খুঁজুন
                               
বুধবার, ২৭ মে, ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ
ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

ইরাকের কুর্দিস্তানের এরবিলে অবস্থিত ইউরোপের দেশ ইতালির একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার ইতালির প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানালেও পরবর্তীতে এক বিবৃতিতে বলা হয়েছে, এরবিলের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে।

হামলার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ঘাঁটিতে নিয়োজিত ইতালীয় কর্মীদের মাঝে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তারা সবাই নিরাপদ আছেন।

মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলেছে, সম্ভবত ইচ্ছাকৃতভাবে ইতালীয় ঘাঁটি লক্ষ্য করে ড্রোনটি ছোঁড়া হয়নি। বরং এটি উচ্চতা হারিয়ে দুর্ঘটনাবশত ঘাঁটিতে আঘাত হেনেছে।

ঘাঁটির কমান্ডার কর্নেল স্তেফানো পিজোত্তি সংবাদমাধ্যম স্কাই টিজি২৪-কে বলেছেন, হামলার কয়েক ঘণ্টা আগেই আকাশপথের ঝুঁকির বিষয়ে সামরিক কর্মীদের সতর্ক করা হয়েছিল এবং তারা বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন।

তবে এই হামলা কোথায় থেকে চালানো হয়েছে, তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন তিনি। কর্নেল স্তেফানো বলেন, আকাশপথে হামলার সতর্কতা শেষ হলেও বিশেষজ্ঞরা এখনও ওই এলাকা পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপদ করার কাজ চালিয়ে যাচ্ছেন।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ইতালির প্রায় ৩০০ সৈন্য কুর্দি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এরবিলে অবস্থান করছেন। কর্নেল পিজোত্তি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের কারণে সৃষ্ট ঝুঁকির মুখে সাম্প্রতিক সময়ে সৈন্য সংখ্যা কমিয়ে আনা হয়েছে।

সূত্র: রয়টার্স।

কালের আলো/এসএকে

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৬ মে) এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান। বিবৃতিটি বিএনপির সহ দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষর করে গণমাধ্যমে পাঠানো হয়।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশসহ দুনিয়াজুড়ে মুসলমানদের আমি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি হলো ঈদুল আজহা, যা ‘ত্যাগের উৎসব’ নামেও পরিচিত। ঈদুল আজহার তাৎপর্য হলো আল্লাহর নৈকট্য লাভ করা। এ কারণে বিশ্ব মুসলিম ঈদুল আজহার উৎসবে মিলিত হয়।

মনের অশুভ অন্ধকার দূর করে সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের মূল শিক্ষার উৎসই হলো পশু কুরবানি। কুরবানির মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করা এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।

বিবৃতিতে তিনি আরও বলেন, আমি কামনা করি তাদের অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদুল আজহা সকলের জীবনকে করে তুলুক আনন্দময়… মহান আল্লাহ তায়ালার দরবারে আমি এ প্রার্থনা জানাই।

মির্জা ফখরুল বলেন, ঈদুল আজহার প্রধান শিক্ষা হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নিঃশর্ত আনুগত্য প্রদর্শন। এটি ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব। এর মাধ্যমে মুসলমানেরা মহান আল্লাহ পাকের প্রতি নিবেদিত বান্দা হওয়ার প্রেরণা পায়। প্রতিটি উৎসবই ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের চিত্তবৃত্তি ও ঔদার্য প্রসারিত করে। উৎসব মানবজাতিকে সম্প্রীতির অটুট বন্ধনে আবদ্ধ করে এবং সামাজিক অন্ধকারের গহন থেকে মানবিক আলোর ভূমিতে সমবেত করে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ইসরায়েলকে অবশ্যই উৎখাত করা হবে: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৬:৪৮ পূর্বাহ্ণ
ইসরায়েলকে অবশ্যই উৎখাত করা হবে: মোজতবা খামেনি

ইসরায়েলকে উৎখাতের হুঁশিয়ারি দিয়ে পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

মঙ্গলবার (২৬ মে) ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বার্তায় ইসরায়েলকে এই অঞ্চলের জন্য ‘বিপজ্জনক ও প্রাণঘাতী ক্যানসারযুক্ত টিউমার’ আখ্যা দিয়ে খামেনি বলেন, অবশ্যই ইসরায়েলকে উৎখাত করা হবে।

তিনি বলেন, ইরানের ধ্বংসাত্মক আঘাতে ইসরায়েলের শাসনব্যবস্থা এখন অসহায় হয়ে পড়েছে।

একে যুক্তরাষ্ট্রের জন্যও ‘চরম আঘাত’ বলে উল্লেখ করেছেন তিনি। বার্তায় এ বছর হজে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বর্জন করার আহ্বান জানিয়েছেন মোজতবা খামেনি। একইসঙ্গে ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিপাত যাক’ স্লোগানকে ‘ইসলামি উম্মাহর প্রধান স্লোগান’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতির বরাতে আল অ্যারাবিয়ার প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলো আর যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির জন্য ঢাল হিসেবে কাজ করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।

খামেনি বলেছেন, এই অঞ্চলে আগ্রাসন চালানো বা সামরিক ঘাঁটি স্থাপনের জন্য আর কোনো নিরাপদ আশ্রয় পাচ্ছে না যুক্তরাষ্ট্র। বরং প্রতিদিনই তারা তাদের আগের অবস্থান থেকে আরও দূরে সরে যাচ্ছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

তেজগাঁওয়ে পুলিশের অভিযান, গ্রেফতার ৩২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১:২১ পূর্বাহ্ণ
তেজগাঁওয়ে পুলিশের অভিযান, গ্রেফতার ৩২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগে অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- মো. শরীফুল ইসলাম ওরফে রনি (৩৮), উম্মে খুলসুম রানী, মো. রাব্বি (২৫), মো. জনি গাজী (২৪), মো. শাকিল (২৩), মো. সাগর, মো. বাদশা মিয়া, মো. জুয়েল, কৃষ্ণচন্দ্র, মো. শাকিল (১০), মো. সজল ভূঞা (২২), মো. এরশাদ হোসেন (২৬), মো. বাপ্পী (২০), মো. আব্দুর রহিম রাজীব (২১), মো. সোহেল মিয়া (১৯), মো. আফছার মোল্লা (২৪), মো. মহসিন (২৫), মনজুর এলাহি সজীব (৪২), মিরাজ হোসেন (২০), মো. রাকিবুল ইসলাম (২৮), মো. রবিন ইসলাম আলিফ (২০), মো. ফাহাদ হোসেন (৩২), মো. জাহাঙ্গীর (২০), মো. মাসুদ খান রনি (৩০), মো. সোহেল (২৬), মো. মিলন (২২), মো. সুমন মিয়া (৪৫), মো. জয়নাল আবেদিন (৪৪), মো. ফজলে রাব্বী (৩৬), আ. মজিদ (২৩), মো. সুমন (৪২) ও মো. টোকেন মিয়া ওরফে মো. রোকেন মোল্যা (২৮)।

ডিএমপি তেজগাঁও বিভাগের বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, সোমবার (২৫ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এ ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানায় ২ জন, শেরেবাংলানগর থানায় ২ জন, মোহাম্মদপুর থানায় ১৪ জন, আদাবর থানায় ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ জন ও হাতিরঝিল থানায় ২ জন।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কালের আলো/এএইচ/এমএসআইপি