খুঁজুন
                               
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ, ১৪৩৩
           

কার ভুলে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ ঠেকাতে পারেনি এসবি?

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ
কার ভুলে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ ঠেকাতে পারেনি এসবি?

বিশেষ সংবাদদাতা, কালের  আলো:

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে এখনও বিতর্ক চলছে। ঘটনার তিনদিন পরেও এ নিয়ে বিস্তর প্রশ্ন তৈরি হয়েছে, চলছে নানা রকম বিশ্লেষণ। এ ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপার (বর্তমানে প্রত্যাহারকৃত) গত ২৬ জানুয়ারি এক গোপনীয় জরুরি বার্তায় রাজধানীর রাজারবাগে পুলিশের বিশেষ শাখা (এসবি) সদর দপ্তরে আবদুল হামিদসহ ৪৫ জনের একটি তালিকা পাঠিয়ে তাদের দেশত্যাগ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন-এই সংক্রান্ত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিতর্কের পালে নতুন করে হাওয়া লেগেছে।

অনেকেই বুঝে না বুঝে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মো.গোলাম রসুলকে তোপ দাগছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক রাষ্ট্রপতির ইমিগ্রেশন পার হওয়ার ক্ষেত্রে এসবি প্রধানকে ইঙ্গিত করে যে প্রচারণা চালানো হচ্ছে তার সত্যতা যাচাই করতে বিস্তারিত খোঁজ নিয়েছে কালের আলো। এক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। যেসব তথ্যে প্রতীয়মান সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দেশত্যাগে কোন নিষেধাজ্ঞা ছিল না। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষও ইতোমধ্যে নিজেদের বক্তব্য স্পষ্ট করেছে।

এসবির ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেমে রেকর্ড ছিল না মামলার তথ্য
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি করার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে আসামি করে চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তহমুল ইসলাম মাজহারুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশের বিশেষ শাখার (এসবি) দায়িত্বশীল সূত্র কালের আলোকে জানায়, এই মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আদালতে কোন রিকুইজিশন পাঠাননি। ফলে তাঁর দেশত্যাগে আদালতের কোন নিষেধাজ্ঞা ছিল না। সরকারিভাবে অনুরোধের পরেও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী আদালতের নির্দেশে মামলার বিবরণ এসবির ইমিগ্রেশন শাখায় পাঠাননি। এর ফলে ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেমে এই সংক্রান্ত বিস্তারিত কোন তথ্য রেকর্ড ছিল না। ইমিগ্রেশন সিস্টেমে রেকর্ড থাকলেও তাঁর বিদেশযাত্রা আটকে দেওয়া সম্ভব হতো। এছাড়া কোন গোয়েন্দা সংস্থার আপত্তি না থাকার কারণে আবদুল হামিদের ইমিগ্রেশন সম্পন্ন হয়।

বিভিন্ন সূত্র কালের আলোকে আরও জানায়, লাল পাসপোর্ট ব্যবহার করে চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে সাবেক রাষ্ট্রপতির ব্যবহৃত লাল পাসপোর্টের নম্বর কোড ছিল ডি। ডি’তে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বুঝানো হয়। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) সূত্র মোতাবেক, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ লাল পাসপোর্ট বহন করছেন। তার পাসপোর্টটি বন্ধ করার বিষয়ে মন্ত্রনালয় বা আদালত থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা-১ থেকে জারি করা পরিপত্র অনুযায়ি চতুর্থ ব্যক্তি হিসেবে সাবেক রাষ্ট্রপতি (অবসর জীবন যাপন ও পেনশনভোগী) লাল পাসপোর্ট পেয়ে থাকেন। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ব্যবহার করে তিনি থাইল্যান্ডে যাওয়ায় এবং সরকার সেটি বাতিল না করায় কোন অবস্থাতেই পুলিশের বিশেষ শাখা (এসবি) তাকে আটকাতে পারেনি।

এ ঘটনায় পুলিশের মাঠ পর্যায়ের চার কর্মকর্তাকে শাস্তির আওতায় এনেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে পুলিশ সদর দপ্তর অতিরিক্ত আইজিপিকে (প্রশাসন) মতিউর রহমান শেখকে প্রধান করে তিন সদস্যের ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতিমধ্যে কার্যক্রমও শুরু করেছে।

এসবি প্রধান কী সত্যিই ফ্যাসিস্টের দোসর?
পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে টানা দু’বার রাষ্ট্রপতি ছিলেন আবদুল হামিদ। স্বভাবতই তাঁর দেশত্যাগে রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ-অসন্তোষ তৈরি করেছে। অনেকেই পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মো.গোলাম রসুলকে এ ঘটনায় সম্পৃক্ত করে তাকে ‘ফ্যাসিস্টের দোসর’ তকমা দিয়েছেন। পাশাপাশি পুলিশে ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিকল্পনাও না কী তাঁর মস্তিষ্কপ্রসূত এমনটিও বলাবলি হচ্ছে। যদিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্যের কোন রকম সত্যতা পাওয়া যায়নি।

কালের আলো খোঁজ নিয়ে জানতে পেরেছে, বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের (১৯৯১) কর্মকর্তা মো. গোলাম রসুল বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পদে পদে বঞ্চিত ছিলেন। তাঁর জুনিয়ররা অনেক আগেই পদোন্নতিসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হলেও তাঁর ভাগ্যে শিকেয় ছিঁড়েনি। ভিন্ন মতাদর্শের অভিযোগে তাকে বারবার পদোন্নতি বঞ্চিত করা হয়। ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি সিটি স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার ছিলেন। প্রায় ১৩ বছর তিনি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পুলিশ স্টাফ কলেজে দায়িত্ব পালন করেন। জুনিয়র পদমর্যাদার একজন কর্মকর্তা ‘বঙ্গবন্ধু কর্নার’ এর মতো নীতি নির্ধারণে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এটি সম্পূর্ণ অযৌক্তিক, অনভিপ্রেত ও কল্পনাপ্রসূত। ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার বঞ্চিতদের মূল্যায়ন করে পদোন্নতি দিয়েছে। জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবেই এই তালিকায় ঠাঁই পান গোলাম রসুল। গত বছরের ১৯ ডিসেম্বর থেকে ডিআইজি হিসেবে এসবির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে ছিলেন তিনি। চলতি বছরের সোমবার (১৩ জানুয়ারি) তাকে অতিরিক্ত আইজি করে এসবি প্রধানের চলতি দায়িত্ব দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়। তখন তাকে নিয়ে কোন কথা না থাকলেও এখন আবদুল হামিদের ঘটনায় তাকে নিয়ে অপপ্রচার অনেক রহস্য ও প্রশ্নের জন্ম দিয়েছে।

কালের আলো/আরআই/এমকে

ইরানের তেল চীন পাবে না: যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
ইরানের তেল চীন পাবে না: যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, চীন যেন ইরান থেকে তেল নিতে না পারে, সে জন্য পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি জানান, হরমুজ প্রণালিতে ইরানের তেল বহনকারী চীনা ট্যাংকারগুলোকে যুক্তরাষ্ট্র বাধা দেবে।

তিনি বলেন, তারা (চীন) তেল পাবে না। তারা তেল পেতে পারে, কিন্তু ইরানের তেল নয়।

বেসেন্ট চীনের সমালোচনা করে বলেন, বৈশ্বিক পর্যায়ে দেশটি বিশ্বাসযোগ্য অংশীদার হিসেবে আচরণ করছে না।

তিনি অভিযোগ করেন, চীন তেলের মজুত বাড়াচ্ছে এবং কিছু পণ্যের রপ্তানি সীমিত করছে।

তিনি জানান, এ বিষয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এই বিরোধ প্রেসিডেন্টের সম্ভাব্য বেইজিং সফরে প্রভাব ফেলবে কিনা—সে বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি।

বেসেন্ট বলেন, এই সফরের মূল বার্তা হবে স্থিতিশীলতা। তাছাড়া যোগাযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কালের আলো/এসআর/এএএন

বাজারে চলছে অস্থিরতা

বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
বাজারে চলছে অস্থিরতা

বাজারে নিতপণ্যের দাম এখন ঊর্ধ্বমুখী। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেলে সরকার রেশনিং আরোপ করেছে। এছাড়া সিন্ডিকেটের কারণে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। বিশেষ করে গ্রামে বাড়তি দামে তেল বিক্রি হচ্ছে। এতে ট্রাক ভাড়া আগের তুলনায় ৫ থেকে ৭ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি অন্যান্য পরিবহণ খাতেও খরচ বেড়েছে।

রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০ টাকা। যা এক মাস আগেও ১৮০ টাকা ছিল। প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৪৩০-৪৪০ টাকা। যা এক মাস আগে ৩২০ টাকায় বিক্রি হয়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি। আগে ছিল ৭৫০ টাকা। এদিকে ভোজ্যতেলের বাজারেও চলছে অস্থিরতা। আরেক দফা মূল্য বাড়াতে বাজার থেকে উধাও হয়েছে বোতলজাত সয়াবিন তেল। পাশাপাশি সংকট দেখিয়ে প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকা। যা এক মাস আগে ১৮৫ টাকায় বিক্রি হয়েছে। বেড়েছে চিনির দামও। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০৫ টাকা। যা ঈদের আগে ১০০ টাকা ছিল।

বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম রহমান বলেন, যুদ্ধের কারণে ভোজ্যতেল আমদানিতে সমস্যা হচ্ছে। পাশাপাশি বিশ্ববাজারে দাম বেড়েছে। এতে আমদানিকারকদের ব্যয় বেড়েছে। তাই দেশের বাজারেও দাম বাড়াতে হবে।

খুচরা বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৫৬-৫৮ টাকায়। বিআর-২৮ জাতের মাঝারি দানার চাল ৬৮ টাকা, সরু চালের মধ্যে মিনিকেট চাল ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। নতুন করে দাম না বাড়লেও প্রতি কেজি সরু মসুর ডাল বিক্রি হচ্ছে ১৫০ টাকা, মাঝারি দানার মসুর ডাল ১২০-১৩০ টাকা, মোটা দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকায়।

নয়াবাজারের ব্যবসায়ী মো. আকবর বলেন, পরিবহণ ভাড়া বেড়ে যাওয়ায় সবজি থেকে শুরু করে সব পণ্যের দাম বেড়েছে। পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগ কাজে লাগিয়ে কিছু পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছেন। জ্বালানি পরিস্থিতির জন্য পণ্যের দাম যেটুকু বাড়ার কথা তার তুলনায় বেশি দাম নেওয়ায় সাধারণ মানুষ বিড়ম্বনায় পড়েছেন।

কেজিপ্রতি ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। মাসের ব্যবধানে কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে। গোল বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। এক মাস আগে ছিল ৮০-৯০ টাকা। পটোল বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। যা আগে ৮০ টাকায় বিক্রি হয়েছে। করলা বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা, বরবটি ৮০-৯০, ঢ্যাঁড়শ ৮০, চিচিঙ্গা ৮০-৯০, ধুন্দল ৬০-৮০, শিম ৮০-৯০, লাউ ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব সবজির দাম ৩ দিন আগেও কেজিপ্রতি ২০-৩০ টাকা কম ছিল। মূলত ট্রাক ভাড়া বাড়ার কারণে সবজির দাম বেড়েছে।

ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার বাসিন্দা মো. মাসুম বলেন, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে মাসে ৪০ হাজার টাকা বেতন পাই। মা-বাবা, স্ত্রী ও এক ছেলে নিয়ে আমার সংসার। সেখান আমিসহ তাদের খাবার জোগাড় করতে মাসে ৫০ কেজির এক বস্তা চাল ৪ হাজার, ৫ লিটার তেল ৮৫০, বাসা ভাড়া ১২ হাজার, সবজি, মাছ, ব্রয়লার মুরগিসহ তরকারি রান্নার উপকরণ কিনতে ৮ হাজার, গ্যাস সিলিন্ডার ২০০০, সাবান-ডিটারজেন্ট ও শ্যাম্পু ৫০০, মুদি বাজার আরও ২ হাজার, বিদ্যুৎ বিল ১০০০ ও মোবাইল টকটাইমে খরচ হয় ৫০০ টাকা।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন বলেন, জ্বালানি সংকটের কারণে পরিবহণ ব্যয় বাড়ার প্রভাব সরাসরি পণ্যের দামে পড়ছে। পাশাপাশি বাজার সিন্ডিকেটের কারণে ভোজ্যতেলসহ একাধিক পণ্যের দাম বেড়েছে। তাই বাজারে কঠোরভাবে তদারকি দরকার।

কালের আলো/এম/এএইচ

বার্সাকে বিদায় করে ৯ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে আতলেতিকো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ণ
বার্সাকে বিদায় করে ৯ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে আতলেতিকো

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ২-১ গোলে জিতেও শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে বার্সেলোনাকে। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে সেমি-ফাইনালে উঠেছে আতলেতিকো মাদ্রিদ।

মঙ্গলবার রাতে মেত্রোপলিতানো স্টেডিয়ামে শুরুতেই আধিপত্য দেখায় বার্সেলোনা। চতুর্থ মিনিটে লামিনে ইয়ামাল এবং ২৪তম মিনিটে ফেররান তোরেসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা, ফলে দুই লেগ মিলিয়ে সমতা ফেরে। তবে ৩১তম মিনিটে আদেমোলা লুকমান গোল করে আতলেতিকোকে আবারও ৩-২ ব্যবধানে এগিয়ে নেন, যা শেষ পর্যন্ত নির্ণায়ক হয়ে ওঠে।

পুরো ম্যাচে প্রায় ৭১ শতাংশ বল দখলে রেখে বার্সেলোনা আক্রমণ চালালেও দুই দলই নেয় ১৫টি করে শট; লক্ষ্যে ছিল বার্সেলোনার ৮টি ও আতলেতিকোর ৫টি। বারবার সুযোগ তৈরি করেও গোল বাড়াতে পারেনি কাতালানরা, বিপরীতে গোলরক্ষক হুয়ান মুসোর দৃঢ়তায় টিকে থাকে স্বাগতিকরা।

ম্যাচের শেষ দিকে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে বার্সেলোনার জন্য। ৭৭তম মিনিটে এরিক গার্সি‌য়া লাল কার্ড দেখলে যোগ করা সময়সহ শেষ ১৯ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় তাদের। প্রথম লেগেও তারা খেলেছিল ১০ জনে।

শেষদিকে রবার্ট লেভানদোভস্কি ও রোনাল্ড আরাওহো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। ফলে ২-১ ব্যবধানে জিতেও হতাশা নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

অন্যদিকে প্রায় ৯ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠেই উল্লাসে মাতে আতলেতিকো মাদ্রিদ।

কালের আলো/এসএকে