খুঁজুন
                               
বুধবার, ২৭ মে, ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের আন্দোলনে চান নাহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের আন্দোলনে চান নাহিদ

অন্তর্বর্তী সরকারের জারি করা নানা অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। শুরু থেকেই এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছে ১১ দলীয় জোট। এবার সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টাদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

সৌদি আরবে ওমরাহ করে শনিবার (৪ এপ্রিল) দুপুরে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান নাহিদ ইসলাম।

নাহিদ বলেন, ‘আমি ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথের বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টা ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের দায়িত্ব নিতে হবে। তারা যে এই অধ্যাদেশগুলো করেছিলেন, কেন করেছিলেন, এখন সেগুলো বাতিল করা হচ্ছে- এগুলো নিয়ে তাদের কথা বলতে হবে। এসব বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসকে মুখ খুলতে হবে।’

তিনি বলেন, ‘তারা (উপদেষ্টারা) অধ্যাদেশ করে চলে গেছেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতা দিয়ে চলে গেছেন। এখন অধ্যাদেশগুলো বাতিল হবে, সংস্কার হবে না, তারা কথা বলবেন না, যার যার ক্যারিয়ারে ফিরে যাবেন, এটা হবে না। জনগণের কাঠগড়ায় তাদের দাঁড়াতে হবে।’

কালের আলো/এসআর/এএএন

রাজধানীতে ডিভাইডার ভেঙে এক বাসে অন্য বাসের ধাক্কা, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৩:১৩ অপরাহ্ণ
রাজধানীতে ডিভাইডার ভেঙে এক বাসে অন্য বাসের ধাক্কা, নিহত ৪

রাজধানীর নর্দার নতুন বাজার এলাকায় ইসলাম পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙ্গে বিপরীত লেনের আকাশ পরিবহণের বাসে ধাক্কায় চারজন নিহত হয়েছেন।

বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘাতক বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছেন। হতাহতদের উদ্ধার করে নগরীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতরা হলেন বাগেরহাটের মংলার লাইজু বেগম (৩৮), তার স্বামী কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) ও পটুয়াখালী মির্জাগঞ্জের রবিউল ইসলাম (২২)।

জানা গেছে, পটুয়াখালী থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির ইসলাম পরিবহনের বাসটির ধাক্কায় আকাশ পরিবহণের বাসটি দুমড়ে-মুছড়ে গেছে। ঘটনার পর তাৎক্ষণিকভাবে সড়কে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) নেসার উদ্দিন বলেন, নর্দায় একটা কাউন্টার থাকায় জায়গাটি সব সময় ব্যস্ত থাকে। পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহন একটি বাস বেপরোয়া গতিতে নতুন বাজার থেকে উত্তরামুখী সড়ক ক্রস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

বেপরোয়া গতির কারণে গাড়িটি রোড ডিভাইডার ভেঙ্গে বিপরীত লেনের উত্তরা থেকে গুলিস্তানগামী সড়কে থাকা আকাশ পরিবহনে ধাক্কা দেয়। গুলিস্তানগামী আকাশ পরিবহনে যাত্রী ছিল বেশি। আর ঘাতক ইসলাম পরিবহনে যাত্রী ছিলেন ৫-৭ জন। ইসলাম পরিবহনের ধাক্কায় আকাশ পরিবহন ছিটকে পরে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। কুর্মিটোলা হাসপাতালে মারা যাওয়ার পর আরও দুজনকে শনাক্ত করা হয়। বাকি একজনের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ইসলাম পরিবহনের যাত্রীদের বরাত দিয়ে এসআই নেসারউদ্দিন জানান, পটুয়াখালী থেকেই বাসটি বেপরোয়া গতিতে চলাচ্ছিল। চালক ও হেলপারও ছিল বেপরোয়া। রাস্তায় যাত্রী নামাতে নামাতে আসছিল। সারা রাস্তায় চিল্লাচিল্লি করেছে চালক।

পুলিশ জানিয়েছে, গুলিস্তানমুখী আকাশ পরিবহণের বাসটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাতক ইসলাম পরিবহনের বাসটিসহ ক্ষতিগ্রস্ত দুটি বাস পুলিশ সরিয়ে নিয়েছে।

পরে যান চলা স্বাভাবিক হয়। ইসলাম পরিবহনের চালক হেলপারকে খোঁজা হচ্ছে। এছাড়া হতাহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

দেড় কোটি মানুষের ঈদযাত্রা সন্তোষজনক: সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
দেড় কোটি মানুষের ঈদযাত্রা সন্তোষজনক: সড়কমন্ত্রী

দেড় কোটি মানুষের ঈদযাত্রা এবং প্রায় ৮০ লাখ কোরবানির পশু পরিবহনের মতো বিশাল চাপের মধ্যেও দেশের সার্বিক পরিবহন ব্যবস্থাপনা সন্তোষজনকভাবে পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, নির্ধারিত ভাড়ায় যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন এবং বড় কোনো বিশৃঙ্খলা ছাড়াই ঈদযাত্রা স্বাভাবিকভাবে এগিয়ে চলছে।

বুধবার (২৭ মে) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে বিপুল সংখ্যক মানুষের একসঙ্গে ঢাকা ছাড়ার কারণে সড়ক, রেল ও নৌপথে চাপ তৈরি হয়েছে। তবে সরকার সার্বক্ষণিকভাবে পরিস্থিতি মনিটরিং করছে। বিআরটিএ’র কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিয়মিতভাবে পরিবহন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কোথাও অনিয়ম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব চ্যালেঞ্জ মাথায় নিয়েও আমরা চেষ্টা করেছি একটি সাবলীল ঈদযাত্রা নিশ্চিত করতে। এখন পর্যন্ত পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক।

তিনি আরও বলেন, ঢাকা থেকে দুই থেকে তিন দিনের মধ্যে দেড় কোটি মানুষ বিভিন্ন জেলায় যাত্রা করছে, যা একটি বড় ধরনের ব্যবস্থাপনা চ্যালেঞ্জ। একই সময়ে প্রায় ৮০ লাখ কোরবানিযোগ্য পশুর পরিবহনও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হচ্ছে। পরিবহন খাতের সীমিত সক্ষমতার মধ্যেও যাত্রীসেবায় সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। অধিকাংশ যাত্রীই নির্ধারিত ভাড়ায় গন্তব্যে যেতে পারছেন। তবে কিছু কিছু জায়গায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যাচ্ছে, যা মনিটরিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা হচ্ছে।

যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ওই অংশে কিছুটা ধীরগতি থাকলেও এটি স্বাভাবিক পরিস্থিতি। কারণ সাত লেনের যানবাহন দুই লেনে প্রবেশ করায় সেখানে চাপ তৈরি হয়।

তবে এটি ব্যবস্থাপনার কোনো বড় ত্রুটি নয় বলে তিনি মন্তব্য করেন। তার মতে, বড় ধরনের চাপের সময় এ ধরনের ধীরগতি স্বাভাবিকভাবেই তৈরি হয়, যা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। তিনি বলেন, ঈদযাত্রা চলাকালে সড়ক, রেল ও নৌপথে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে, যাতে যাত্রীদের ভোগান্তি সর্বনিম্ন রাখা যায়।

রেলপথে বিশেষ ব্যবস্থার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, নারীদের জন্য কয়েকটি আন্তঃনগর ট্রেনে আলাদা কোচ সংযোজন করা হয়েছে। ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ রুটে এই সুবিধা চালু করা হয়েছে। তবে সব ট্রেনে তা সম্ভব হয়নি, কারণ আগেই অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে এবং পর্যাপ্ত কোচের সীমাবদ্ধতা রয়েছে। ঈদ উপলক্ষে অতিরিক্ত ৫১টি কোচ সংযুক্ত করা হয়েছে। নৌপথেও অতিরিক্ত নজরদারি রাখা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানো নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানোর কোনো সিদ্ধান্ত ছিল না। বিষয়টি সিটি করপোরেশনের এখতিয়ার বলে তিনি মন্তব্য করেন। যারা ইজারা দিয়েছে বা অর্থ নিয়েছে, দায় তাদের ওপরই বর্তায় বলেও তিনি উল্লেখ করেন।

কালের আলো/এসআর/এএএন

‘ছয় শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন, অবহেলা প্রমাণিত হলে ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ
‘ছয় শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন, অবহেলা প্রমাণিত হলে ব্যবস্থা’

রাজধানীর আদ দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) প্রবাদ চন্দ্র বিশ্বাস। এ ঘটনায় কোনো অবহেলার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বুধবার (২৭ মে) দুপুরে হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রবাদ চন্দ্র বিশ্বাস।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, এখানে ১১ জন মা ছিলেন তার মধ্যে ৬ জন মা তাদের শিশুর সন্তানসহ ছিলেন। যাদের বয়স এক দিন থেকে তিন দিনের ভেতরে ছিল। একজন মা ডেলিভারি এবং বাকি পাঁচজন এনআইসিউতে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু ভোরবেলায় এই রুমটিতে এসি জটিলতা অথবা যেকোনো কারণেই হোক ওখানে সাফোকেটিভ পরিবেশ পেয়েছি। সেখানে আসলে এসি এমনভাবে ছিল যে এসিটি বন্ধ করলে ওখানে আর কোনো ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই। এরকম একটি পরিস্থিতির মধ্যে এই শিশুরা ছিল। এমন পরিস্থিতিতে আমরা ভোরবেলায় ছয়জন শিশুকে হারিয়েছি।

তিনি আরো বলেন, ইতোমধ্যে এই বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে ব্যবস্থাপনার কোনো ত্রুটি আছে কিনা এবং এর কারণ সঠিকভাবে নির্ণয় করার জন্যে ইতোমধ্যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে একটি উচ্চপদস্থ একটি ইনকোয়ারি কমিটি হয়েছে। আমরা কমিটি গঠন করেছি। এই কমিটিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল উপপরিচালক একজন এবং আরো একজন স্বাস্থ্য অধিদফতরের একজন কর্মকর্তার সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটি নিয়ে প্রবাদ চন্দ্র বিশ্বাস বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে কমিটি রিপোর্ট দেবে। আগামী তিন দিনের মধ্যে এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকার কঠিন ব্যবস্থা নেবে এবং এই ব্যাপারে যদি কারো কোনো গাফিলতি এবং সেবার ক্ষেত্রে অথবা যে ওয়ার্ডে যে ব্যবস্থা করা ছিল সেখানে ব্যবস্থাপনায় যদি কারো অবহেলা হয় এবং কারিগরি ত্রুটি ধরা পড়ে তবে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে আইনশৃঙ্খলাসহ সংশ্লিষ্ট সব বিষয়ে ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে এবংমন্ত্রীর নির্দেশক্রমে আমরা এই কমিটি গঠন করেছি। ইতোমধ্যে আমরা সরেজমিনে সবকিছু দেখে এসেছি।

কালের আলো/এসআর/এএএন