খুঁজুন
                               
, ,
           

‘ডিক্টেটর এমবাপে’ মিম নিয়ে যা বললেন এমবাপে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
‘ডিক্টেটর এমবাপে’ মিম নিয়ে যা বললেন এমবাপে

ফুটবল মাঠে দাপট, দলের ওপর প্রভাব এবং তারকাখ্যাতি—সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক পরিচয় পেয়েছেন ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভিন্ন ছবিতে কখনো টুপি মাথায়, কখনো সামরিক পোশাকে, আবার কখনো সিংহাসনে বসা অবস্থায় দেখা যাচ্ছে তাকে। এসব ছবিতে এমবাপেকে দেখানো হচ্ছে ‘স্বৈরাচারী শাসক’ হিসেবে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিমটির নামও হয়ে গেছে ‘ডিক্টেটর এমবাপে’।

মজার ছলে কেউ কেউ বলছেন, এমবাপে শুধু ফুটবলার নন, তিনি যেন ফুটবলেরই একচ্ছত্র নিয়ন্ত্রক।

যেভাবে শুরু ‘ডিক্টেটর এমবাপে’ মিম

মিমটির শুরু ঠিক কখন, তা স্পষ্ট নয়। তবে ২০২৪ সালের একটি ঘটনা এ প্রবণতাকে জনপ্রিয় করতে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হয়।

ফরাসি ইনফ্লুয়েন্সার ও কাবাব দোকানের মালিক মোহাম্মদ হেন্নি তার একটি স্যান্ডউইচের নামে এমবাপের নাম ব্যবহার করেছিলেন। পরে এমবাপের আইনজীবীরা সেই নাম সরিয়ে নেওয়ার দাবি জানান। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরসের জন্ম দেয়।

এরপর থেকেই এমবাপেকে এমন এক চরিত্র হিসেবে উপস্থাপনের প্রবণতা শুরু হয়, যিনি নাকি সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চান।

ক্লাব ও জাতীয় দলে প্রভাব নিয়েও আলোচনা

এর সঙ্গে যুক্ত হয়েছে ক্লাব ও জাতীয় দলে এমবাপের প্রভাব নিয়ে দীর্ঘদিনের আলোচনা।

২০২২ সালে প্যারিস সেন্ট-জার্মেইনের সঙ্গে নতুন চুক্তির সময় সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছিল, খেলোয়াড় কেনাবেচা, কোচ নিয়োগ কিংবা ক্রীড়া পরিচালক নিয়োগের মতো বিষয়েও এমবাপের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে তখন এমবাপে স্পষ্ট করে জানিয়েছিলেন, তিনি শুধু একজন ফুটবলার হিসেবেই থাকতে চান।

পরবর্তী সময়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এবং ২০২৬ বিশ্বকাপকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে তৈরি নানা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর ‘ডিক্টেটর এমবাপে’ মিম আরও জনপ্রিয় হয়ে ওঠে।

মাঠে নেতৃত্ব দেওয়া, সতীর্থদের সঙ্গে কথা বলা কিংবা কোনো সাধারণ ঘটনাকেও মজা করে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন দলের প্রতিটি সিদ্ধান্তই এমবাপের নির্দেশে হচ্ছে।

‘স্বৈরশাসকদের সঙ্গে তুলনা অস্বস্তিকর’

সম্প্রতি ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মিম নিয়ে সরাসরি কথা বলেছেন এমবাপে।

তিনি জানান, মিমটির একটি দিক তার কাছে মজার লাগে। কারণ অনেকেই নিছক হাসি-ঠাট্টার জন্য এসব তৈরি করেন। তবে ইতিহাসের ভয়াবহ স্বৈরশাসকদের সঙ্গে তুলনা করাটা তার কাছে অস্বস্তিকর।

এমবাপের ভাষায়, যারা মানুষ হত্যা করেছে এবং লাখো-কোটি মানুষকে দুর্ভোগে ফেলেছে, তাদের সঙ্গে তাকে তুলনা করা হচ্ছে। অথচ জীবনে তিনি এমন কিছু করেননি।

‘মোবুতু’ ডাকনামেও আপত্তি নেই

ফ্রান্স জাতীয় দলের সতীর্থ উসমান দেম্বেলে এমবাপেকে ‘মোবুতু’ নামে ডাকেন। সাবেক জায়ারের স্বৈরশাসক মোবুতু সেসে সেকোর নাম থেকেই এই ডাকনামের উৎপত্তি।

তবে এই ডাক নিয়েও এমবাপের বিশেষ আপত্তি নেই। বিষয়টি হাস্যরসের সঙ্গে নিয়ে তিনি জানিয়েছেন, এটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এসেছে এবং দেম্বেলে নিছক মজা করেই তাকে এ নামে ডাকেন।

সব মিলিয়ে ‘ডিক্টেটর এমবাপে’ এখন সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম আলোচিত ফুটবল মিম। আর এমবাপের নিজের মন্তব্যে স্পষ্ট—মজার সীমার মধ্যে থাকলে তিনি বিষয়টি উপভোগ করেন, তবে বাস্তব ইতিহাসের ভয়াবহ স্বৈরশাসকদের সঙ্গে তুলনা তাকে অস্বস্তিতে ফেলে।

সূত্র: ফ্রান্স ফুটবল ম্যাগাজিন

কালের আলো/এসএ

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেছেন, ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার কোনো শর্ত নেই।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কক্ষে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকারের পাঁচটি আইনের কোথাও নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা রাখা হয়নি। তাই যারা আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চান, তাদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, একজন সমাজসেবক প্রাতিষ্ঠানিকভাবে লেখাপড়া না করেও স্বশিক্ষিত হতে পারেন। তার মধ্যে মেধা ও জ্ঞান থাকতে পারে এবং তিনি জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখেন। শিক্ষাগত যোগ্যতার শর্ত আরোপ করলে তা মানবাধিকার লঙ্ঘনের বিষয় হয়ে দাঁড়াতে পারে।

তিনি আরও বলেন, সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। একই ধারাবাহিকতায় স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও এ ধরনের শর্ত রাখা হয়নি।

তবে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বয়সের শর্ত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, একজন ভোটার হলে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ থাকবে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

আদালত প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

আওয়ামী লীগসহ দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে উপস্থিত আইনজীবীরা জানান, রিটটি যথাযথভাবে আবেদন করা হয়নি (নট ইনফর্ম) বলে উত্থাপিত হয়নি মর্মে খারিজ করা হয়েছে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী রিটের বিষয়টি জানিয়েছিলেন।

রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারির আবেদন করা হয়। একই সঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় ওই প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছিল।

গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে আওয়ামী লীগসহ দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন হাইকোর্টে রিট আবেদনটি করেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী জীবিত, তল্লাশি অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:০২ অপরাহ্ণ
নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী জীবিত, তল্লাশি অব্যাহত

জাভা সাগরে নিখোঁজ হওয়া ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী জাহাজ থেকে ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনের মরদেহও উদ্ধার করা হয়েছে। তবে জাহাজটিতে থাকা আরও যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটি খারাপ আবহাওয়ার কবলে পড়ার পর এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই জাহাজটির সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করা হয়।

জাহাজটিতে মোট ২৪৩ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারী দল এখন পর্যন্ত ১০২ জনকে জীবিত উদ্ধার করেছে। পাশাপাশি একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি যাত্রীদের সন্ধানে জাভা সাগরের ওই এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

জানা গেছে, জাহাজটি ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমন্তানের বানজারমাসিন শহরের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে বানজারমাসিনের প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল।

উদ্ধার অভিযানে একটি উদ্ধারকারী জাহাজ ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। একই সঙ্গে জাভা সাগরের ওই অঞ্চলে চলাচলরত অন্য জাহাজগুলোকে নিখোঁজ যাত্রীদের কোনো সন্ধান পেলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর জন্য সতর্ক করা হয়েছে।

এর আগে গত মাসে মাদুরা দ্বীপের কাছে ইন্দোনেশিয়ার আরেকটি ফেরিতে আগুন লাগার ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছিল।

১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় দ্বীপগুলোর মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম নৌযান। ফলে দেশটিতে প্রায়ই নৌযান দুর্ঘটনা ও নিখোঁজের ঘটনা ঘটে।

সূত্র: বিবিসি

কালের আলো/এমএসআইপি