খুঁজুন
                               
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ়, ১৪৩৩
           

বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় ২১ কোটি ৪২ লাখ টাকা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় ২১ কোটি ৪২ লাখ টাকা বৃদ্ধি

যানবাহনের কর ও ফি আদায় বৃদ্ধির কারণে সার্ভিস প্রোভাইডারের ব্যয় বাড়ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় কর ও ফি আদায়ের চলমান চুক্তির আওতায় অতিরিক্ত ২১ কোটি ৪২ লাখ ৭৮ হাজার ৭৫০ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১৭ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ব্যয় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ জুন সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের ভিত্তিতে বিআরটিএ’র যাবতীয় যানবাহন কর ও ফি অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আদায়ের জন্য কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমকে (সিএনএস) সার্ভিস প্রোভাইডার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

চুক্তি অনুযায়ী প্রতি ট্রানজেকশনে ৪৫.৩৫ টাকা হারে ৫ বছরে আনুমানিক ৪ কোটি ৫০ লাখ লেনদেনের জন্য মোট ২০৪ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা এবং অন্যান্য ব্যয় বাবদ ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকাসহ মোট চুক্তিমূল্য নির্ধারণ করা হয় ২১৮ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা।

এই চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১৬ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে। তবে, যানবাহন কর ও ফি আদায়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রক্ষেপণ অনুযায়ী অতিরিক্ত ৪৫ লাখ ট্রানজেকশন যুক্ত হওয়ায় সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ২৪০ কোটি ১৪ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা।

ফলে, মূল চুক্তির তুলনায় অতিরিক্ত ২১ কোটি ৪২ লাখ ৭৮ হাজার ৭৫০ টাকা ব্যয় বাড়ছে, যা মোট চুক্তিমূল্যের প্রায় ৯.৮ শতাংশ।

ভ্যারিয়েশন প্রস্তাবের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে ড্রাইভিং লাইসেন্স, মোটরযানের রেজিস্ট্রেশন ও মালিকানা পরিবর্তনসহ বিভিন্ন সেবা সহজীকরণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের কর ও ফি’র ওপর বিলম্বজনিত জরিমানা ছয় দফা মওকুফ করায় লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

কালের আলো/এসএকে

স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্র

Oplus_131072

স্বাস্থ্যখাতে স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার চিকিৎসক নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১৭ জুন) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট রাজবাড়ী সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা একটা অথৈ সাগরের ভেতরে সাঁতার কাটছি। তবুও আল্লাহর রহমতে বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার ডাক্তার নেব। আরও প্রশিক্ষণের ব্যবস্থা করছি। রাজবাড়ী সদর হাসপাতালে ১৪ জন চিকিৎসক নতুন দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জন যোগদান করেনি। দুইজন কনসালটেন্ট দেওয়া হয়েছে। আরও যা লাগবে, আমরা আমরা দেব।

তিনি বলেন, সারা বাংলাদেশে যে ডেপুটেশন ছিল এগুলো আমরা বাতিল করছি। এখানেও একজন নারী ডাক্তার দুই মাস ধরে আসেন না। খবর পেয়েছি তিনি অন্য জায়গায় প্র্যাকটিস করেন। তাকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে, এর মধ্যে তিনি এখানে যোগদান না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিছু কিছু কাজ আমরা করছি। ১৭ বছরের জঞ্জাল তো একবারে শেষ করতে পারবো না।

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, আমরা আসলে একটা টিম। ডাক্তার, নার্স, আয়াসহ অন্যান্য যারা রয়েছে, আমরা সবাই একই পরিবারের সদস্য। আমাদের সমন্বিতভাবে দেশটাকে গড়তে হবে। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি। এটা আমাদের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি। আমরা স্বাস্থ্যসেবাকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। বিনা চিকিৎসায় কাউকে মরতে দিতে চাই না। এই জিনিসগুলো বাস্তবায়িত করার লক্ষ্যে মানুষ যাতে সত্যিকারের সেবা পায়, সেজন্য আমরা সবাইকে মোটিভেট করছি। আর ডেঙ্গুর বিরুদ্ধে পরিচ্ছন্নতা অভিযানের জন্য আমরা ডিসিকে বলেছি।

সরদার মো. সাখাওয়াত হোসেন এরপর বলেন, আমাদের আসার উদ্দেশ্য হাসপাতালের নতুন ভবনটি দেখা, এটা খুব শিগগিরই উদ্বোধন করবো। এটাতে কি কি ফার্নিচার ও যন্ত্রপাতি লাগবে, এগুলো দেখলাম। হাসপাতালের সুপেয় পানি ও ড্রেনেজ ব্যবস্থা আরও আধুনিক করতে হবে, যাতে পানি স্মুথলি চলে যেতে পারে, কোথাও যাতে পানি না জমে। হাসপাতালে একটা ফ্রিজার দিতে হবে। এই বাকি কাজগুলো আমাদের করতে হবে। এগুলো শেষ করে মাননীয় প্রধানমন্ত্রী হাসপাতালটির ২৫০ শয্যা উদ্বোধন করবেন।

তিনি বলেন, এই হাসপাতালে সার্ভিসের ব্যবস্থা দেখলাম। কর্মচারীরা বেতন ঠিক মতো পায় কিনা, তাদের উপস্থিতি ঠিক আছে কিনা, ডাক্তাররা নিয়মিত আসেন কিনা, নতুন পদায়নকৃত ডাক্তাররা ঠিকমতো কাজ করছেন কিনা— বিভিন্ন সাইড আমরা দেখলাম। আমি এই হাসপাতালে বড় ধরনের কোনো নোটেবল ত্রুটি পাইনি।

মন্ত্রী আরও বলেন, প্রত্যেক হাসপাতালে আইসিইউ ব্যবস্থা চালুসহ ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস প্রতিস্থাপন করতে যাচ্ছি। আমরা এ বিষয়ে মিটিং করেছি, টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি হাসপাতালে এমনকি উপজেলা পর্যন্ত গরিব মানুষ যাতে কম টাকায় কিডনি ডায়ালাইসিস করতে পারে, এজন্য আমরা মেশিন ক্রয় করছি। গরিব মানুষ কিডনি ডায়ালাইসিস যাতে কম টাকায় করতে পারে, এজন্য আমরা এবার বাজেটেও কিডনি ডায়ালাইসিসের টাকা কমিয়ে দিয়েছি। গত সপ্তাহেও ১০টি হাসপাতালে আমরা আইসিইউ দিয়েছি।

এর আগে, রাজবাড়ী সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়ার্ডের টয়লেট ও রান্নাঘর দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি বিভিন্ন রোগীদের কাছে খোঁজখবর নেন। এছাড়া, হাসপাতালের নতুন ভবন তিনি ঘুরে ঘুরে দেখেন।

পরে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে কর্মরত ডাক্তারদের হাজিরা খাতা চেক করেন। পরে বাইরে এসে হাসপাতালে মাস্টাররোলে নিয়োজিত কর্মচারীদের হাজিরা খাতা নিয়ে তারা উপস্থিতি আছে কিনা, তা পর্যবেক্ষণ করেন। এছাড়া, হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন ও দালালমুক্ত রাখার নির্দেশনা দেন তিনি।

এ সময় জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে

জয়ের আনন্দে যা বললেন আর্জেন্টিনার ‘লয়্যাল ফ্যান’ প্রভা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
জয়ের আনন্দে যা বললেন আর্জেন্টিনার ‘লয়্যাল ফ্যান’ প্রভা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। কিংবদন্তি লিওনেল মেসির হ্যাটট্রিক গোলের উচ্ছ্বাস-উন্মাদনা আছড়ে পড়েছে এই বদ্বীপেও। কারণ এ দেশের ক্রীড়াপ্রেমীদের অধিকাংশের প্রিয় ফুটবলার তিনি। তেমনই এক ভক্ত সাদিয়া জাহান প্রভা। শোবিজের জনপ্রিয় এ অভিনেত্রীরও প্রিয় দল আর্জেন্টিনা।

দুদিন আগেই প্রভা জানিয়েছেন, তিনি দুই দশকের বেশি সময় ধরে দলটির সমর্থনে আছেন। দলটির পতাকার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘দুই দশক ধরে সমর্থন দিয়ে যাওয়া এক বিশ্বস্ত (লয়্যাল) ভক্ত।’

এদিকে আজকের ম্যাচে আলজেরিয়ার সঙ্গে অনিন্দ্য জয়ের পর অন্য অনেকের মতো নিজের উচ্ছ্বাসও আড়াল করতে পারলেন না প্রভা। আর্জেন্টিনার জার্সি পরে দিয়েছেন একটি ভিডিও। সেখানে মজার ছলে জানিয়ছেন প্রতিক্রিয়া। ভিডিওর শুরুতে প্রভা তার অনুসারীদের সালাম দেন, জিজ্ঞেস করেন, সবাই কেমন আছে।

এরপর নিজের জার্সির দিকে এক পলক তাকালেন। মিষ্টি হেসে খোঁচা দিয়েই প্রশ্ন ছুঁড়লেন, ‘কি রাগ করলা?’

বোঝার বাকি নেই, প্রভার এই খোঁচা সেসব মানুষের প্রতি, যারা আর্জেন্টিনার সমর্থক নয়। ভিডিওটি আপলোডের পর থেকেই বিপুল সাড়া পাচ্ছে। মাত্র দুই ঘণ্টায় এর ভিউ ছাড়িয়েছে দুই লাখ ৬৬ হাজার। রিঅ্যাকশনের সংখ্যা ১৪ হাজারের বেশি।

প্রসঙ্গত, আর্জেন্টিনার জয়ে শোবিজের আরো অনেক তারকাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এ তালিকায় রয়েছেন মেহজাবীন চৌধুরী, পরীমনি, কেয়া পায়েল, নাদিয়া আহমেদ, এফএস নাঈমসহ অনেকে। এমনকি ব্রাজিল ভক্ত তারকাদের মধ্যেও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন মেসি ও তার সতীর্থদের।

কালের আলো/এম/এএইচ

নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) পরিদর্শন করেছেন।

বুধবার (১৭ জুন) পরিদর্শনকালে তিনি শিপইয়ার্ডের বিভিন্ন স্থাপনা এবং চলমান জাহাজ নির্মাণ প্রকল্পসমূহ পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

খুশিলি বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসহ বিভিন্ন ধরনের সামরিক ও বেসামরিক জাহাজ নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের সামুদ্রিক ও প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। উপদেষ্টা খুশিলি এর সক্ষমতা, উৎপাদন দক্ষতা এবং প্রযুক্তিগত উৎকর্ষ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতির আলোকে খুশিলি এর গুরুত্ব অপরিসীম বলেও উল্লেখ করেন।

তিনি দেশের জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে প্রতিষ্ঠানের অবদান এবং এর পেশাগত ও কারিগরি দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। এ সময় এলসিটি, ড্রেজার, টাগ বোট, ক্রেন বোট, পাইলট ভেসেল, সার্ভে ভেসেল এবং সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেলসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, নির্মাণমান এবং কারিগরি বৈশিষ্ট্য সম্পর্কে তাঁকে অবহিত করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহের সফল বাস্তবায়নে খুশিলির কর্মপরিকল্পনায় গভীর সন্তুষ্টি প্রকাশ করেন।

এছাড়াও, উপদেষ্টা খুলনা শিপইয়ার্ডের বিভিন্ন উৎপাদন ও সহায়ক স্থাপনা- প্লেটার শপ, মেশিন শপ, কার্পেন্ট্রি শপ, রাবার ফ্যাক্টরি, ডকিং শাখা এবং বিদ্যুৎ শপ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তাঁকে প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতা, দক্ষ মানবসম্পদ, আধুনিক উৎপাদন অবকাঠামো এবং ভবিষ্যৎ সম্প্রসারণ ও আধুনিকায়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। পরিদর্শনশেষে তিনি খুশিলি এর সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দেশীয় জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা শিল্পের বিকাশে প্রতিষ্ঠানটির অব্যাহত সাফল্য কামনা করেন।

কালের আলো/এসআর/এএএন