রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় যুবক গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। গ্রেপ্তার সামিউল সিরাজ (সিজান) নগরের তালাইমারী বাদুরতলা এলাকার বাসিন্দা মৃত শরিফুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) সকাল ১১টার পর এসএসসি পরীক্ষার্থী ওই শিক্ষার্থী তার দুই বান্ধবীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে তালাইমারী প্রিন্সিপালপাড়া এলাকার ডায়মন্ড টাওয়ারের সামনে পৌঁছালে অভিযুক্ত সামিউল সিরাজ (সিজান) তাদের পথরোধ করেন। এ সময় পূর্ববিরোধের জেরে ওই ছাত্রীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।
এতে ভুক্তভোগী শিক্ষার্থীর হাত ও পেটের এক পাশে গুরুতর জখম হয়। ঘটনার পর অভিযুক্ত দ্রুত পালিয়ে গেলে তার দুই বান্ধবী আহত শিক্ষার্থীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। তার নির্দেশনায় বোয়ালিয়া থানা পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।
পরে একই দিন সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বোয়ালিয়া থানাধীন টিকাপাড়া বাসার রোড এলাকা থেকে অভিযুক্ত সামিউল সিরাজ (সিজান)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালের আলো/জেএন/এমএসআইপি


আপনার মতামত লিখুন
Array