খুঁজুন
                               
রবিবার, ১৭ মে, ২০২৬, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

ডুয়েট শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, রণক্ষেত্র 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১:০২ অপরাহ্ণ
ডুয়েট শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, রণক্ষেত্র 

Oplus_131072

সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অভ্যন্তরীণ শিক্ষক থেকে ভিসি নিয়োগের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন চলছে। সেই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে বহিরাগত দুর্বৃত্তরা।

রোববার (১৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে লাল কার্ড কর্মসূচি পালনকালে এ হামলার ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, ডুয়েট ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালায়। এতে অন্তত ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। উত্তপ্ত হয়ে ওঠে গোটা ডুয়েট এলাকা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও বলেন, বহিরাগত কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। এজন্য তারা ডুয়েটের জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছেন।

এর আগে, ডুয়েট শিক্ষক সমিতিও এক জরুরি সভায় অভ্যন্তরীণ সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছিল।

কালের আলো/এসএকে

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এবং একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন হয়েছে।

রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন এবং পরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান জানাজায় ইমামতি করেন। প্রধানমন্ত্রী ছাড়াও জানাজায় অন্যান্যদের মধ্যে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম), ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে শুক্রবার (১৫ মে) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবীণ এই রাজনীতিবিদ ও বিশিষ্ট শিল্পপতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যুর খবরে দেশের রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।

মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি তৎকালীন চারদলীয় জোট সরকারে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

রাজনীতির পাশাপাশি তিনি দেশের ওষুধ শিল্প খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান একমি গ্রুপের হাল ধরেছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা এই বর্ষীয়ান নেতা সর্বশেষ মুন্সিগঞ্জ জেলা বিএনপির কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পারিবারিক সূত্র জানিয়েছে, সংসদ ভবনে জানাজা শেষে মরহুমের মরদেহ তার নির্বাচনি এলাকা মুন্সিগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কালের আলো/এসএকে

তথ্যমন্ত্রী

মনগড়া টিআরপি-প্রচার সংখ্যা দিয়ে গণমাধ্যমে বিজ্ঞাপন বণ্টন হবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১:২৪ অপরাহ্ণ
মনগড়া টিআরপি-প্রচার সংখ্যা দিয়ে গণমাধ্যমে বিজ্ঞাপন বণ্টন হবে না

মনগড়া তথ্যের ভিত্তিতে করা টেলিভিশন চ্যানেলের টিআরপি এবং পত্রিকার প্রচার সংখ্যা অনুযায়ী বিজ্ঞাপন বণ্টন ব্যবস্থা থেকে সরকার বেরিয়ে আসবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৭ মে) সচিবালয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের (টিইসি) নেতাদের সঙ্গে বৈঠকে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) এবং পত্রিকা ছাপার সংখ্যা, যেহেতু এই দুইটা হচ্ছে আউটলেট। আপনার ভিজ্যুয়াল মিডিয়ায় আপনার কত লোক দেখে, কত লোক দেখে না- এটার একটা পরিসংখ্যান ব্যবস্থা আজকালকার ডিজিটাল যুগে কোনো কঠিন কাজ না।ছাপার ক্ষেত্রে যেহেতু আমাদের সব প্রেসের কনফার্মেশন কমপালশন করা যায়নি, হিস্ট্রি ডিজিটাল প্রেসে যাবে, সেহেতু তার ছাপাটা পাওয়ার কোনো ডিজিটাল মেকানিজম নাই। কিন্তু, এই না থাকার সুযোগে মাত্র ৫০০টা টিআরপি দিয়ে আমি দেশের ৫ কোটি টেলিভিশনের হিসাব বুঝায়া দেবো, অথবা সেই মিথ্যাকে গ্রহণ করবো, অথবা পত্রিকার ছাপাকে আমি আমার মনগড়া একটা সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপনের সুযোগ-সুবিধা বণ্টন করবো- এই নীতিমালা থেকে তথ্য মন্ত্রণালয় বেরিয়ে আসবে।

তিনি বলেন, সুযোগ-সুবিধার ক্ষেত্রে হয়তো কোনো পরিবর্তন হবে না, কিন্তু যে তথ্য-পরিসংখ্যানের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নেবো, সেখানে কোনো মিথ্যার আশ্রয়ের মধ্যে তথ্য মন্ত্রণালয় আর থাকবে না।

তথ্যমন্ত্রী বলেন, একবার যখনই একটা রাইট ডিজিটাল টিআরপি সিস্টেম দাঁড় করতে পারবো এবং একটা রাইট ডিজিটাল প্রিন্ট কাউন্টিংটা দাঁড় করতে পারবো, তখন তার ভিত্তিতে আমি সব ধরনের সুযোগ এবং অধিকারের বণ্টনটাও করতে পারবো।

কালের আলো/এসআর/এএএন

বিকেলে দেশে ফিরছে কারিনার মরদেহ, রাতে শেষ জানাযা শহীদ মিনারে

বিনোদন রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১:২৪ অপরাহ্ণ
বিকেলে দেশে ফিরছে কারিনার মরদেহ, রাতে শেষ জানাযা শহীদ মিনারে

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার–এর মরদেহ আজ (১৭ মে) বিকেলে দেশে পৌঁছাবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৫টায় ইউএস-বাংলা এয়ারলাইনস–এর একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আনা হবে।

কারিনার বাবা, দেশের সাবেক ফুটবল অধিনায়ক কায়সার হামিদ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায় বনানী ডিওএইচএস জামে মসজিদে। দ্বিতীয় জানাজা হবে রাত ৮টায় বনানী দরবার শরিফ মসজিদে।

এরপর তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হয়েছে।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ মে ফজরের পর সকাল ৭টায় আব্দুল্লাপুর, গজারিয়া, মুন্সিগঞ্জে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

কারিনার মরদেহ দেশে আনার ক্ষেত্রে তাকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইনস কার্গো ফি মওকুফ করেছে। কৃতজ্ঞ হয়ে সহযোগিতা করেছে। এ জন্য প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

প্রসঙ্গত, কারিনা কায়সার গত শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাই–এর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে চেন্নাইয়ে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

তার অকাল মৃত্যুতে দেশের শোবিজ, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোক। সামাজিক মাধ্যমে সহকর্মী, তারকা ও শুভানুধ্যায়ীরা তাকে স্মরণ করে শোক প্রকাশ করছেন।

কালের আলো/এম/এএইচ