যুক্তরাষ্ট্র সফরে কনা, প্রকাশ পেল নতুন গান ‘ভিজিয়ে দিও না’
জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে ব্যস্ত সময় পার করছেন। দেশটির বিভিন্ন শহরে ধারাবাহিক কনসার্টে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশে প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘ভিজিয়ে দিও না’।
গত ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের মিশিগানে কনসার্টের মাধ্যমে শুরু হয়েছে কনার এই সফর। দুই মাসের বেশি সময়ের এই সফরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মোট ১৯টি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
গত শুক্রবার (৩১ জুলাই) মিউজিক আর্ট স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘ভিজিয়ে দিও না’ গানটির মিউজিক ভিডিও। এটি ‘বাদলা স্মৃতি’ অ্যালবামের প্রথম গান হিসেবে প্রকাশ পেল।
‘বাদলা স্মৃতি’ অ্যালবামে রয়েছে বর্ষাকেন্দ্রিক ছয়টি গান। এতে কনার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন ঝিলিক, শান সাইক ও পিন্টু ঘোষ। অ্যালবামের সব গানের কথা লিখেছেন আহসান ইমাম। তিনিই গানগুলোর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন। অন্যদিকে শান সাইক করেছেন সুর ও সংগীতায়োজন।
অ্যালবামটি নিয়ে গীতিকার ও নির্মাতা আহসান ইমাম বলেন, বাংলাদেশের বর্ষা ও প্রকৃতির সৌন্দর্য থেকেই এই আয়োজনের অনুপ্রেরণা নেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমাদের বর্ষা ও প্রাকৃতিক দৃশ্য যেন একজন শিল্পীর ক্যানভাস। ‘বাদলা স্মৃতি’র মাধ্যমে গানের কথা, সুর ও দৃশ্যের সমন্বয়ে দেশের বৃষ্টিভেজা ঋতু, মানুষের আবেগ, স্মৃতি, সম্পর্ক ও প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি।”
সুরকার শান সাইক জানান, বর্ষাকালকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই অ্যালবামের পরিকল্পনা করা হয়েছে।
তিনি বলেন, “বর্ষার সময় হওয়ায় আমরা বৃষ্টি নিয়ে একটি অ্যালবাম করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ছয়টি গানের কথাই দারুণ, আর সেগুলোর সঙ্গে মানানসই সুর ও সংগীতায়োজন করার চেষ্টা করেছি। আশা করছি, শ্রোতারা গানগুলো উপভোগ করবেন।”
যুক্তরাষ্ট্র সফরে কনার পরবর্তী কনসার্ট অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে। এরপর ৮ আগস্ট ওকলাহোমা সিটি, ১৪ আগস্ট ডালাস, ২১ আগস্ট হিউস্টন, ২৮ আগস্ট শিকাগো, ২৯ আগস্ট বোস্টন, ৫ সেপ্টেম্বর অরল্যান্ডো, ৬ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেস, ১২ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি, ১৯ সেপ্টেম্বর মায়ামি, ২০ সেপ্টেম্বর আটলান্টা, ২৬ সেপ্টেম্বর মিশিগান এবং ৩ অক্টোবর নিউইয়র্কে কনসার্টে অংশ নেবেন তিনি।
কালের আলো/এসএ



আপনার মতামত লিখুন
Array