিসিয়ুসের রেকর্ড ভেঙে লা লিগায় ইয়ামালের নতুন ইতিহাস

নতুন মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডের পাতাতেও নাম লিখিয়েছেন তরুণ তারকা লামিন ইয়ামাল।

শনিবার সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার ৩-১ গোলের জয়ে দুটি অ্যাসিস্ট করেন ইয়ামাল। এর মধ্য দিয়ে লা লিগায় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৫০ অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করেছেন তিনি—অন্তত ২০১৩-১৪ মৌসুমের পরের পরিসংখ্যানে।

ইয়ামাল এই কীর্তি গড়েছেন মাত্র ১৯ বছর ৬৮ দিন বয়সে। বার্সেলোনার হয়ে ১৫৯ ম্যাচে তাঁর অ্যাসিস্ট এখন ৫১টি।

এর আগে এই রেকর্ডটি ছিল রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের দখলে। ২০২৩ সালের মে মাসে ২২ বছর ২৯৮ দিন বয়সে লা লিগায় ৫০ অ্যাসিস্ট পূর্ণ করেছিলেন ভিনিসিয়ুস।

অর্থাৎ ভিনিসিয়ুসের চেয়ে প্রায় তিন বছর ২৩০ দিন কম বয়সে এই মাইলফলক ছুঁয়ে নতুন রেকর্ড গড়েছেন ইয়ামাল।

শুধু ইয়ামালই নন, সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার জয়ে উজ্জ্বল ছিলেন রাফিনহাও। ম্যাচে হ্যাটট্রিক করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর আগে রেসিং স্যান্টান্ডারের বিপক্ষেও তিন গোল করেছিলেন তিনি।

ইয়ামাল-রাফিনহাদের দুর্দান্ত পারফরম্যান্সে মৌসুমের শুরু থেকেই ছন্দে রয়েছে বার্সেলোনা। তাদের ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে লা লিগার পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান ধরে রেখেছে হ্যান্সি ফ্লিকের দল।

কালের আলো/এসএ

এআই বদলে দিচ্ছে মার্কেটিং, গুরুত্ব পাবে ব্যক্তি ও ব্র্যান্ড: ফিলিপ কটলার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
এআই বদলে দিচ্ছে মার্কেটিং, গুরুত্ব পাবে ব্যক্তি ও ব্র্যান্ড: ফিলিপ কটলার

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্রুত বদলে দিচ্ছে প্রচলিত মার্কেটিংয়ের ধরন। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সময়মতো এআই গ্রহণ করতে পারলে পরিবর্তিত বাজারে নিজেদের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারবে বলে মনে করেন আধুনিক মার্কেটিংয়ের অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ অধ্যাপক ফিলিপ কটলার।

১০ সেপ্টেম্বর বাংলাদেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের উদ্দেশে আয়োজিত এক ফেসবুক লাইভ অনুষ্ঠানে এআইনির্ভর মার্কেটিং নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন তিনি। ‘এআই ফর মার্কেটার্স সামিট’ নামের এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন আইডিয়ান কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা মার্ক অনুপম মল্লিক।

৪ পি-এর সঙ্গে যুক্ত হবে নতুন উপাদান

দীর্ঘদিন ধরে মার্কেটিংয়ের মূল ভিত্তি হিসেবে পরিচিত ছিল ৪ পি—প্রোডাক্ট, প্রাইস, প্লেস ও প্রমোশন। তবে কটলারের মতে, বর্তমান সময়ে এই চারটি উপাদান যথেষ্ট নয়। এর সঙ্গে সেবা, শক্তিশালী ব্র্যান্ড এবং কার্যকর ইনসেনটিভ যুক্ত করে বিপণনের পূর্ণাঙ্গ কাঠামো তৈরি করতে হবে।

বদলে যাচ্ছে ভোক্তার মানসিকতা

ডিজিটাল প্রযুক্তি, সামাজিক যোগাযোগমাধ্যম ও এআইয়ের প্রভাবে ভোক্তাদের আচরণেও পরিবর্তন এসেছে। কটলারের আলোচনায় ভোক্তার মনোযোগ, সামাজিক সংযোগ ও পুরস্কারপ্রাপ্তির আকাঙ্ক্ষার মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

তাঁর মতে, আধুনিক মার্কেটারদের শুধু প্রচলিত বিপণন কৌশল জানলেই হবে না; ভোক্তার মনস্তত্ত্ব এবং নিউরোসায়েন্স সম্পর্কেও ধারণা রাখতে হবে।

শুধু তাৎক্ষণিক বিক্রি নয়, ব্র্যান্ডও জরুরি

স্বল্পমেয়াদি বিক্রি বাড়ানোর জন্য পারফরম্যান্স মার্কেটিংয়ের ওপর অতিরিক্ত নির্ভরতার বিষয়েও সতর্ক করেছেন কটলার। তাঁর বক্তব্য অনুযায়ী, তাৎক্ষণিক বিক্রির পাশাপাশি দীর্ঘমেয়াদে শক্তিশালী ব্র্যান্ড তৈরি করাও গুরুত্বপূর্ণ।

কারণ শুধু গ্রাহকের কাছ থেকে তাৎক্ষণিক কেনাকাটা করানোই শেষ কথা নয়। একটি ব্র্যান্ডের মূল্য ও পরিচয় ধরে রাখার জন্য দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরির প্রয়োজন রয়েছে।

ক্রয়ের পর গ্রাহকের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ

কটলারের আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ‘ইউসেজ এক্সপেরিয়েন্স’ বা পণ্য ব্যবহারের অভিজ্ঞতা। সাধারণত একটি পণ্য কেনার আগ থেকে কেনাকাটা সম্পন্ন হওয়া পর্যন্ত গ্রাহকের অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়।

এআই ব্যবহার করে এর পরিধি আরও বাড়ানো সম্ভব। গ্রাহক পণ্যটি কেনার পর কীভাবে ব্যবহার করছেন, কোথায় সমস্যায় পড়ছেন এবং পরবর্তী সময়ে ব্র্যান্ডটির সঙ্গে তাঁর সম্পর্ক কেমন থাকছে—এসব তথ্যও বিশ্লেষণ করা যেতে পারে।

সবার জন্য একই মার্কেটিং নয়

প্রচলিত মার্কেটিংয়ে গ্রাহকদের বয়স, পেশা বা অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন সেগমেন্টে ভাগ করা হয়। কিন্তু এআইয়ের মাধ্যমে একই সেগমেন্টের ভেতরেও ব্যক্তিভেদে পছন্দ ও আচরণের পার্থক্য বিশ্লেষণ করা সম্ভব।

ফলে ভবিষ্যতের মার্কেটিং আরও বেশি ব্যক্তিকেন্দ্রিক বা ‘ওয়ান-অন-ওয়ান মার্কেটিং’-এর দিকে যেতে পারে। এতে প্রত্যেক গ্রাহকের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী বিপণন বার্তা ও সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।

চ্যাটবট থেকে এজেন্টিক এআই

চ্যাটবট, অ্যালগরিদম ও এজেন্টিক এআই এখন ব্যবসার নতুন বাস্তবতা তৈরি করছে। পাশাপাশি ChatGPT, Gemini ও Claude-এর মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবসায়িক সিদ্ধান্ত, তথ্য বিশ্লেষণ এবং বিভিন্ন কাজ স্বয়ংক্রিয় করার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

বার্ষিক পরিকল্পনার বদলে রিয়েল-টাইম সিদ্ধান্ত

প্রথাগত মার্কেটিং পরিকল্পনা সাধারণত দীর্ঘ সময়ের জন্য নির্ধারিত করা হয়। কিন্তু এআইয়ের যুগে বাজারের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পরিকল্পনাও নিয়মিত পরিবর্তিত হতে পারে।

রিয়েল-টাইম ডেটা বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো গ্রাহকের আচরণ ও বাজারের পরিবর্তন দ্রুত বুঝতে পারবে। ফলে মার্কেটিং পরিকল্পনা একটি স্থির বার্ষিক দলিলের পরিবর্তে নিয়মিত হালনাগাদ হওয়া একটি ‘জীবন্ত’ পরিকল্পনায় পরিণত হতে পারে।

এআইয়ের সঙ্গে ব্র্যান্ড ও উদ্ভাবন

কটলারের আলোচনার অন্যতম মূল বার্তা হলো—শুধু এআই ব্যবহার করলেই ভবিষ্যতের ব্যবসায়িক সাফল্য নিশ্চিত হবে না। এর সঙ্গে শক্তিশালী ব্র্যান্ড এবং ধারাবাহিক উদ্ভাবনকে যুক্ত করতে হবে।

বাজার ও ভোক্তার চাহিদা দ্রুত পরিবর্তিত হওয়ায় প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তির পাশাপাশি পণ্য ও সেবাতেও নতুনত্ব আনতে হবে। অর্থাৎ ভবিষ্যতের মার্কেটিংয়ে এআই, শক্তিশালী ব্র্যান্ড এবং উদ্ভাবন—এই তিনটি বিষয় একসঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

কালের আলো/এসএ