খুঁজুন
                               
, ,
           

প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে জাতীয় প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, সরকারের পরিকল্পনা সঠিকভাবে উপস্থাপনের নির্দেশ কর্মকর্তাদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে জাতীয় প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, সরকারের পরিকল্পনা সঠিকভাবে উপস্থাপনের নির্দেশ কর্মকর্তাদের

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সচিবালয় নিজের মন্ত্রালয়ের যাওয়ার আগেই জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে সঙ্গে নিয়ে তিনি জাতীয় প্রেসক্লাবে পৌঁছলে প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ তাদের স্বাগত জানান। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের লড়াকু ছাত্র নেতা জহির উদ্দিন বরিশাল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সাংবাদিক নেতাদের সঙ্গে কুশল বিনিময়কালে সাংবাদিকদের সঙ্গে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তথ্যমন্ত্রী। এই প্রেসক্লাবকে ছাত্রজীবন থেকেই নিজের ‘সেকেন্ড হোম’ হিসেবে অভিহিত করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমি সব সময় সাংবাদিকদের সাথে আছি, থাকব। আমি খুবই সৌভাগ্যবান, আপনারা সবাই পরিচিত। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই প্রেসক্লাব আমার ছাত্রজীবন থেকে সেকেন্ড হোম। ডালপুরি খেয়ে হরতালের কর্মসূচি বাস্তবায়ন করতাম।’

মন্ত্রী টিভি রুমে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময়ের সময় বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, সহসভাপতি কেএম মহসিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি বাছির জামাল, জাতীয় প্রেস ক্লাবের সদস্য কাজী রওনাক হোসেন, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমি খুব ভালো করেই জানি যে, সাংবাদিক সমাজের সমস্যার সমাধান না হলে গণমাধ্যমের সমস্যার সমাধান করা যাবে না। সেই সমস্যার সমাধানটি এই মন্ত্রণালয়ের এবং আমাদের নেতা তারেক রহমানের যে পরিকল্পনা, তার মধ্যে যে গণমাধ্যমের স্বাধীনতার কথা আছে, সেই আলোকে আমাদের কর্মকৌশল-কর্ম পরিকল্পনা আপনাদের সামনে হাজির করব। তার আগে আমরা সাংবাদিকমহলসহ সকল অংশীদারদের সঙ্গে আমরা ধৈর্যের সাথে মতবিনিময় করব।’

পরে তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী সচিবালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ে যান। মন্ত্রণালয়ে পৌঁছালে তথ্য সচিব মাহবুবা ফারজানা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি হন। সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘নিয়মতান্ত্রিক পদ্ধতি ও পেশাদারিত্বের মধ্য দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হবে, যাতে সরকারের ঘোষিত লক্ষ্য যথাযথভাবে বাস্তবায়ন করা যায়।’ এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

তথ্য মন্ত্রণালয়কে একটি পেশাদার কাঠামোর মধ্যে থেকে কাজ করতে হবে
সংসদ রাজনীতির কেন্দ্রবিন্দু উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘সেই প্রেক্ষাপটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে একটি প্রাতিষ্ঠানিক ও পেশাদার কাঠামোর মধ্যে থেকে কাজ করতে হবে। সরকারের বার্তা স্পষ্টভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়াই হবে মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব।’ তিনি উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রস্তাবে একটি স্বাধীন কমিশন গঠনের কথা বলা হয়েছে। ওই কমিশনের মাধ্যমে স্বাধীন প্রস্তাবনা প্রণয়ন করে রাষ্ট্র পরিচালনায় সহায়ক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য অর্জনে তথ্য মন্ত্রণালয়কে কার্যকর ভূমিকা রাখতে হবে।’ অন্যান্য মন্ত্রণালয়ের কার্যক্রমের তুলনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভূমিকা কিছুটা ভিন্ন জানিয়ে মন্ত্রী বলেন, ‘কারণ এটি সরাসরি জনমত, মতপ্রকাশ ও গণতান্ত্রিক চর্চার সঙ্গে সম্পৃক্ত।’

সরকারের পরিকল্পনা ও কর্মপন্থা সঠিকভাবে উপস্থাপন করা দায়িত্ব
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমাদের সবার পরিষ্কার ধারণা থাকতে হবে যে আমরা একটি নতুন পর্বে প্রবেশ করেছি। ৫ আগস্টের পর এবং প্রধানমন্ত্রী হওয়ার আগেই বর্তমান প্রধানমন্ত্রী একটি ভবিষ্যৎ রাষ্ট্রের রূপরেখা দেশবাসীর সামনে উপস্থাপন করেছিলেন। তিনি রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার ও পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথাও বলেছেন। দেশে ফেরার পরও তিনি তাঁর বক্তব্যে বলেছেন- ‘আই হ্যাভ এ প্ল্যান’। তথ্যমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা ও কর্মপন্থা সঠিকভাবে উপস্থাপন করা এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে সম্পৃক্ত করা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।’

মতবিরোধ ও বিতর্ক গণতন্ত্রের স্বাভাবিক অনুষঙ্গ
মতবিরোধ ও বিতর্ক গণতন্ত্রের স্বাভাবিক অনুষঙ্গ উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ করে সমাজে মতপ্রকাশের পরিবেশ নিশ্চিত করতে হবে। তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্ল্যাটফর্মে সমাজের বহুমাত্রিক মতামতের প্রতিফলন ঘটবে এবং তা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে পরিচালিত হবে। মন্ত্রী আরও বলেন, ‘জনগণের তথ্য জানার অধিকার আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে। একই সঙ্গে দেশ-বিদেশে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট নীতিনির্ধারক ও অংশীজনদের কাছেও সরকারের বার্তা সঠিকভাবে পৌঁছে দিতে হবে। এজন্য সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ তিনি বলেন, একটি দেশের উন্নয়নের পরিপূরক কাঠামো হিসেবে তথ্য মন্ত্রণালয় কাজ করে। উন্নয়ন কতটা অগ্রসর হচ্ছে বা কোথায় ঘাটতি রয়েছে, সে বার্তাও তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমেই জনগণের কাছে পৌঁছায়।’

কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়েছেন প্রতিমন্ত্রী
নবীন-প্রবীণের অপূর্ব সমন্বয়ের চমকের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ও বিবিসির সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী মো. ইয়াসের খান চৌধুরী। তাঁর প্রয়াত বাবা মো. আনোয়ারুল হোসেন খান চৌধুরীও ১৯৯১ সালের নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। রাজনৈতিক পরিবারের এই সন্তানকে এবার প্রথমবারের মতো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন যুক্তরাজ্যে বিবিসি টেলিভিশন নেটওয়ার্কেও তথ্য-প্রযুক্তি বিভাগের দায়িত্ব সামলানো এমন ব্যক্তিত্বকে প্রতিমন্ত্রী হিসেবে পেয়ে খুশি সাংবাদিক নেতারাও। মন্ত্রীর নেতৃত্বে নিজ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতিবিনিময় সভায় আলো কেড়েছেন নতুন প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের কার্যক্রমকে গতিশীল করতে টিম স্পিরিটের ওপর জোর দিয়েছেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’ তিনি আগামীর কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

কালের আলো/এম/এএইচ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘের বৈশ্বিক শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অবদানকে আরও জোরদার করা এবং ফ্রন্টলাইনে নিয়োজিত শান্তিরক্ষীদের সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৬ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (ডিওএস)-এর আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সামরিক ও পুলিশ কন্টিনজেন্টগুলোর পরিচালনাগত সহযোগিতা, আর্থিক ক্ষতিপূরণ দ্রুতকরণ এবং হাইতিতে বাংলাদেশের বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট মোতায়েনের প্রস্তুতিসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি বাহিনীর প্রতিপূরণ সংক্রান্ত প্রক্রিয়া সহজ করায় ডিওএসকে ধন্যবাদ জানান সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে মিশনগুলোতে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদানের জন্য ডিওএস-এর পরিবেশ বিভাগকেও সাধুবাদ জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অন্যতম দেশ হিসেবে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনগুলোর কার্বন ফুটপ্রিন্ট বা পরিবেশগত ক্ষতি হ্রাস করতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশই বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপন করেছে।

এই খাতের বিশেষায়িত অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে জাতিসংঘের সহযোগিতায় ভবিষ্যতে মিশন এলাকাগুলোতে আরও ব্যাপকভাবে নবায়নযোগ্য জ্বালানি স্থাপনে বাংলাদেশ কাজ করতে আগ্রহী বলে উল্লেখ করেন তিনি।

‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি’ এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী মিশন এলাকায় নারী শান্তিরক্ষীদের জন্য নিরাপদ ও অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করতে পরিবেশবান্ধব ও নারী-বান্ধব অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে প্রতিকূল বা শত্রুভাবাপন্ন পরিস্থিতিতে শান্তিরক্ষীদের পর্যাপ্ত সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রশিক্ষণের ওপর জোর দেন।

হাইতির বর্তমান অস্থিতিশীল ও জটিল নিরাপত্তা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের প্রস্তুতির কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ অত্যন্ত আধুনিক ও উচ্চ ক্ষমতাসম্পন্ন ৩টি বিশেষায়িত ফর্মড পুলিশ ইউনিট মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রচলিত ইউনিটের চেয়ে এই দলগুলো সোয়াত, র‍্যাপিড রেসপন্স প্ল্যাটুন, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, ফরেনসিক, সংগঠিত অপরাধ ও সাইবার ক্রাইম তদন্ত এবং মাদকবিরোধী অভিযানে বিশেষভাবে পারদর্শী।

হাইতিতে এই বিশেষায়িত সক্ষমতার সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের কাছে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী ১৫-১৭ জুলাই বাংলাদেশ পুলিশের একটি ৩ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল জাতিসংঘ সদর দফতরে এমওইউ আলোচনায় অংশ নেবে। পূর্ণাঙ্গ এফপিইউ মোতায়েনের পাশাপাশি অন্যান্য দেশের স্ব-নির্ভর ইউনিটের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের বিশেষায়িত পুলিশ টিম বা প্ল্যাটুন মোতায়েন করতেও বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

আলোচনার শেষ ভাগে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের নীল পতাকাতলে বাংলাদেশের অবিচল অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের পেশাদারিত্ব এবং জাতিসংঘের লজিস্টিক সাপোর্টের সমন্বয়ে বিশ্ব শান্তিরক্ষা আরও এক ধাপ এগিয়ে যাবে।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, সাহসিকতা এবং শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন।

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের অগ্রণী ভূমিকার প্রশংসা করে তিনি হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনসহ স্বরাষ্ট্রমন্ত্রীর উত্থাপিত প্রস্তাবসমূহ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত

ইরানের রাজধানী তেহরান থেকে পবিত্র শহর কওমে নেওয়া হয়েছে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। এ নিয়ে চতুর্থ দিনে গড়ানো শোকমিছিলেও দেখা গেছে জনসমুদ্র।

মঙ্গলবার (৭ জুলাই) সেখানে তার মরদেহ নিয়ে শোকমিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে একটি হেলিকপ্টারে করে খামেনির মরদেহ কওমে পৌঁছানোর দৃশ্য দেখানো হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, লাখো-লাখো মানুষ ওই শোক মিছিলে অংশ নেন। অনেকের মতে, ১৯৮৯ সালে ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজা ও শোকযাত্রার পর এটিই ছিল সবচেয়ে বড় জনসমাগমগুলোর একটি।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি ট্রাকে করে খামেনির মরদেহের পাশাপাশি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত তার পরিবারের আরও চার সদস্যের মরদেহ বহন করা হয়। শোক মিছিলটি ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়

কালো পোশাক পরিহিত শোকাহত মানুষেরা কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে খামেনির ১৪ মাস বয়সি এক নাতনির মরদেহও ছিল।

কালের আলো/আরডি/এমডিএইচ

ছয় দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
ছয় দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

টানা ছয় দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬) আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় পুনরায় শুরু হচ্ছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিতব্য এ অধিবেশনের কার্যক্রম পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হবে।

এর আগে গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়। বিরতি শেষে আজ থেকে আবারও সংসদের নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে।

চলতি অধিবেশনে ইতোমধ্যে নতুন অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন পেয়েছে। একই সঙ্গে অর্থ বিল এবং বাজেট-সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদে পাস হয়েছে।

উল্লেখ্য, গত ১১ জুন বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইন-শৃঙ্খলাসহ দেশের নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সংসদে বক্তব্য দেন তারা।

কালের আলো/জেএন/এমএসআইপি