খুঁজুন
                               
, ,
           

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত কিংবা দাবি মেনে নেওয়া না হলে ইরানে আজকেই একটি আস্ত সভ্যতা বিলীন হয়ে যেতে পারে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওই হুমকি দিয়েছেন তিনি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সকল শর্ত বা দাবি মেনে না নেয়, তাহলে মঙ্গলবার দেশটিতে ‌‘একটি আস্ত সভ্যতার মৃত্যু ঘটতে পারে।’

ট্রাম্প লিখেছেন, ‘আজ রাতেই একটি আস্ত সভ্যতা মারা যাবে; যা আর কোনোদিন ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, তবে সম্ভবত এটি হতে চলেছে।’ পোস্টের শেষে তিনি বলেছেন, ‘‘কে জানে কী হয়?’

যদিও ইরানকে দেওয়া মঙ্গলবারের আল্টিমেটামের পর কী করবেন ট্রাম্প, সেই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনও তথ্য জানাননি তিনি। তবে এর আগে মার্কিন এই প্রেসিডেন্ট বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে বোমা হামলা চালিয়ে দেশটিকে ‘পাথর যুগে’ পাঠিয়ে দিতে পারে।

তেহরানকে দাবি মেনে নেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার এই আল্টিমেটাম শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সূত্র: এএফপি।

কালের আলো/আরডি/এমডিএইচ

ইমরানের পাশে বিশ্ব ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
ইমরানের পাশে বিশ্ব ক্রিকেট

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের পাশে এবার দাঁড়ালেন বিশ্ব ক্রিকেটের সাবেক অধিনায়কেরা। কারাবন্দি ইমরানের মুক্তি, উন্নত চিকিৎসা এবং পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে যৌথ চিঠি দিয়েছেন বিভিন্ন দেশের ২১ সাবেক আন্তর্জাতিক অধিনায়ক।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থেকেই এই উদ্যোগ। চিঠিতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী ইমরানের স্বাস্থ্য পরীক্ষা একটি মেডিক্যাল বোর্ডের মাধ্যমে করার কথা। সেই বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বোন ডা. উজমা খানকে রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

শুধু চিকিৎসা নয়, পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছেন সাবেক অধিনায়কেরা। তাদের মতে, দীর্ঘ কারাবাসের মধ্যে একজন বন্দির স্বাস্থ্য, চিকিৎসা ও পারিবারিক যোগাযোগের অধিকার নিশ্চিত করা জরুরি।

চিঠির সবচেয়ে তাৎপর্যপূর্ণ বার্তা এসেছে তাদের অবস্থান ব্যাখ্যায়। তারা বলেছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি কিংবা বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা তাদের উদ্দেশ্য নয়। বরং ইমরানের সঙ্গে ক্রিকেটের মাঠে গড়ে ওঠা সম্পর্ক থেকেই এই আবেদন।

চিঠিতে বলা হয়েছে, ‘রাজনীতিবিদ হিসেবে নয়, ক্রিকেট মাঠে গড়ে ওঠা সম্পর্কের জায়গা থেকে, সাবেক সহখেলোয়াড় ও প্রতিদ্বন্দ্বী হিসেবে’ তারা এই আহ্বান জানাচ্ছেন।

একসময় যে ইমরান খান ক্রিকেটের মাঠে পাকিস্তানের নেতৃত্ব দিয়েছেন, সেই অধিনায়কই এখন দীর্ঘদিন ধরে কারাগারে। ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে এসে ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন তিনি। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি রয়েছেন।

ইমরানকে ঘিরে সাবেক ক্রিকেটারদের এমন উদ্যোগ অবশ্য নতুন নয়। গত ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক তার অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে চিঠি দিয়েছিলেন। এবার সেই সংখ্যাই বেড়ে দাঁড়াল ২১-এ।

রাজনীতির মাঠে ইমরানকে ঘিরে যত আলোচনা ও সমালোচনা থাকুক, ক্রিকেটের মাঠে তার পরিচয় ছিল ভিন্ন—একজন বিশ্বকাপজয়ী অধিনায়ক। ২১ সাবেক অধিনায়কের চিঠিতে তাই রাজনীতির চেয়ে বড় হয়ে উঠেছে সেই ক্রিকেটীয় সম্পর্ক, মানবিক উদ্বেগ এবং একজন সাবেক সতীর্থের পাশে দাঁড়ানোর বার্তা।

কালের আলো/এম/এএইচ

জুলাইকে বিপ্লব হিসেবে দেখার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
জুলাইকে বিপ্লব হিসেবে দেখার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন

জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কোনোভাবেই বিপ্লব হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, প্রচলিত রাষ্ট্রব্যবস্থা সংস্কার ও মেরামতের লক্ষ্যেই ওই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, পূর্ণাঙ্গ বিপ্লবের পেছনে নির্দিষ্ট দর্শন, বিপ্লবী আদর্শ এবং সেই আদর্শ ধারণকারী রাজনৈতিক শক্তির নেতৃত্ব থাকে। এর মাধ্যমে নতুন ধরনের সরকার ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। জুলাইয়ের গণঅভ্যুত্থানের ক্ষেত্রে এমন কোনো বাস্তবতা ছিল না।

তিনি বলেন, ‘আমাদের দল ও সরকার খুব স্পষ্টভাবে মনে করে, গণঅভ্যুত্থান হয়েছে প্রচলিত ব্যবস্থাকে সংস্কার ও মেরামত করার জন্য। কোনোভাবেই এখানে কোনো বিপ্লব সম্পন্ন হয়নি।’

জুলাইয়ের ঘটনাপ্রবাহকে বিপ্লব না সংস্কার—কোন দৃষ্টিভঙ্গিতে দেখা হবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখনো চিন্তাগত অস্পষ্টতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এ বিষয়ে স্পষ্টতা না থাকলে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়ায় ঐকমত্য তৈরি করা কঠিন হবে।

রাষ্ট্র সংস্কারের মতো জটিল কাজ এগিয়ে নিতে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য প্রয়োজন উল্লেখ করে স্বপন বলেন, ভিন্নমত ও সমালোচনাকে পরস্পরকে পরাজিত করার হাতিয়ার না বানিয়ে গঠনমূলক আলোচনার মাধ্যমে সামনে এগোতে হবে।

জুলাই সনদসহ চলমান রাজনৈতিক ও সংস্কার প্রক্রিয়া নিয়ে মতভেদ থাকলেও আলোচনা ও সম্পৃক্ততার মাধ্যমে ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

স্বপন বলেন, সরকারের কাজ কাউকে পরাজিত করা নয়; বরং রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা। এ জন্য সব রাজনৈতিক শক্তি, অংশীজন ও নাগরিক সমাজের মধ্যে গঠনমূলক আলোচনা জরুরি।

তিনি আরও বলেন, ‘এনগেজমেন্ট, এনগেজমেন্ট, এনগেজমেন্ট—গণতান্ত্রিক ও রাজনৈতিক প্রক্রিয়ায় পারস্পরিক সম্পৃক্ততা এবং সুস্থ আলোচনা ছাড়া অন্য কোনো পথ নেই।’

আলোচনা সভায় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, খেলাফত মজলিসের সেক্রেটারি জেনারেল ডা. আহমদ আব্দুল কাদের এবং সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএসআইপি 

অনুমোদন ছাড়াই পানি ও কেক উৎপাদন, রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
অনুমোদন ছাড়াই পানি ও কেক উৎপাদন, রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ও গুণগত মানসনদ না থাকায় খাবার পানি ও জন্মদিনের কেক উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরীতে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

অভিযানে বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত ‘রোজ পিওর ড্রিংকিং ওয়াটার’ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ নবায়ন না করেই প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিক্রি-বিতরণ করছিল। একই সঙ্গে পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করার অভিযোগও পাওয়া যায়।

অন্যদিকে, একই এলাকার ‘শোয়াইব সিফাত বেকারী’কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ডেকোরেটেড কেক বা জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ করছিল।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং ভোক্তাদের কাছে গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি