খুঁজুন
                               
শুক্রবার, ৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ, ১৪৩৩
           

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি প্রধান মহসিন নাকভি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ
ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি প্রধান মহসিন নাকভি

পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন রাজা নাকভি দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় আসছেন। বর্তমান সরকারের মেয়াদে পাকিস্তানের কোনো মন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও নীতি-নির্ধারকরা।

দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, শুক্রবার ভোর ৪টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার স্ত্রীও রয়েছেন। বিসিবি সূত্রে জানা গেছে, ১২ জনের প্রতিনিধি দল নিয়ে আসছেন নাকভি।

বাংলাদেশ-পাকিস্তান মিরপুর টেস্ট শুরুর সকালে মাঠে এসে খেলা উপভোগ করবেন তিনি। বিসিবির সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠকের সূচি নেই এখনও পর্যন্ত। তবে খেলা দেখার পাশাপাশি আলাপচারিতার সুযোগ তো থাকছেই।

সফরসূচি অনুযায়ী, আজ দুপুরে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে মহসিন নাকভির একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের অন্যতম প্রধান আকর্ষণ হলো দুই দেশের মধ্যে মাদক চোরাচালান রোধ এবং সন্ত্রাস দমনে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়াজুড়ে বিস্তৃত আন্তঃদেশীয় মাদক পাচার চক্র এবং সন্ত্রাসী অর্থায়ন বন্ধে এই চুক্তিটি বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আন্তঃদেশীয় অপরাধ দমন, গোয়েন্দা তথ্য বিনিময় এবং সাইবার নিরাপত্তা নিয়ে দুই দেশের মন্ত্রী বিস্তারিত আলোচনা করবেন।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তান ও পাকিস্তান হয়ে দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়া মাদকের রুটগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। বাংলাদেশও সাম্প্রতিক বছরগুলোতে ইয়াবা, আইস এবং হেরোইনের নতুন রুট ও নেটওয়ার্কের কারণে ব্যাপক চাপের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং পাচার রুট শনাক্তকরণে যৌথ নজরদারি ব্যবস্থা গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে। সম্ভাব্য এই সমঝোতা স্মারকটি স্বাক্ষর হলে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে উগ্রবাদী প্রচারণা এবং আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ শনাক্ত করার কাজ অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে।

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত কর্নেল কাজী শরীফ উদ্দিন এই সফর সম্পর্কে বলেন যে, মাদক ও সন্ত্রাসবাদ এখন আর কোনো একক দেশের অভ্যন্তরীণ সমস্যা নয়, বরং এটি একটি আন্তঃদেশীয় নিরাপত্তা হুমকি। বাংলাদেশ গত এক দশকে জঙ্গিবাদ দমনে যে সক্ষমতা দেখিয়েছে এবং পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযানের যে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, এই দুইয়ের সমন্বয়ে পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে পারে।

তিনি আরো উল্লেখ করেন যে, এই সমঝোতা যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে একটি কার্যকর বাস্তবায়ন কাঠামোর মাধ্যমে নিয়মিত তথ্য বিনিময় নিশ্চিত করে।

দ্বিপাক্ষিক বৈঠকের পর মহসিন রেজা নাকভি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও একটি বৈঠকে মিলিত হবেন। সেখানে দুই দেশের ক্রিকেটের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে পারে। সফর শেষে আগামীকাল শনিবার রাত ৮টা ১০ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করবেন। উল্লেখ্য, এই সফরের আগে ২০২৪ ও ২০২৫ সালেও দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন সময়ে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা এই খাতের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পথকে আরো প্রশস্ত করেছে।

কালের আলো/এসআর/এএএন

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টপাল্টি হামলার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১০১ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সেস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৫ সেন্ট বা ০ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে। যদিও সেশনের শুরুতে উভয় বেঞ্চমার্ক ৩ শতাংশের বেশি বেড়েছিল।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় দুই দেশের মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে এবং তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী পুনরায় খোলার ব্যাপারে অগ্রগতির আশা ধূলিসাৎ হয়েছে। এতে তেলের বাজারে অস্তিরতা দেখা যাচ্ছে।

এরআগে গত ৩০ এপ্রিল ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১২৬ দশমিক ৪১ ডলারে পৌঁছেছিল, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। তবে গত বুধবার যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক শান্তি চুক্তির কাছাকাছি পৌঁছেছে এমন খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দাম ১০ শতাংশের বেশি কমে যায়।

এদিকে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে যুক্তরাষ্ট্র একটি ইরানি তেলবাহী ট্যাংকার এবং হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া আরেকটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে বলে দাবি করে ইরান।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলোর ওপর ইরানের হামলার জবাবে তারা ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে। এ বিষয়টির প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘আজ ইরান আমাদের সঙ্গে ছেলেখেলা করতে গিয়েছিল।’

এই উত্তেজনা এমন এক সময় বাড়ল, যখন মাত্র এক দিন আগেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া একটি প্রস্তাব তারা বিবেচনা করছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথমে হরমুজ প্রণালিতে ‘বিস্ফোরণের’ খবর দেয়। সেখানে ‘শত্রুপক্ষের’ সঙ্গে ‘গুলিবিনিময়’ হয়েছে বলে উল্লেখ করা হয়।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পাল্টাপাল্টি হামলাকে ‘ছেলেখেলা’ আখ্যা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনো বহাল আছে বলে জানিয়েছেন।

সূত্র: রয়টার্স
কালের আলো/এসআর/এএএন

রাজশাহীতে রাষ্ট্রীয় সফরে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
রাজশাহীতে রাষ্ট্রীয় সফরে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
 রাজশাহী প্রতিবেদক
রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু শুক্রবার সকালে রাজশাহীতে পৌঁছেছেন। সকাল ৮টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁরা শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করলে সেখানে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
বিমানবন্দরে দুই মন্ত্রীকে স্বাগত জানান পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে যাত্রাবিরতিকালে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি শফিকুল হক মিলনের কাছ থেকে শাহ মখদুম বিমানবন্দরের বর্তমান অবস্থা, সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা এবং পবা-মোহনপুর নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থা ও জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পরে মন্ত্রীদ্বয় সড়কপথে নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মোৎসব ও রবীন্দ্র মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে স্থানীয় সরকারমন্ত্রীর। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হবে।
সফরকালে স্থানীয় সরকারমন্ত্রী নওগাঁ জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন ও পর্যালোচনা করবেন বলে জানা গেছে।

এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
সরকারি কর্মসূচি শেষে শুক্রবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রী পুনরায় শাহ মখদুম বিমানবন্দরে উপস্থিত হবেন এবং সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

কালের আলো/এসআইপি

রাজশাহীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে জেলের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
রাজশাহীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে জেলের মৃত্যু
 রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে এক জেলের মৃত্যু হয়েছে। মারা যাওয়া জেলের নাম সাজেদুর রহমান। তিনি ভবানীগঞ্জ পৌর এলাকার সূর্যপাড়ার আমির মণ্ডলের ছেলে।
শুক্রবার (৮ মে) সকাল সাতটার দিকে ফকিররি নদীর বেইলি ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করেন।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে নদীতে যান সাজেদুর রহমান। একপর্যায়ে অসাবধানতাবশত নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় তিন ঘণ্টা অনুসন্ধান চালিয়ে নদী থেকে সাজেদুর রহমানের লাশ উদ্ধার করে।
বাগমারা ফায়ার সার্ভিসের স্টেশনে ইনচার্জ মিজানুর রহমান জানান, আমরা খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ হওয়া যুবককে উদ্ধারের চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।

কালের আলো/এসআইপি