খুঁজুন
                               
, ,
           

হাজিদের খরচ কমাতে সৌদির সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
হাজিদের খরচ কমাতে সৌদির সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী

বাংলাদেশি হাজিদের হজের ব্যয় কমাতে সৌদি আরবের সহযোগিতা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে জাফর ইবনে উবাইয়ারের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত এমপিও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং হজ ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আফরোজা খানম বলেন, হজযাত্রীদের বিমান ভাড়ার ওপর সৌদি কর্তৃপক্ষের আরোপিত কর ও বিভিন্ন মাশুল কমানো হলে প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি হাজি উপকৃত হবেন। এ বিষয়ে তিনি সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন।

জবাবে সৌদি রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশি হাজিদের সেবার মান আরও উন্নত করা এবং হজকে অধিক সাশ্রয়ী করতে সৌদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত ‘ক্যাটাগরি ডি’ আবাসন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি এ আবাসন ব্যবস্থা পুনর্বহালের অনুরোধ জানান।

বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং বেসামরিক বিমান চলাচল, পর্যটন ও হজ ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

মরিয়মের মৃত্যু: এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
মরিয়মের মৃত্যু: এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। একই মামলায় তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

মরিয়মের মৃত্যুর ঘটনায় তার বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছাড়াও মো. ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, চলতি বছরের জুনে ইসলামি শরিয়াহ অনুযায়ী গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন মরিয়মের বাবা। এসব বিষয়ে মরিয়ম বিভিন্ন সময়ে পরিবারের সদস্যদের মোবাইল ফোনে জানিয়েছিলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে গাজী নজরুল ইসলাম ফোন করে মরিয়মের বাবাকে বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে তিনি একটি কক্ষে মরিয়মকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে মরিয়মের বিছানায় হাতে লেখা একটি চিরকুট পাওয়ার কথাও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মরিয়মের বাবার অভিযোগ, গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদার শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্ররোচনার কারণে মরিয়ম আত্মহত্যার পথ বেছে নেন। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তাধীন।

আদালতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে এবং আসামিপক্ষ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত গাজী নজরুলের চার দিন এবং মাকছুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কালের আলো/এমএসআইপি 

আইডিএলসি ফাইন্যান্সে ডেটা সায়েন্টিস্ট নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
আইডিএলসি ফাইন্যান্সে ডেটা সায়েন্টিস্ট নিয়োগ

IDLC Finance PLC তাদের ক্রেডিট-এসএমই বিভাগে ‘ডেটা সায়েন্টিস্ট (ক্রেডিট-এসএমই)’ পদে নিয়োগ দিচ্ছে।

চাকরির তথ্য

  • পদ: ডেটা সায়েন্টিস্ট (ক্রেডিট-এসএমই)
  • পদমর্যাদা: অফিসার গ্রেড-২ থেকে সিনিয়র অফিসার
  • কর্মস্থল: ঢাকা, গুলশান
  • চাকরির ধরন: ফুলটাইম
  • বয়স: ন্যূনতম ২২ বছর
  • বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী, আলোচনা সাপেক্ষে
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর; ফ্রেশাররাও আবেদন করতে পারবেন
  • আবেদনের শেষ তারিখ: ৫ অক্টোবর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা

পরিসংখ্যান, ডেটা সায়েন্স, এমআইএস বা সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

যেসব দক্ষতা প্রয়োজন

  • R, Shiny ও SQL-এ কাজের অভিজ্ঞতা
  • মেশিন লার্নিং মডেল সম্পর্কে ধারণা
  • পরিসংখ্যানগত নীতি ও পদ্ধতি সম্পর্কে ভালো জ্ঞান
  • ডেটা অ্যানালিটিকস ও সমস্যা সমাধানের দক্ষতা
  • জটিল বিশ্লেষণ সহজভাবে উপস্থাপনের সক্ষমতা

প্রধান দায়িত্ব

ক্রেডিট-এসএমই বিভাগের ঋণ আবেদন ও ঋণের পারফরম্যান্স ডেটা বিশ্লেষণ, প্রবণতা শনাক্তকরণ, রিপোর্ট ও সুপারিশ তৈরি, ড্যাশবোর্ড তৈরি এবং ক্রেডিট স্কোরিং মডেল তৈরি ও মূল্যায়ন করা।

আবেদন করতে: বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন

শেষ সময়: ৫ অক্টোবর ২০২৬।

কালের আলো/এসএ

ইউআইইউতে ডিজিটাল নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর সহিংসতা নিয়ে কর্মশালা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
ইউআইইউতে ডিজিটাল নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর সহিংসতা নিয়ে কর্মশালা

অনলাইনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, সাইবার হয়রানি ও প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার অনুষ্ঠিত ‘ডিজিটাল নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতাবিষয়ক সচেতনতামূলক কর্মশালা’ শীর্ষক আয়োজনে শিক্ষার্থীদের অনলাইন নিরাপত্তা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়। প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সংঘটিত বিভিন্ন ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতা নিয়েও আলোচনা করা হয়।

কাশফুল ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মশালাটির আয়োজন করে ইউআইইউর ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স (ডিসিসিএসএ)।

কর্মশালায় বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে একই সঙ্গে বাড়ছে ভুয়া অ্যাকাউন্ট, অনলাইন প্রতারণা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, অ্যাকাউন্ট চুরি, সাইবার নিপীড়ন ও হয়রানির ঝুঁকি। এসব ঝুঁকি মোকাবিলায় ব্যক্তিগত তথ্য ও অনলাইন পরিচয় সুরক্ষিত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় ভুয়া প্রোফাইল ও প্রতারণা শনাক্তের উপায়, ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা রক্ষার কৌশল এবং অ্যাকাউন্ট হ্যাক হলে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।

আয়োজকেরা জানান, শুধু প্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়াই যথেষ্ট নয়; নিরাপদ ও দায়িত্বশীল অনলাইন আচরণ গড়ে তোলাও জরুরি। শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং অনলাইন ঝুঁকি মোকাবিলায় বাস্তবসম্মত প্রস্তুতি তৈরিই কর্মশালাটির মূল লক্ষ্য।

কর্মশালায় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এইচআরডিআই) সহকারী পরিচালক আমীর হামজা, কাশফুল ফাউন্ডেশনের কর্মসূচি ও যোগাযোগ বিভাগের পরিচালক তনিমা তাবাসসুম, ইউআইইউর ডিসিসিএসএর পরিচালক নাহিদ হাসান খান, ইউআইইউএলডাব্লিউএফের সভাপতি লুৎফুল খবীর ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

কালের আলো/এসএ