খুঁজুন
                               
রবিবার, ৭ জুন, ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

তুরস্কের কাছে ১শ’কোটি ডলার ও সুন্দরী নারী দাবি উগান্ডার সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
তুরস্কের কাছে ১শ’কোটি ডলার ও সুন্দরী নারী দাবি উগান্ডার সেনাপ্রধানের

তুরস্কের কাছে ক্ষতিপূরণ হিসাবে ১০০ কোটি মার্কিন ডলার এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারী’কে স্ত্রী হিসেবে দেওয়ার দাবি জানিয়েছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা।

দাবি পূরণ না হলে ৩০ দিনের মধ্যে উগান্ডার রাজধানী কাম্পালায় তুর্কি দূতাবাস বন্ধ এবং তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকিও দিয়েছেন তিনি।

উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান মুহুজি কাইনেরুগাবা দেশটির প্রেসিডেন্ট ইউরি মুসেভেনির ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একাধিক পোস্টে তিনি তুরস্কের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে এই দাবি জানান এবং হুমকি দেন।

কাইনেরুগাবার দাবি, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় উগান্ডার অবদানকে স্বীকৃতি দেওয়া হয়নি। সেকারণে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া উগান্ডার অধিকার।

কাইনেরুগাবার আরও অভিযোগ, তুরস্ক সোমালিয়ায় ব্যবসা করে এবং রাজধানী মোগাদিশুর বন্দর ও বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেকে মুনাফা অর্জন করছে।

অথচ উগান্ডা প্রায় দুই দশক ধরে আফ্রিকান ইউনিয়নের (এইউ) মিশনের অংশ হিসেবে সোমালিয়ায় সেনা পাঠিয়ে আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে লড়াই চালিয়ে সেখানে নিরাপত্তা নিশ্চিত করছে।

উগান্ডার সেনাপ্রধানের মতে, তুরস্কের কাছ থেকে ‘নিরাপত্তা লভ্যাংশ’ হিসেবে উগান্ডার ১ শ’ কোটি ডলার পাওয়া উচিত।

তিনি লিখেছেন, “তুরস্কের জন্য এটি খুবই সাধারণ একটি চুক্তি…হয় তারা আমাদেরকে অর্থ দেবে, নয়ত আমি এখানে তাদের দূতাবাস বন্ধ করে দেব।”

“তারাও চাইলে তুরস্কে আমাদের দূতাবাস বন্ধ করে দিতে পারে, তাতে কোনও সমস্যা নেই।”

তবে এই অর্থের পাশাপাশি কাইনেরুগাবা তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করার জন্য তার হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন।

তবে তার এমন দাবি এই প্রথম নয়। এর আগেও ২০২২ সালের অক্টোবরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ে করার বিনিময়ে ১০০টি রাজকীয় আঙ্কোল জাতের গরু উপহার দেওয়ার প্রস্তাব দিয়েও বিতর্কের জন্ম দিয়েছিলেন কাইনেরুগাবা।

কালের আলো/এসআর/এএএন

ফের কমল জেট ফুয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
ফের কমল জেট ফুয়েলের দাম

দেশের বাজারে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (৭ জুন) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। যা কার্যকর হবে আজ রাত ১২টা থেকে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুন মাসে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম কমানো হয়েছে ১৫ টাকা ৬৭ পয়সা।

এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ১ দশমিক ০৮২৩ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৩ মে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছিল। এ ছাড়া তখন আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১ দশমিক ৩৩৮৫ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ নির্ধারণ করা হয়।

অভ্যন্তরীণ ফ্লাইটে বাংলাদেশি ক্রেতা ও আন্তর্জাতিক ফ্লাইটে দেশি-বিদেশি ক্রেতারা হলো- চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর ও ভবিষ্যতে চালু হতে যাওয়া বিমানবন্দর।

কালের আলো/আরডি/এমডিএইচ

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

রাজশাহীতে নন্দিনী ঘোষ (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে। সে স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।

রোববার (৭ জুন) বেলা পৌনে ১টার দিকে কাজলা এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবহারিক খাতা দেখানোর উদ্দেশ্যে রোববার দুপুরে সে স্কুলে যাচ্ছিল। স্কুল থেকে প্রায় ২০০ মিটার দূরে পৌঁছালে তার ওপর হামলা চালানো হয়। ছুরিকাঘাতে তার হাতে ও পিঠে জখম হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, নন্দিনীর শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় নন্দিনীর সঙ্গে আরও দুই বান্ধবী ছিল। হামলাকারী তরুণ নন্দিনীর এক বান্ধবীর স্বামী বলে জানা গেছে। হামলার পর সে পালিয়ে যায়। তবে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ বা পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি। আহত শিক্ষার্থীর সঙ্গে সরাসরি কথা বলাও সম্ভব হয়নি।

রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়টি তিনি প্রথমে পুলিশ সূত্রে জানতে পারেন। নন্দিনী মানবিক বিভাগের ছাত্রী এবং চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। এর বাইরে বিস্তারিত কিছু জানা নেই।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, কী কারণে এই হামলা হয়েছে তা এখনো জানা যায়নি। আহত শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে পুলিশকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

বাজেট অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে।

রবিবার বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হবে।

সংসদ সচিবালয় সূত্র থেকে জানা গেছে, বাজেট অধিবেশনকে সামনে রেখে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বানের পর থেকেই এই প্রস্তুতি শুরু হয়।

অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হয়। অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বেশ কিছু এলাকায় শনিবার (৬ জুন) থেকে আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা, বিক্ষোভ ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে

কালের আলো/এএইচ/এমএসআইপি