খুঁজুন
                               
, ,
           

জেন জি বাহাত্তরের সংবিধান চায় না: সংসদে হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
জেন জি বাহাত্তরের সংবিধান চায় না: সংসদে হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেছেন, আমি এই সংসদে সর্বকনিষ্ঠ। আমাদের ‘জেন জি’ বলা হয়। তাই আমি বলতে চাই জেন জি-রা বাহাত্তরের সংবিধান চায় না। আমার মতো যারা রয়েছেন, তারা কেন ভোটাধিকার পায়নি তার জবাব চাই। আমরা তো স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি। আমাদের কী ভুল ছিল? আমরা তো নতুন মানচিত্র পেয়েছি, আমরা তো নতুন পতাকা পেয়েছি, আমরা তো নতুন সীমানা পেয়েছি।

রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে হান্নান মাসউদ এসব বলেন। ১৩ দিন বিরতি শেষে এ দিন বিকেল ৩টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

আবদুল হান্নান মাসউদ বলেন, আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মনোযোগ দেওয়া দরকার সারাদেশে কোথায় কোথায় সন্ত্রাসীরা রয়েছে। সন্ত্রাসীদের তালিকা করে তাদের বিচারের আওতায় আনা। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত যারা হত্যার শিকার হয়েছেন তাদের পরিবার যেন বিচার পায় (সে ব্যবস্থা করা)।

হান্নান মাসউদ বলেন, আমি আমার এলাকায় তিন-তিনবার হামলার শিকার হয়েছি। দেশীয় অস্ত্র নিয়ে আমাকে কোপাতে আসা হয়েছে। এরা কারা? এরা তারাই যাদের হাতে বিএনপি নেতাকর্মীদের শরীরের রক্ত লেগে আছে। যারা আপনার ভাইকে খুন করেছে তাদের পুনর্বাসিত করে আমাদের খুন করার জন্য লেলিয়ে দিচ্ছেন!

এনসিপির এই সংসদ সদস্য বলেন, ১৪৪ ধারার মধ্যে নিজে গুলিবিদ্ধ হয়েও পালিয়ে বের হয়ে গিয়ে সংবাদ সম্মেলন করে বলেছি- আবার রাস্তায় নামবো, রাজপথ দখল করতে হবে। আমরা বলেছি নতুন বাংলাদেশ দেবো। আমরা নতুন বাংলাদেশে আবার প্রতারণার রাজনীতি দেখতে চাই না। প্রহসনের রাজনীতি দেখতে চাই না। যে গণভোটের পক্ষে আমাদের প্রধানমন্ত্রী প্রচার চালিয়েছেন, যে আদেশের পক্ষে সরকারদলীয় সংসদ সদস্যরা প্রচারণা চালিয়েছেন, আজ এখানে এসে কেন এটা নিয়ে আবার দীর্ঘ আলোচনা হতে হবে? আমরা ৯০-এর গণঅভ্যুত্থানের কথা ভুলে যাইনি।

কালের আলো/এসআর/এএএন

অপরাধ ও অস্থিতিশীলতার বিরুদ্ধে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী

ফেনী সংবাদদাতা
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
অপরাধ ও অস্থিতিশীলতার বিরুদ্ধে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী

কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ ধরনের অপতৎপরতা মোকাবিলায় বিএনপি সর্বশক্তি দিয়ে কাজ করবে এবং আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বিরোধীদলকে বিএনপিকে নিয়ে সমালোচনা না করে নিজেদের দলের অনিয়ম ও অপকর্ম বন্ধে মনোযোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতেই অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

তারেক রহমান বলেন, অস্থিতিশীলতার কারণে সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। সরকারের কার্যক্রমে যারা বাধা সৃষ্টি করবে, জনগণই তাদের জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি মানুষের জন্য এবং দেশের কল্যাণে রাজনীতি করে। খাল খনন, নদী ড্রেজিং, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন কর্মসূচির লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা।

মুহুরী-কহুয়া নদী ও খাল খনন প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার প্রায় সাড়ে ৪ লাখ মানুষ উপকৃত হবে বলে জানান তিনি। এতে ৩৪ হাজার হেক্টর জমিতে আবাদ এবং প্রায় ১ লাখ মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদনের সুযোগ তৈরি হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে সড়কপথে ঢাকার গুলশানের বাসভবন থেকে ফেনীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফেনীতে এটি তার প্রথম সফর।

প্রকল্পটির বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা। এর আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।

পরে প্রধানমন্ত্রী ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়া ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ডে বিএসইসির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ডে বিএসইসির অনুমোদন

৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর নীতিগত অনুমোদন পেয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর ইস্যু করা এক চিঠির মাধ্যমে আল-আরাফাহ ইসলামী ব্যাংককে বন্ড ইস্যুর নীতিগত সম্মতি দেয় বিএসইসি। অনুমোদিত বন্ডটির নাম ‘এআইবিপিএলসি ৫ম সাব-অর্ডিনেটেড বন্ড’।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এ বন্ড থেকে সংগৃহীত ৫০০ কোটি টাকা ব্যাংকটির মূলধন ভিত্তি শক্তিশালী করতে ব্যবহার করা হবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

নাজমুল আলমের বিদেশযাত্রা ঠেকাতে দুদকের আইনি পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
নাজমুল আলমের বিদেশযাত্রা ঠেকাতে দুদকের আইনি পদক্ষেপ

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিদেশযাত্রা বন্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মানিলন্ডারিং-সংক্রান্ত একটি তদন্তের অংশ হিসেবে গত ১৬ ফেব্রুয়ারি সিদ্দিকী নাজমুল আলমের বিদেশযাত্রা রহিত করতে দুদকের পরিচালক (মানিলন্ডারিং) বরাবর আবেদন করা হয়।

পরবর্তীতে বিষয়টি পর্যালোচনা করে নাজমুল আলমের বিদেশযাত্রা বন্ধে করা আবেদনটি আদালতে দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন। একই সঙ্গে আবেদনটির চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে।

দুদক সূত্র আরও জানায়, শিগগিরই আদালতের মাধ্যমে সিদ্দিকী নাজমুল আলমের বিদেশযাত্রার ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি