খুঁজুন
                               
, ,
           

জুলাই সনদে নতুন করে কিছু লিখব না, সংশোধন হবে: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
জুলাই সনদে নতুন করে কিছু লিখব না, সংশোধন হবে: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, জুলাই সনদে আমরা দাঁড়িকমাসহ সব বাস্তবায়ন করব। নতুন করে কিছু লিখব না। সংশোধন হবে। এজন্য সবাইকে বসতে হবে। সবার মতামত নিয়ে জুলাই সনদ সংশোধন ও বাস্তবায়ন করব।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে নির্বাচনি কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের পর সচিবালয়ের বৈঠক নিয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, দল ও জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। ভোটে জয়যুক্ত হবে। আমরা দাঁড়িকমাসহ সব বাস্তবায়ন করব। নতুন করে কিছু লিখব না। সংশোধন হবে। এজন্য সবাইকে বসতে হবে। সবার মতামত নিয়ে সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করব।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকেই দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে। ১৭ বছরের জঞ্জাল দূর করতে কাজ করছে বিএনপি। প্রধানমন্ত্রীর ভাষ্য ‘আই হ্যাভ এ প্ল্যান’ অনুযায়ী কাজ চলছে।

এ সময় বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দল অংশ নেওয়ায় তাদের স্বাগত জানায় বিএনপি। সংসদে গণভোট বাস্তবায়নে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, এটা নিয়ম রক্ষার নির্বাচন না। তারা বলতেই পারে। তারপরও ভোটে অংশ নেওয়ায় ওনাদেরকে (জামায়াত) ধন্যবাদ।

এর আগে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র দাখিলের পর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক নিয়ে কড়া সমালোচনা করেন৷ তিনি বলেন, এমন রেকর্ড আগে দেখি নাই।

এ ছাড়া প্রার্থী বাছাইয়ে বিএনপি সংকটে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয় সামনে আনলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ওখানে কোনো দলের বৈঠক ছিল না। সচিবালয়ে স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠক নিয়মরক্ষা মাত্র।

কালের আলো/আরডি/এমডিএইচ

সঠিক পরিকল্পনা না করলে বড় সংকটের আশঙ্কা বিদ্যুৎমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
সঠিক পরিকল্পনা না করলে বড় সংকটের আশঙ্কা বিদ্যুৎমন্ত্রীর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। দেশ এত ঋণগ্রস্ত হয়েছে যে, সঠিকভাবে পরিকল্পনা না করলে একদিন সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হয়ে যাবে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সরকার এমন একটি বাজেট দিয়েছে, যাতে মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে এই বাজেট বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।

এর আগে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য ড্রামট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করেন মন্ত্রী। এ সময় তিনি নিজে একটি ট্রাকে ওঠেন। বিষয়টি তুলে ধরে তিনি বলেন, অনেকে চায়ের দোকানে এটি নিয়ে সমালোচনা করবেন, তা তিনি জানেন। তবে মানুষকে দেখানোর জন্য তিনি ট্রাকে ওঠেননি। ছোটবেলায় রাস্তা পরিষ্কারের এমন গাড়ি দেখে তাঁর ভালো লাগত। সেই স্মৃতি থেকেই তিনি ট্রাকে উঠেছেন।

তিনি আরও বলেন, পৌরসভার এসব গাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। কারণ, সরকারের বাপ-মা জনগণ।

এর আগে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন মন্ত্রী।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৫

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনগত রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আলিফ হাসান (১৯), মো. রহিত (১৯), মো. নিরব হোসেন (১৮), নাইম খান (৩১), মো. তামিম ইকবাল (২১), আবু হুরায়রা (২৮), মো. মোজাম্মেল হোসেন (৪১), সাব্বির পাঠান (২০), মো. শাওন (২০), ইনান হাসান তনায় (২০), মাহফুজ (২৯), মো. ইশাদ (১৯), মো. রাসেল শেখ (২০), মো. হালিম মাহমুদ (৩৪), মো. সাদ্দাম হোসেন (৩৭), মো. জুয়েল (২৭), মো. আ. রহিম (২৭), মো. সাগর (২৪), নাইম খান (২৬), ফাহিম নুর নিশাত (২০), মো. মিলন (২৮), মো. জয়নাল (২৮), মো. শান্ত (৩২), শেখ রোহান ফারদিন (১৯) ও দানিয়েল মন্ডল (২৮)।

মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট

দিনাজপুর প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে হঠাৎ ত্রুটি দেখা দিলে কর্তৃপক্ষ ইউনিটটি বন্ধ করে দেয়।

এটি চালু করতে প্রায় একদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, ১ নম্বর ইউনিটের পাম্পের ত্রুটি মেরামতের কাজ চলছে।

শনিবার (১৫ আগস্ট) মধ্যে ইউনিটটি চালু করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার আশা করা হচ্ছে।

কেন্দ্র সূত্রে জানা যায়, বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিট থেকে ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।

পাম্পে ত্রুটি দেখা দেওয়ার পর ইউনিটটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এদিকে, বিদ্যুৎকেন্দ্রের ৩ নম্বর ইউনিট বর্তমানে চালু রয়েছে।

এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে। ফলে বর্তমানে ১ নম্বর ইউনিটের মেরামত শেষে দ্রুত উৎপাদনে ফেরানোর দিকেই নজর কর্তৃপক্ষের।

কালের আলো/এএইচ/এমএসআইপি