দুইবার গর্ভপাতের বেদনাদায়ক অভিজ্ঞতা প্রকাশ করলেন নৌহীদ সাইরুসী
ব্যক্তিজীবনের এক কঠিন অধ্যায়ের কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী নৌহীদ সাইরুসী। ২০১৭ সালে রুস্তম কন্ট্রাক্টরের সঙ্গে বিয়ের পর তাঁকে দুবার গর্ভপাতের শোক সইতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নিজের জীবনের সেই বেদনাদায়ক অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেত্রী।
নৌহীদ জানান, ২০১৮ সালে প্রথমবার অন্তঃসত্ত্বা হন তিনি। তবে গর্ভাবস্থার তিন মাসের মাথায় চিকিৎসকের কাছ থেকে জানতে পারেন, গর্ভস্থ শিশুর হৃদ্স্পন্দন আর নেই। সেই কঠিন সংবাদ পরিবারের সদস্যদেরও তাঁকেই জানাতে হয়েছিল।
প্রথমবারের সেই শোক কাটিয়ে উঠতে তাঁরা ‘জোজো’ নামে একটি ককার স্প্যানিয়েল কুকুর দত্তক নেন। নৌহীদের ভাষ্য, জোজো দেখতে ও শুনতে প্রায় পায় না, তবুও পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছে সে।
এর কিছুদিন পর করোনাভাইরাস মহামারির সময় দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হন নৌহীদ। কিন্তু এবারও গর্ভপাতের মতো মর্মান্তিক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাঁকে। পরপর দুই সন্তান হারানোর ঘটনা তাঁকে এবং তাঁর পরিবারকে গভীরভাবে নাড়া দেয়।
নৌহীদ বলেন, এই অভিজ্ঞতার পর তাঁরা উপলব্ধি করেন যে জীবনের উদ্দেশ্য শুধু সন্তান জন্ম দেওয়া নয়, বরং এর বাইরেও বড় কোনো অর্থ থাকতে পারে। সেই ভাবনা থেকেই তাঁরা পশুদের পাশে দাঁড়ানো এবং পোষ্যদের যত্ন নেওয়াকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বেছে নেন।
বর্তমানে নৌহীদ ও তাঁর স্বামী একাধিক পোষ্যকে সন্তানস্নেহে লালন-পালন করছেন। দুই সন্তান হারানোর গভীর বেদনা তাঁদের জীবনে স্থায়ী ক্ষত তৈরি করলেও, সেই অভিজ্ঞতাই জীবনের নতুন অর্থ ও মানবিক দায়িত্ব খুঁজে পেতে সহায়তা করেছে বলে জানিয়েছেন অভিনেত্রী।
কালের আলো/এসএ



আপনার মতামত লিখুন
Array