খুঁজুন
                               
রবিবার, ৭ জুন, ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি আদালত অবমাননা: শিশির মনির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি আদালত অবমাননা: শিশির মনির

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের সরিয়ে নেওয়া আদালত অবমাননা বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।বুধবার (২০ মে) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন হয়েছে। বিষয়টি এখনও আদালতে বিচারাধীন।এ অবস্থায় সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা গুরুতর আদালত অবমাননা। আমরা বৃহস্পতিবার (২১ মে) সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করবো।

এর আগে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে ওই সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৯ মে) এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। পৃথক এক আদেশে ওই কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে যোগ দেওয়ার তারিখ দেখানো হয় ১০ এপ্রিল। এর আগের দিন ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়।

মন্ত্রণালয়ে ফেরত সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের নিমিত্ত পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো। প্রজ্ঞাপনে ছক আকারে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের সাবেক পদ এবং সংযুক্ত পদ উল্লেখ করা হয়েছে।

১৯ মে প্রজ্ঞাপনটি জারি হলেও এর ভূতাপেক্ষ কার্যকারিতা দেখানো হয়েছে ১০ এপ্রিল থেকে।

অপরদিকে, অফিস আদেশে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের নিমিত্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো। সেই অনুযায়ী তাদের দাখিল করা যোগদানপত্র ১০ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে নেওয়া হলো।

কালের আলো/জেএন/এমএসআইপি

তোফায়েলসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
তোফায়েলসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ-সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।

রোববার (৭ জুন) বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন) প্রথম দিনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ মৃত্যুবরণকারী ১৬ জন সাবেক এমপির নাম সংসদে উত্থাপন করেন।

শোকপ্রস্তাবে তোফায়েল আহমেদ ছাড়াও চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম. এ. মান্নান, বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, সাবেক টেকনোক্রেট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা, জাতীয় পার্টির সাবেক সংসদ-সদস্য আবু নূর মোহাম্মদ বাহাউল হক, বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন, মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন এবং ঢাকা ১১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

এছাড়া, এদিন সংসদে পল্লবীর আট বছরের শিশু রামিসাসহ ধর্ষণ পরবর্তী হত্যার শিকার অন্যান্য শিশুর জন্যও শোক প্রকাশ করা হয়েছে।

কালের আলো/এসএকে

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২৮৭ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫২৯ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯১ শিশু। অর্থাৎ এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬২০ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৬৬ শিশু হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২২১ জন। এ সময়ে নতুন করে ১ হাজার ১২৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১২০ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৯ হাজার ১২। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ৯ হাজার ৬৮৬ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ হাজার ২৬৩ জন রোগী। তাঁদের মধ্যে ৬০ হাজার ৮৪ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

কালের আলো/জেএন/এমএসআইপি 

সরকারি সফরে চীন যাচ্ছেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
সরকারি সফরে চীন যাচ্ছেন তথ্যমন্ত্রী

Oplus_131072

চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (৭ জুন) দুপুরে ঢাকা ত্যাগ করেন তিনি।

সফর উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় সফর-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

তথ্যমন্ত্রী চায়না মিডিয়া গ্রুপের আয়োজনে ৮-১১ জুন অনুষ্ঠিতব্য ‘পঞ্চম সিএমজি ফোরাম’-এ অংশগ্রহণ করবেন।

এছাড়া সফরকালে চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধি, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তথ্য বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে তথ্য ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ সফরের মাধ্যমে তথ্য ও গণমাধ্যম খাতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

কালের আলো/এসএকে