খুঁজুন
                               
, ,
           

পারমিশন ছাড়াই চিমটি দিয়েছে : পূর্ণিমা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২:২৩ অপরাহ্ণ
পারমিশন ছাড়াই চিমটি দিয়েছে : পূর্ণিমা

ঢালিউডের চিরসবুজ অভিনেত্রী পূর্ণিমা। রুপালি পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের বাড়তি উন্মাদনা। সম্প্রতি সিমরা খানের সঞ্চালনায় একটি বিশেষ পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবনের মজার অনেক অভিজ্ঞতা ও অজানা তথ্য শেয়ার করেছেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী।

সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কী বলেন? এমন প্রশ্নের উত্তরে পূর্ণিমা বলেন, ‘এই যে এখন ঘুম থেকে উঠলাম, দেখলাম যে এত সুন্দর কেন? ভাল্লাগছেনা আমার! আসলে এই টাইপ সবারই হওয়া উচিত।’

অনেকে মনে করেন গ্ল্যামার ধরে রাখতে তিনি হয়তো কঠোর ডায়েট করেন, তবে পূর্ণিমা জানান, নিজেকে ধরে রাখার জন্য আলাদা করে বিশেষ কিছুই করেন না তিনি।

আলাপচারিতায় পূর্ণিমা তার সেন্স অফ হিউমার দিয়ে মাতিয়ে রাখেন ভক্তদের। মজার ছলে তিনি বলেন, ‘ডক্টর বলেছে তুমি তাড়াতাড়ি জয়েন করো, আমাদের পেইন কিলার লাগবে না। আমি ওয়ার্ডে গিয়ে সবার পেইন কমিয়ে দিয়ে আসবো।’

পূর্ণিমার রূপের মায়ায় মুগ্ধ হয়ে ভক্তরা অনেক সময় অদ্ভুত সব কাণ্ড করে বসেন। তার কথায়, ‘কেউ আছে আবার পারমিশন ছাড়াই আমার এখানে চিমটি দিয়েছে। আমি বলছি একি কেন? উত্তরে তারা বলে- না, দেখলাম মানুষটা সত্যি কি না, নাকি পুতুলের মতন লাগছে।’

ছোটবেলার স্মৃতিচারণ করে পূর্ণিমা বলেন, ‘বাসায় গেস্ট আসলেই মা হারমোনিয়াম বের করে আমাকে গান গাইতে বলতেন। বেচারা গেস্টদের জোর করে ৫টি গান শোনাতে হতো। জানি না তারা টর্চার হতো কি না।’

কালের আলো/এসএকে

দেশ অস্থিতিশীলের চেষ্টার অভিযোগ চিফ হুইপের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ
দেশ অস্থিতিশীলের চেষ্টার অভিযোগ চিফ হুইপের

ধর্মের লেবাস ধরে কিছু মানুষ তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তুচ্ছ বিষয়কে বড় করে অপপ্রচারের অভিযোগ

নুরুল ইসলাম মনি বলেন, কিছু মানুষ ছোট একটি বিষয়কে বড় করে সামনে নিয়ে আসে। পরে সেটিকে বিভিন্নভাবে প্রচার করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, তাদের কেউ কেউ ‘গুপ্ত বাহিনী’ ও ‘বট বাহিনী’র মাধ্যমে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। তবে এসব অভিযোগের বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো উদাহরণ বা প্রমাণ উপস্থাপন করেছেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

আইনশৃঙ্খলা রক্ষায় পদক্ষেপের কথা

চিফ হুইপ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যা যা প্রয়োজন, সরকার তা করবে। কোনো পক্ষকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না।

তিনি দাবি করেন, দেশের বাইরে অবস্থান করা কিছু ব্যক্তি সুযোগের অপেক্ষায় রয়েছে এবং তারা সম্মিলিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে। পাশের একটি দেশে কয়েকজন পলাতক ব্যক্তি আশ্রয় নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

নুরুল ইসলাম মনি আরও বলেন, যারা এসব তৎপরতায় সহযোগিতা করছে, সরকার তাদের সম্পর্কে অবগত। প্রয়োজন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার যেকোনো পদক্ষেপ নিতে বাধ্য হবে। সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

সংবিধান সংশোধন নিয়ে আলোচনা

সংবিধান সংশোধনের বিষয়ে চিফ হুইপ বলেন, এ নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে। আগামী সংসদ অধিবেশনে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

সংবিধানে ‘আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা’ সংক্রান্ত বিষয় পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে সরকারের অবস্থানের কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

সব ধর্মের মানুষের স্বাধীনতার কথা

নুরুল ইসলাম মনি বলেন, খতিব ও পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং সেই মূল্যবোধ সামনে এগিয়ে নিতে প্রয়োজনীয় কাজ করছে বলেও দাবি করেন তিনি।

একই সঙ্গে সব ধর্মের মানুষ যাতে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারেন, তা নিশ্চিত করার কথা উল্লেখ করে দেশের উন্নয়নে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান চিফ হুইপ।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা, সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

ফেনী সফরে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প ও রুফটপ সোলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফেনী সংবাদদাতা
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
ফেনী সফরে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প ও রুফটপ সোলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফর শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রকল্পটি বাস্তবায়নে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এরপর দুপুর সোয়া ১টার দিকে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে দুপুর দেড়টার দিকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

পরে দুপুর ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন তিনি। সেখানে স্থাপিত রুফটপ সোলার ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৩টার দিকে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টার দিকে সড়কপথে ফেনী ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাত ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ফেনীতে এটিই তারেক রহমানের প্রথম সফর।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৯

রাজধানীতে মাদকবিরোধী ও নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন থানায় ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

বিভিন্ন বিভাগে শতাধিক গ্রেপ্তার

ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩৯ জনের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগে ৫৭ জন, ওয়ারীতে ৩৭ জন, মতিঝিলে ৫৫ জন, তেজগাঁওয়ে ৭৯ জন, মিরপুরে ৯৬ জন, গুলশানে ২৮ জন এবং উত্তরা বিভাগে ৩৮ জন রয়েছেন।

এ ছাড়া গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ২০ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিপুল পরিমাণ মাদক উদ্ধার

অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। এর মধ্যে রয়েছে ১৫২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭ হাজার ২৮টি ইয়াবা এবং ১৭৫ গ্রাম হেরোইন।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় এসব মাদক উদ্ধার করা হয়।

অস্ত্র ও যানবাহনসহ বিভিন্ন আলামত

মাদকদ্রব্যের পাশাপাশি অভিযানে অস্ত্র ও বিভিন্ন ধরনের আলামতও উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ১৩টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি ছোরা, একটি রামদা, একটি চাপাতি এবং দুটি সুইস গিয়ার চাকু।

এ ছাড়া একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় উল্লিখিত ব্যক্তিদের গ্রেপ্তার এবং মাদক, অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

কালের আলো/এসকে/এমএসআইপি