ওটিটিতে ‘আজও অর্ধাঙ্গিণী’, জয়া আহসানের অভিনয়ে প্রশংসা
পশ্চিমবঙ্গের নির্মাতা কৌশিক গাঙ্গুলীর সিনেমা ‘আজও অর্ধাঙ্গিণী’ প্রেক্ষাগৃহে ৭৫ দিনের প্রদর্শনী শেষ করার পর এবার মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। শুক্রবার থেকে বাংলাদেশের দর্শকেরাও জয়া আহসান অভিনীত সিনেমাটি দেখতে পারবেন।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিণী’র সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিণী’। আগের কিস্তির মতো নতুন সিনেমাতেও অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান, কৌশিক সেন ও অম্বরীশ ভট্টাচার্য। মেঘনা চরিত্রে আবারও দেখা গেছে জয়া আহসানকে।
মুক্তির পর সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে। প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস ৭৫ দিন পূর্তিকে ‘ব্লকবাস্টার হিট’ হিসেবে উল্লেখ করেছে। নির্মাতা কৌশিক গাঙ্গুলীও সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির পোস্টার শেয়ার করে এই মাইলফলক উদ্যাপন করেছেন।
মেঘনা চরিত্র প্রসঙ্গে জয়া আহসান জানিয়েছেন, প্রথম সিনেমার পর সময়ের সঙ্গে চরিত্রটির জীবনে নানা পরিবর্তন এসেছে। পরিবারে গ্রহণযোগ্যতা পাওয়া, সন্তানের বড় হয়ে ওঠা এবং নতুন সম্পর্কের পাশাপাশি আবারও নানা টানাপোড়েনে পড়তে হয় মেঘনাকে।
সিনেমাটির সাফল্যে উচ্ছ্বসিত জয়া বলেন, ভালো গল্প ও কনটেন্ট থাকলে দর্শক প্রেক্ষাগৃহে আসেন—‘আজও অর্ধাঙ্গিণী’ তারই উদাহরণ। দর্শকেরা সিনেমাটির সংলাপ ও আবেগের সঙ্গে নিজেদের সম্পর্ক খুঁজে পাচ্ছেন বলেও জানান তিনি।
জয়ার অভিনয় নিয়েও প্রশংসা এসেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমে। সংবাদ প্রতিদিন ও দ্য ওয়ালের রিভিউতে মেঘনা চরিত্রে তাঁর সংযত অভিনয়, আবেগের টানাপোড়েন এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দৃশ্যগুলোর রসায়নের প্রশংসা করা হয়েছে। দ্য টেলিগ্রাফও চরিত্রটির ভঙ্গুর মানসিক অবস্থাকে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার জন্য জয়ার অভিনয়ের প্রশংসা করেছে।
প্রেক্ষাগৃহের সাফল্যের পর এখন সিনেমাটি পৌঁছে গেছে ওটিটি দর্শকের কাছে। ফলে বাংলাদেশসহ আরও বিস্তৃত দর্শক ‘আজও অর্ধাঙ্গিণী’ দেখার সুযোগ পাচ্ছেন।
কালের আলো/এসএ


আপনার মতামত লিখুন
Array